আট মাস ধরে বন্ধ সিইউএফএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগ না থাকায় আট মাস ধরে বন্ধ আছে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা (সিইউএফএল)। ফলে ২০১২-১৩ অর্থবছরে কারখানাটির উৎপাদন লক্ষ্যমাত্রার অর্ধেকে নেমে এসেছে। ওই সময়ে দুই লাখ ১০ হাজার মেট্রিকটন লক্ষ্যমাত্রার বিপরীতে সার উৎপাদন হয়েছে মাত্র এক লাখ আট হাজার ৪৫৪ মেট্রিকটন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী গত ১২ আগস্ট সিএফইউএলসহ দেশের পাঁচটি সারকারখানায় গ্যাস-সংযোগ দেওয়ার নির্দেশ দেন। ওই আদেশে কাফকোর নাম না থাকলেও সেখানে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। অথচ সিইউএফএলকে দেওয়া হয়নি। সেই থেকে গ্যাস-সংযোগ দিয়ে কারখানা চালুর দাবিতে সিএফইউএলের শ্রমিক-কর্মচারীরা আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন।
কারখানার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ গত ১৪-১৫ আগস্ট মহাব্যবস্থাপকের কার্যালয় অবরোধ, এক সপ্তাহ পর স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ ১১ সেপ্টেম্বর কারখানার প্রশাসনিক ভবনের সামনে সমাবেশের আয়োজন করে। এতে সাংসদ সাইফুদ্দিন চৌধুরীসহ স্থানীয় শ্রমিক নেতারা অবিলম্বে গ্যাস-সংযোগ দিয়ে কারখানা চালু করার জন্য সরকারের কাছে দাবি জানান।
কারখানা সূত্রে জানা গেছে, দিনে এক হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন কারখানাটি চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাস-সংকটের কারণে বন্ধ রয়েছে। এর আগে ২০১২ সালের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮১ দিন কারখানাটি বন্ধ ছিল। সব মিলিয়ে পুরো ২০১২-১৩ অর্থবছরে কারখানা চালু ছিল মাত্র ১১৯ দিন।
সূত্র জানায়, ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সময়ে নিরবচ্ছিন্ন উৎপাদনে ছিল সিইউএফএল। ৯৭ সাল থেকে এ পর্যন্ত গ্যাস ও যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ ছিল ২২ মাস ছয় দিন। গ্যাস সংকটসহ যান্ত্রিক ত্রুটির কারণে ঘন ঘন বন্ধ থাকায় অচিরেই এটি উৎপাদন ক্ষমতা হারাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কারখানার শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবদুর রহিম বলেন, ‘গ্যাসের অভাবে দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ হয়ে আছে। এটি উৎপাদন ক্ষমতা হারালে দেশ বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। অথচ আমরা কাজ করে খেতে চাই। তাই কারখানায় গ্যাসের দাবিতে বিভিন্ন আন্দোলন-কর্মসূচি পালন করছি।’
কারখানার অতিরিক্ত প্রধান রসায়নবিদ সালেহ আহমদ চৌধুরী জানান, কোনো কারণে উৎপাদন বন্ধ থাকলে কারখানার পাইপলাইন, বয়লার, রিয়েক্টর ও কনভেয়ার বেল্টসহ বিভিন্ন যন্ত্রপাতিতে সমস্যা দেখা দেয়। ফলে সারাক্ষণ মেরামতের কাজ করতে হয়।
কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) আ জ ম আতাউল করিম প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ জানুয়ারি থেকে কারখানা বন্ধ থাকায় আমরা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনি।’
ব্যবস্থাপনা পরিচালক আবু জামাল সরকার শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে। আমি সরকারের উচ্চ পর্যায়ে গ্যাস সরবরাহের জন্য আবেদন জানিয়েছি। তবে এখনো ফল পাচ্ছি না।’