আট মাসে তিনটি ল্যাপটপ ৩০ মুঠোফোনসহ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলোতে নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বিভিন্ন হলে প্রায় সময় ঘটছে চুরির ঘটনা। গত বছরের জুন থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে চুয়েটের চারটি আবাসিক হল থেকে তিনটি ল্যাপটপ, ৩০টি মুঠোফোনসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এ ছাড়া চুরি হয়েছে লক্ষাধিক টাকা। সংশ্লিষ্ট আবাসিক হলের শিক্ষার্থীদের কাছ থেকে এসব চুরির কথা জানা গেছে। চুরির জন্য তাঁরা কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের দায়িত্বে অবহেলাকে দায়ী করেন। জানা যায়, সবচেয়ে বেশি চুরি হয়েছে শহীদ মোহাম্মদ শাহ হলে। এই হল থেকে চুরি হয়েছে একটি ল্যাপটপ ও ১৮টি মুঠোফোন। সর্বশেষ গত শনিবার রাতে এই হলের ৩২৭ নম্বর কক্ষের জানালা দিয়ে তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সিদ্ধার্থ সরকারের মুঠোফোন চুরি হয়। এর দুই সপ্তাহ আগে একই কক্ষ থেকে চুরি হয় মনুয়ারুল ইসলামের মুঠোফোন।খোঁজ নিয়ে জানা যায়, জানুয়ারি মাসে ২১৮, ২১৪ ও ৩২২ নম্বর কক্ষ থেকে তিনটি মুঠোফোন, গত নভেম্বর মাসের বিভিন্ন সময়ে হলের বর্ধিতাংশ থেকে ছয়টি মুঠোফোন এবং অক্টোবর মাসে একটি ল্যাপটপ চুরি হয়। একই হলের ৩১৯ নম্বর কক্ষ থেকে গত বছরের ২৩ জুন পুরকৌশল বিভাগের আবদুল্লাহ আল রাজিবের একটি এবং ১৯ জুন একই সঙ্গে পাঁচটি কক্ষ থেকে পাঁচটি মুঠোফোন চুরির ঘটনা ঘটে। মুঠোফোন কিংবা ল্যাপটপ ছাড়াও অনেকের বিভিন্ন অঙ্কের টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।এ প্রসঙ্গে শহীদ মোহাম্মদ শাহ্ হলের আবাসিক ছাত্র কৃষ্ণপদ রাজবংশী বলেন, ‘এই হলে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটছে। তাই সব সময়ই আতঙ্কের মধ্যে থাকি, কখন কী চুরি হয়!’ হলের প্রাধ্যক্ষ মো. আবদুল ওয়াজেদ প্রথম আলোকে বলেন, ‘আমি এ বিষয়ে জেনেছি। হল পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ এদিকে, নতুন হল (এখনো নামকরণ হয়নি) থেকে গত শনিবার একটি ল্যাপটপ ও একটি মুঠোফোন চুরি হয়। জানা যায়, নতুন হলের বি-৪০৪ নম্বর কক্ষ থেকে পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেনারুল হোসেনের ল্যাপটপ ও এ-৪০১ নম্বর কক্ষ থেকে যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রসেনজিৎ হালদারের ১৩ হাজার টাকা দামের মুঠোফোন চুরি হয়।নতুন হলের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ঘটনার দিন (শুক্রবার) রাত দুইটার দিকে নতুন হলে চোরের উপস্থিতি বুঝতে পেরে আবাসিক হলের কিছু শিক্ষার্থী চোর চোর চিৎকার করে চারদিকে খোঁজ করেন। কিন্তু কাউকে পাওয়া যায়নি। এরপর ওই দিনই সকালে একই হলের কক্ষ থেকে রহস্যজনকভাবে চুরির ঘটনায় বোঝা যায়, নিরাপত্তারক্ষীর অবহেলাই এ জন্য দায়ী।এ প্রসঙ্গে নতুন হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা বলেন, ‘শিক্ষার্থীদের রুম থেকে চুরির ঘটনার তদন্ত করা হবে। প্রয়োজনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে।’এদিকে শহীদ তারেক হুদা হলের বিভিন্ন কক্ষ থেকে চুরি হয়েছে একটি ল্যাপটপ, চারটি মুঠোফোনসহ প্রায় ৭০ হাজার টাকার জিনিসপত্র। হলের সহকারী প্রাধ্যক্ষ রাশিদুল হাসান বলেন, ‘সম্প্রতি এই হলে কোনো চুরির ঘটনা ঘটেনি। যেহেতু গত কয়েক দিনে দুটি হলে চুরি বেড়েছে, তাই আমাদের হলের নিরাপত্তা জোরদার করব।’একই সময়ে ড. কুদরাত-এ-খুদা হল থেকেও সাতটি মুঠোফোন চুরি হয়েছে। এর মধ্যে ৫৫৮ নম্বর কক্ষ থেকে তিনটি, ১৫৩ নম্বর কক্ষ থেকে দুটি এবং ১৫৪ ও ৫৫৭ নম্বর কক্ষ থেকে একটি করে মুঠোফোন চুরি হয়। চুয়েটের নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল হাসান বলেন, ‘চুরির বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাত ১০টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আনসার মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছি।’