চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী চৌমুহনী এলাকা পার হওয়ার সময় পশুর বর্জ্যের দুর্গন্ধে বমি আসার উপক্রম হয়। বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের এ ভোগান্তি নিত্যদিনের। শুধু পাহাড়তলী নয়, সড়কের এ রকম আরও সাতটি স্থান রয়েছে, যেগুলো পার হওয়ার সময় উৎকট দুর্গন্ধে যাত্রীদের প্রাণ ওষ্ঠাগত। আর দূষিত হচ্ছে পরিবেশ।স্থানীয় লোকজন ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোয়জারহাট, পাহাড়তলী চৌমুহনী, পোমরার আজিমনগর ও জিয়ানগর, চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালের সামনে, মরিয়মনগর চৌমুহনী, নোয়াপাড়া পথের হাট ও কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় ময়লা-আবর্জনা ও পশুর বর্জ্য দুর্গন্ধ ছড়ায়। এসব এলাকার মানুষ প্রায় সময় ডায়রিয়া ও আমাশয় রোগে আক্রান্ত হচ্ছে। এ ছাড়া হাঁপানি, জন্ডিস ও যক্ষ্মা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে।পাহাড়তলী বাজারের ব্যবসায়ী হারুনুর রশিদ জানান, পাহাড়তলী চৌমুহনী এলাকায় সড়কের পাশে প্রতিদিন জবাই করা গরু-মহিষের নাড়িভুঁড়িসহ ময়লা আবর্জনা পড়ে থাকে। এসব বর্জ্য পরিষ্কার না করায় দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। চার-পাঁচ বছর ধরে এ অবস্থা চলছে। এ ছাড়া সড়কের নয়া রাস্তার মাথায় স্তূপ করে রাখা মুরগির খামারের আবর্জনার দুর্গন্ধেও এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সেলিম জানান, ইউনিয়নের চৌমুহনী বাজারের পূর্ব পাশে কাপ্তাই সড়ক-সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের জমিতে বাঁশের বেড়া দিয়ে ছয়টি চামড়া ও চারটি মাছের গুদাম নির্মাণ করা হয়েছে। ১০ বছর ধরে এসব গুদামে রাখা মাছ ও চামড়ার পচা দুর্গন্ধ রাতদিন পুরো বাজারে ছড়িয়ে পড়ছে। রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মুছা জানান, রোয়াজার হাটে প্রতিদিন বাজার বসে। এ ছাড়া প্রতি শুক্র ও সোমবার হাটের পর আবর্জনার স্তূপ পড়ে যায়। ঝাড়ুদারেরা সপ্তাহে দুবার দায়সারাভাবে বাজার পরিষ্কার করেন। ফলে কাপ্তাই সড়ক-সংলগ্ন গরু ও তরকারির বাজারের পাশে আবর্জনা থেকে যায়, যেখান থেকে পুরো বাজারে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।কাপ্তাই বাস শ্রমিক ও চালক সমিতির সভাপতি শাহ আলম বলেন, ‘সড়কের আট স্থানে পচা দুর্গন্ধে বাস চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। বাসের দরজা-জানালা বন্ধ করেও রক্ষা পাওয়া যায় না। প্রায় সময় যাত্রীরা গাড়িতে বমি করে।’এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসন কাপ্তাই সড়কের এ দুরবস্থার বিষয়ে নীরব রয়েছে। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।এ প্রসঙ্গে সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপনির্বাহী প্রকৌশলী জুলফিখার হোসেন বলেন, ‘কাপ্তাই সড়কের যেসব স্থানে পশু জবাইখানা, মুরগির খামার, চামড়া ও মাছের গুদাম রয়েছে; সেসবও সড়ক ও জনপথ বিভাগের জমি। কিন্তু প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।’রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, ময়লা-আবর্জনা ফেলে পরিবেশদূষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে একাধিকবার জরিমানা আদায় করা হয়েছে। এর পরও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করছে তারা। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তর দূষণ রোধের উদ্যোগ নিলে পুনরায় অভিযান চালানো হবে।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অজয় চন্দ্র দাশ বলেন, ‘চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান অংশের পাহাড়তলী পশু জবাইখানা ও নোয়াপাড়া পথের হাটে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা সরানোর ব্যবস্থা নেওয়া হবে।’চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক সাইফুল আশরাফ বলেন, ‘কাপ্তাই সড়কের আট স্থানে দুর্গন্ধে পরিবেশদূষণের বিষয়ে আমাদের জানা নেই। এ ব্যাপারে কেউ অভিযোগও করেনি। ফলে কোনো রকম ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এখন যেহেতু জেনেছি, তাই শিগগির ব্যবস্থা নেওয়া হবে।’