আট হাজার আদিবাসীর কষ্টের জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুমচাষের জমি দখল হয়ে যাওয়ায় অভাবে কাটছে দিন। টেকনাফের দুর্গম হরিখোলা গ্রামের দুই চাকমা নারীর চোখে তাই অজানা ভবিষ্যতের শঙ্কা l প্রথম আলো
জুমচাষের জমি দখল হয়ে যাওয়ায় অভাবে কাটছে দিন। টেকনাফের দুর্গম হরিখোলা গ্রামের দুই চাকমা নারীর চোখে তাই অজানা ভবিষ্যতের শঙ্কা l প্রথম আলো

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় বসবাসরত প্রায় আট হাজার চাকমা আদিবাসী মানুষজন অভাব–অনটনে দিন কাটাচ্ছে। চাষাবাদের জমি বেদখল হয়ে যাওয়ায় বন্ধ হতে বসেছে জুমচাষ। পাশাপাশি যোগাযোগব্যবস্থা দুর্গম হওয়ায় উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যও পাচ্ছেন না তাঁরা।
উখিয়া উপজেলার সমুদ্রতীরবর্তী মনখালী, তেলখোলা ও মোছারখোলা গ্রামে বসবাস করে প্রায় পাঁচ হাজার চাকমা। চাষের জমি হারিয়ে এদের অনেকে এখন বেকার জীবন কাটাচ্ছে।
মনখালীর উত্তর চাকমাপাড়ার থোয়াইমং চাকমা (৪০) বন বিভাগের এক একর পাহাড়ি জমিতে জুমচাষ করতেন। এখন জায়গাটি অন্য একজন দখল করে নেওয়ায় বেকার হয়ে পড়েছেন তিনি। তিনি বলেন, ‘রোজগার বন্ধ থাকায় ছয় সদস্যের পরিবার নিয়ে কষ্টে আছি। চার ছেলেমেয়ের মুখে দিনে এক বেলা খাবার দিতে পারছি না। জুমচাষের জমি জনৈক ভিলেজার (অনুমতি নিয়ে বন বিভাগের জায়গায় বসবাসকারী লোকজন) সাত মাস আগে দখল করে নিয়েছে। ফলে এখন দিনমজুরি করে সংসার চালাতে হচ্ছে।’
পালংখালী ইউনিয়নের মোচারখোলা গ্রাম ঘুরে দেখা গেছে, খড়ের ছাউনি, বাঁশ ও গাছের তৈরি ঝুঁকিপূর্ণ কুঁড়েঘরে অসহায় জীবন কাটাচ্ছে কয়েক শ চাকমা পরিবার।
স্থানীয় মাইছাচিং চাকমা বলেন, তাঁরা স্থানীয় সচ্ছল লোকজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে জীবিকা নির্বাহ করছেন। জুমচাষের জমি দখল করে বাঙালিরা ঘরবাড়ি তৈরি করায় চাকমারা বেকার হচ্ছে। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা পাহাড়ের চাকমাপল্লিতেও একই অবস্থা দেখা গেছে। আয় না থাকায় এখানকার মানুষজন অভাবে আছে। বহু নারী–পুরুষ ও শিশু–কিশোর অনাহার–অর্ধাহারে দিন কাটাচ্ছে।
হরিখোলার গৃহবধূ তাইয়া চাকমা (৩৫) বলেন, তাঁর মতো এলাকার বেশ কয়েকজন আদিবাসী নারী অন্যের জমিতে কাজ করে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে মজুরি পেয়েছিলেন ঈদের আগে। ওই টাকায় কোনোমতে সংসার চলছিল এত দিন। এখন কাজ না থাকায় বেকার জীবন কাটাচ্ছেন। তিন সন্তান নিয়ে তাঁকে কষ্টের জীবন পার করতে হচ্ছে।
স্থানীয় কয়েকজন নারীশ্রমিক বলেন, আগে পাহাড়ি জমিতে জুমচাষ ও ফসল উৎপাদন করে সংসার চালানো হতো। এখন জুমচাষের জমি নেই। সব বনভূমি প্রভাবশালীদের দখলে। ফলে এই চাকমাপল্লির আট শ নারীশ্রমিক বেকার হয়ে পড়েছেন। ভিটাবাড়ি ও পরিত্যক্ত জমিতে কিছু নারী শাকসবজি উৎপাদন করলেও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে সেসবের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না।
অভাব–অনটনের পাশাপাশি আছে হাতির উপদ্রব। হাতির আক্রমণে চাকমাপল্লির অনেকেই আহত হচ্ছে। রাতের বেলায় বন্য হাতির দল বসতঘরে হানা দিয়ে গোলার ধান, গাছের কঁাঠাল খেয়ে ফেলছে। নষ্ট করছে বাগান।
স্থানীয় ভিলেজার অমল চাকমা (৪০) বলেন, টেকনাফের বিভিন্ন পাহাড়ে প্রায় তিন হাজার চাকমার বসবাস। ৯৮ শতাংশ চাকমা চাষাবাদের ওপর নির্ভরশীল হলেও এখন অনেকে ভূমিহীন।
স্থানীয় লোকজন বলেন, পাশাপাশি অবস্থিত মোছারখোলা ও তেলখোলা গ্রামের পাঁচ হাজার মানুষের জন্য রয়েছে দুটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে নেই কোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, এলাকার চাকমা সম্প্রদােয়র জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তেলখোলা, মোছারখোলা গ্রামে নানা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হোয়াইক্যং বন রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে চাকমাপল্লির নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন, হাঁসমুরগির খামারসহ বিকল্প আয়ের ব্যবস্থা নিশ্চিত করা না গেলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। তখন সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা কঠিন হবে।