আট হাজার বই গায়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার থেকে প্রায় আট হাজার বই হারিয়ে গেছে। বই গণনায় গঠিত চারটি কমিটি এত বেশি বই খুঁজে না পাওয়ার বিষয়টি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন। ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গত ৪১ বছরে এসব বই হারিয়ে গেছে বলে জানা যায়। হারানো বইয়ের একটি অংশ চট্টগ্রামের পুরোনো বইয়ের দোকানে বিক্রি হয়েছে বলে অভিযোগ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক ছাত্র জানিয়েছেন, বেশ কয়েকবছর আগে নগরের একটি পুরোনো বইয়ের দোকানে তিনি চারুকলা ও ইংরেজি সাহিত্যের বেশ কিছু মূল্যবান বই বিক্রি হতে দেখেছেন। তিনি জানান, এসব বইয়ের ৯৯ নম্বর পৃষ্ঠা কাটা পাওয়া গেছে। ওই পৃষ্ঠায় বিশ্ববিদ্যালয় পাঠাগারের সিল দেওয়া থাকে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক আবুল মনসুর বলেন, ‘গ্রন্থাগার থেকে বই হারিয়ে গেছে মানে বই চুরি হয়েছে। চারুকলাবিষয়ক অনেক দামি বই হারিয়ে গেছে। এ বিষয়সংক্রান্ত বইয়ের তাক অর্ধেকই খালি। এসব বই চুরির সঙ্গে একটি চক্র জড়িত।’ বই চুরি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক এস এম আবু তাহের অসুস্থ থাকায় এ ব্যাপারে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন উপগ্রন্থাগারিক বলেন, হারানো বইয়ের পরিমাণ আন্তর্জাতিক মানদণ্ডে সহনীয়। প্রশাসন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় গ্রন্থাগারের বই গণনার জন্য সর্বপ্রথম কমিটি গঠন করা হয় ১৯৭৬ সালে। তৎকালীন মজুদ মিলিয়ে দেখার (স্টক ভেরিফিকেশন) সময় হারানো বইয়ের পরিমাণ ছিল দুহাজার ৭৭৭টি। দ্বিতীয়বার বই গণনা করা হয় ছয় বছর পর ১৯৮২ সালে। তৎকালীন কমিটি গ্রন্থাগার থেকে এক হাজার ৭২৬টি বই খুঁজে পায়নি। এরপর টানা ১৪ বছর আর গ্রন্থাগারের বই গণনা করা হয়নি। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৎকালীন শিক্ষক (বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য) মো. সালেহউদ্দিনকে প্রধান করে বই গণনার জন্য একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি গ্রন্থাগার থেকে দুহাজার ৩৩৮টি এবং সেমিনার থেকে তিন হাজার ৮১টি বই হারানোর প্রতিবেদন দেয়। এ সময় সেমিনার থেকে হারানো বইয়ের পরিমাণ ছিল মোট বইয়ের ২০ শতাংশ।এদিকে, ১০ বছর পর ২০০৭ সালের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্থসংক্রান্ত কমিটির ২৭৩তম বৈঠকে গ্রন্থাগারের বই গণনার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের বইপত্র ও জার্নাল ইনভেন্ট্রি নামে একটি কমিটি গঠন করা হয়। কমিটি গ্রন্থাগার থেকে ৫৮০টি বই ও ১০টি জার্নাল খুঁজে পাওয়া যায়নি উল্লেখ করে ২০০৮ সালের ১২ জুন প্রতিবেদন জমা দেয়। এ কমিটির প্রধান ও ইতিহাস বিভাগের শিক্ষক ইমরান হোসেন বলেন, সর্বশেষ গণনায় মাত্র পাঁচ শ বই পাওয়া যায়নি। তবে কিছু বই পরে ফেরত দিয়েছেন কয়েকজন শিক্ষক। তিনি আরও বলেন, ‘বই হারানো ও চুরি রোধে ১৬টি সুপারিশ দিয়েছিলাম। জানা মতে এসব সুপারিশ এখনো বাস্তবায়িত হয়নি।’ এ প্রসঙ্গে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। খোঁজ নিয়ে সুপারিশগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, গ্রন্থাগার থেকে বই হারানো কোনোভাবেই কাম্য নয়। এজন্য ইস্যুকারী ব্যক্তিদের সজাগ থাকতে হবে। সর্বশেষ কমিটি বই চুরি ঠেকাতে এবং গ্রন্থাগারকে আধুনিকায়ন করতে ১৬ দফা সুপারিশ দেয়। উল্লেখযোগ্য সুপারিশগুলো হচ্ছে—বই চুরি বন্ধে ক্লোজ সার্কিট (সিসি) টেলিভিশন ক্যামেরা স্থাপন, প্রশিক্ষিত ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া, গ্রন্থাগারকে পূর্ণ স্বয়ংক্রিয়ব্যবস্থার (অটোমেশন) আওতায় আনা, নিরাপত্তা রক্ষায় আনসার নিয়োগ, মাত্র এক কপি আছে এমন বই, সহায়ক এবং দুষ্প্রাপ্য বই গ্রন্থাগারের বাইরে ইস্যু না করা।