
‘আমাদের এলাকায় মাইনী নদীর ওপর কোনো সেতু নেই। নদী পারাপারে গ্রামবাসীর ভরসা বাঁশের সাঁকো। কিন্তু বৃষ্টির দিনে সেই সঁাকো ডুবে যায়। তখন প্রবল স্রোতের মধ্যে ঝুঁকি নিয়ে নৌকা দিয়েই পার হতে হয়। এ সময় একরকম বিন্দজীবন কাটায় আট হাজার মানুষ।’ নিজেদের দুর্ভোগের কথা এভাবেই বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালার কাটারুংছড়া এলাকার সাধন চাকমা।
উপজেলার উদাল বাগান এলাকার মাইনী নদীর পূর্ব পারে কাটারুংছড়া এলাকায় দুই হাজার পরিবারের বাস। এদিক থেকে তিন শতাধিক শিক্ষার্থী নদী পার হয়ে পশ্চিম পারের উদাল বাগাল বাগানে আসে। বর্ষাকালে এসব শিক্ষার্থীর বিদ্যালয়ে যাওয়া হয় না। উদাল বাগান এলাকায় মাইনী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জািনয়ে আসছে এলাকাবাসী বহুদিন ধরে।
উদাল বাগান এলাকায় মাইনী নদীর পাড়ে গিয়ে দেখা যায়, নদীর পশ্চিম পাড়ে ধূতাঙ্গটিলা বনবিহারে যেতে একটিমাত্র নৌকাকেই ব্যবহার করছে শত শত মানুষ। নৌকায় অতিরিক্ত লোক নেওয়া হয়েছে। নদী পার হতে নৌকায় চেপে অনুরুপা চাকমা, সান্ত্বনা চাকমা, কুসুম বালা ত্রিপুরা, কামনাশীষ চাকমা, শোভাধন চাকমা জানান, এই দুর্ভোগ আমাদের নিত্যসঙ্গী। ঝুঁকি জেনেও এভাবেই নদী পার হই। বর্ষাকালে প্রবল স্রোত থাকে। তখন নৌকা চলাচল বন্ধ থাকে। নদীতে যখন বেশি পানি ও প্রবল স্রোত হয়, তখন আমাদের সন্তানেরা উদাল বাগান উচ্চবিদ্যালয়ে আসতে পারে না।’ মাইনীর পশ্চিম পাড়ের তেভাংছড়া এলাকার সুমনা চাকমা, চার নম্বর যৌথ খামার এলাকার ধনিরাম ত্রিপুরা ও কাটারুংছড়া এলাকার সাধনা চাকমা বলেন, ‘আমাদের এলাকায় পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে নদীর পূর্ব পাড়ে উদাল বাগান উচ্চবিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের ভর্তি হতে হয়। এ ছাড়া আমাদের এখানে ধান, শাকসবজি, বিভিন্ন ফলের বাগান এবং একটি রাবার কারখানা রয়েছে। সেতুর অভাবে সেগুলোর বিপণন হয় না। ন্যায্যমূল্য পাই না পরিবহন খরচ বেশি বলে। একটি সেতু হলে আমাদের আট হাজার মানুষের দুর্ভোগ দূর হতো।’
উদাল বাগান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা বলেন, নদীর পশ্চিম পারের তিন শতাধিক শিক্ষার্থী বর্ষাকালে বিদ্যালয়ে আসতে পারে না।
দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা উদাল বাগান এলাকার মাইনী নদীর পশ্চিম পাড়ের মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘একটি সেতু নির্মাণ খুবই প্রয়োজন। কিন্তু উপজেলা পরিষদ থেকে এত ব্যয়বহুল সেতু নির্মাণ করা সম্ভব নয়। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে চিঠির দেওয়া হয়েছে।’