আট হাজার হোটেলশ্রমিকের রোজায় চাকরি থাকে না
ছেলেটির বয়স সে নিজেই জানে না। জিজ্ঞেস করলে বলত, ‘ভাইজান, মনে মনে ধইরা নেন একটা...।’ আনুমানিক ১০ বছরের সেই ছেলেটি হাসিমুখে অভ্যর্থনা জানাত খদ্দেরদের। টেবিল পরিষ্কার থাকলেও আরেকবার মুছে দিত, না চাইতেই এনে দিত পানি। কিছুক্ষণ পর পর এসে বলত, ‘মামা আর কিছু লাগবে?’দিনে বন্ধ থাকলেও ইফতারের পর বেচাকেনা জমে ওঠে আন্দরকিল্লার চৌরঙ্গী হোটেলে। কিন্তু সবার ভাগ্নে হিসেবে পরিচিত সেই ছেলেটি নেই। খোঁজ নিয়ে জানা গেল তাকে ছাঁটাই করা হয়েছে। হোটেলের মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জানা গেছে, রমজানে দিনে বেশির ভাগ হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় আট থেকে ১০ হাজার শ্রমিক ছাঁটাই হয়। ছাঁটাই হওয়াদের মধ্যে আছে গ্লাসবয়, প্লেটবয়, টেবিলবয় ও মেসিয়ার। ক্ষেত্রবিশেষে অভিজ্ঞ কারিগরদেরও ছাঁটাই করা হয়। এ বছর আন্দরকিল্লার চৌরঙ্গী হোটেল থেকে ছয়জন, বড়পুলের জামান হোটেল থেকে আটজন, আলকরণের ক্যাফে জামান থেকে সাতজন, বন্দরটিলার রুবেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে ছয়জন, ওয়াসা মোড়ের তাওয়াক্কুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে চারজন, ষোলশহর দুই নম্বর গেট এলাকার জান্নাত হোটেল থেকে তিনজন, বহদ্দারহাটের মোহাম্মদীয়া হোটেল থেকে দুজন ছাঁটাই হয়েছেন বলে জানান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের নেতারা। হোটেলে অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা জানিয়েছেন, নগরে দুই হাজার হোটেল-রেস্টুরেন্ট কর্মরত আছেন অন্তত ৬৫ হাজার শ্রমিক। মিষ্টির দোকান ও বেকারি আছে প্রায় ২০০। এতে কাজ করেন ১০ হাজারের বেশি শ্রমিক। তিন শতাধিক ফাস্টফুড ও কুলিংকর্নারে কাজ করেন আরও পাঁচ হাজার শ্রমিক। সব মিলিয়ে এ খাতে কর্মরত শ্রমিকের সংখ্যা ৮০ হাজার বলে অনুমান করা হয়।ইউনিয়ন সূত্র জানায়, গত বছর নগরের হোটল-রেস্টুরেন্ট ফাস্টফুড দোকানের ৪৫ শতাংশ শ্রমিক ছাঁটাই হয়েছিল। এবার হয়েছে আনুমানিক ১০ শতাংশ। ইউনিয়নের নানা তত্পরতার কারণে এবার ছাঁটাই কম হয়েছে বলে নেতারা দাবি করেন। শ্রমিকেরা জানান, ‘ছাঁটাই করার সময় তাঁদের ন্যূনতম বেতন-ভাতা দেওয়া হয়নি। কোনো কোনো হোটেল মালিক এক সপ্তাহ বা ১০ দিনের মজুরি দিয়েছে। পুরো মাসের বেতন কেউ পান না, উত্সব ভাতা (বোনাস) তো দূরের কথা। শ্রমিকদের দাবি, রমজানে দিনে হোটেল বন্ধ থাকলেও কাজ কমে না বরং বেড়ে যায়। হোটেলে সারা দিনে যা বিক্রি হয় না ইফতারি বিক্রি হয় তারও বেশি। এ ছাড়া সেহিরর আগে পর্যন্ত খোলা থাকে, এ সময় শ্রমিকের প্রয়োজন হয়। তাই কর্তৃপক্ষ চাইলে ছাঁটাই না করে হালিম, জিলাপি, ফিরনি তৈরির কাজে তাঁদের নিয়োজিত করতে পারেন। সরেজমিন ঘুরে দেখা গেছে, রমজানে আদালত এলাকার ব্রিজ হোটেল, হোটেল ক্রাউন, মুরাদপুরের গুলজার হোটেল, হোটেল চম্পাকলি ও বহদ্দারহাটের চিশতিয়া হোটেল পুরো মাস বন্ধ থাকে। এর মধ্যে শুধু ব্রিজ হোটেলের শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়েছে বলে জানা গেছে। হোটেলশ্রমিকদের ছাঁটাই প্রসঙ্গে জামালখান সিকদার হোটেলের মালিক আবদুল মানিক বলেন, ‘রমজানে হোটেলে বিক্রি কম থাকে, তাই লোকসান কমাতে এক মাসের জন্য শ্রমিক ছাঁটাই করা হয়। রোজার পর আবার কাজে যোগ দেন শ্রমিকেরা। এ সময় তাঁদের যতটুকু পারি সাহায্য করি।’ হোটেল সিটি হার্ট রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসের শ্রমিক আবদুল মান্নান ও মো. নাছির উদ্দিন জানান, ‘১১ মাস কাজ করি অথচ রমজানে কাজ থাকে না আমাদের। এ কারণে ঈদের আনন্দ কী তা আমরা জানি না। বউয়ের জন্য একটা শাড়িও কিনতে পারি না।’মুরাদপুরের একটি হোটেলে কাজ করত ১০ বছর বয়সী আরমান। সে জানায়, গত দুই বছর ধরে রমজানে ছাঁটাই করা হয়েছে তাঁকে। এক মাস কিছুই করতে পারে না। তাই বাড়ি যাওয়া হয় না। ঘরে মা-বোন আছে। বোনটা ফ্রক নিতে বলেছে। কিন্তু আমি টাকা পাব কই?’হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা মীর্জা আবুল বশর জানান, ‘১১ মাস যে শ্রমিক শ্রম দিলেন রমজানে তাঁকে ছাঁটাই করতে মালিক একবারও চিন্তা করেন না। আইনে আছে, একজন শ্রমিক বছরে ১২০ দিন ছুটি কাটাতে পারবেন। কিন্তু অসুস্থ হলেও ছুটি পান না তাঁরা।’চৌরঙ্গী হোটেল থেকে ছাঁটাই হওয়া মো. সরওয়ার কামাল বলেন, ‘মালিক রোজা শুরুর এক দিন আগে আমাকে চলে যেতে বলেন। আমি বকেয়া বেতন চাইলে চার-পাঁচজন পুলিশ নিয়ে আসেন। মালিক আমার জামা-কাপড় পর্যন্ত রেখে দেন।’সিরাজুদ্দৌলা সড়কের রাজধানী হোটেলের শ্রমিক মো. শাহ আলীম বলেন, ‘অনমনীয়তার কারণে মালিক আমাকে ছাঁটাই করতে পারেননি কিন্তু অন্যদের ছাঁটাই করেছেন ঠিকই। তাঁরা কোনো প্রতিবাদ করতে পারেননি।’বন্দরটিলা ফকিরহাটের এন আলম হোটেলে সাত বছর ধরে কাজ করছিলেন শাহ আলম। তিনি বলেন, ‘‘রমজানের কয়েক দিন আগে মালিককে হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের চিঠি পৌঁছে দিই। চিঠিতে ফেডারেশনের পক্ষে রমজানে শ্রমিক ছাঁটাই না করা ও ঈদে শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমতো দেওয়ার অনুরোধ ছিল। মালিক সারা দিন আমাকে কিছু বলেননি, কিন্তু রাত সাড়ে ১২টায় আমাকে ফোন করে বলেন, ‘কাল থেকে তুই আর চাকরিতে আসবি না। তোর কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। পরদিন চাকরিতে গেলে মালিক আমাকে মেরে হোটেল থেকে বের করে দেন।”