আটকে গেছে শ্রমিকদের অবসরকালীন আর্থিক সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই লাম্বার প্রসেসিংকেন্দ্রের শ্রমিক আলী হোসেন চাকরির পূর্ণ মেয়াদ (৬০ বছর) শেষ করে অবসরে গেছেন। অথচ পাননি অবসরকালীন আর্থিক সুবিধা। প্রাপ্য টাকা আটকে আছে মামলার জটিলতার কারণে। মামলার এই জটিলতা নিরসন হবে কি না কিংবা টাকা না পেলে কী করে চলবেন এমন দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁর।কেবল আলী হোসেন নন কাপ্তাই বনশিল্প গবেষণা সংস্থা ও এর সহযোগী প্রতিষ্ঠান লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের (এলপিসি) অবসরে যাওয়া শ্রমিকদের কেউই তাঁদের প্রাপ্য টাকা পাননি। সম্প্রতি অবসরে যাওয়া প্রায় ১৮ জন শ্রমিক আর্থিক সুবিধা পাননি বলে জানা গেছে।লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের (এলপিসি) অবসরে যাওয়া শ্রমিক আশুতোষ বড়ুয়া, আব্দুস ছালাম, মহিউদ্দিন ও আবুল কাশেম বলেন, ‘আমরা অবসরে গিয়েছি বেশ কিছুকাল হলো। কিন্তু অবসরকালীন আর্থিক সুবিধা না পাওয়ায় সীমাহীন কষ্ট ভোগ করছি।’ সংস্থার অপর কয়েকজন শ্রমিক মো. হানিফ, আবু ইউসুফ, আবুল ওহাব, আলী হোসেন, আব্দুস ছাত্তার, গোলাম হোসেন এবং মোশাররফ হোসেনও একই অভিযোগ করেন।এলপিসির সিবিএ সভাপতি অরুণ কুমার চাকমা ও সাধারণ সম্পাদক খালেকুন নুর শিকদার জানান, ২০০১ সালে চারদলীয় জোট সরকার শ্রমিকদের অবসরে যাওয়ার সীমা ৬০ বছর থেকে কমিয়ে ৫৭ বছর করেছিলেন। সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বনশিল্প উন্নয়ন করপোরেশনের অনেক শ্রমিক মামলা করেন। আদালত তাঁদের ৬০ বছর পর্যন্ত চাকরির আবেদন মঞ্জুর করেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শ্রমিকদের বয়সসীমা আবারও ৬০ বছর করেন। কিন্তু সরকারি গেজেট প্রকাশের পর বনশিল্প উন্নয়ন করপোরেশনের তৎকালীন চেয়ারম্যান ওই বিষয়ে উচ্চ আদালতে আপিল করেন। বিষয়টি আবারও আদালতে গড়ানোর পর অবসরে যাওয়া শ্রমিকদের অবসরকালীন আর্থিক সুবিধা দেওয়া বন্ধ হয়ে যায়। কয়েকজন ভুক্তভোগী শ্রমিক জানান, কর্ণফুলী কাগজকলের শ্রমিকেরাও গেজেট অনুযায়ী অবসরে যাওয়ার পর তাঁদের প্রাপ্য টাকা বুঝে নিচ্ছেন। কিন্তু আমাদের বেলায় অবিচার করা হচ্ছে। শ্রমিক আমিনুল হক, আবু বাতেন, মো. মোস্তফা ও আবদুল আউয়াল বলেন, করপোরেশনে ইতিমধ্যে নয়া চেয়ারম্যান যোগ দিয়েছেন। তিনি যদি আপিল প্রত্যাহার করেন তাহলে আমরা এই জটিলতা থেকে মুক্তি পেতে পারি।এ বিষয়ে জানতে চাইলে বনশিল্প উন্নয়ন করপোরেশন লাম্বার প্রসেসিং কমপ্লেক্সের ব্যবস্থাপক মো. মোস্তাক আহমদ শ্রমিকদের ওই সমস্যার কথা স্বীকার করেন। তবে বিষয়টি আদালতে বিবেচনাধীন থাকায় সমাধান করা যাচ্ছে না বলে তিনি জানান। তিনি বলেন,‘ ত্রিপক্ষীয় বৈঠকে বসে আলোচনা করে এর সুরাহা করা যেতে পারে।’ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া এ বিষয়ে বলেন, ‘আমি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানার আগে মন্তব্য করা যাবে না। তবে কোনো শ্রমিক অহেতুক আইনি জটিলতায় পড়ে ক্ষতিগ্রস্ত হোক এটাও আমরা চাই না। আপিলের বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।’