আটচল্লিশ ঘণ্টা সূর্য ডুবল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আটচল্লিশ ঘণ্টায় একবারও সূর্য না ডুবলে কি কারও মাথা ঠিক থাকে’—একটা ছোট বরফের ঢিবির চারপাশে চক্কর দিতে দিতে কথাটা বলল রিচার্ড ডোনোভান। রিচার্ড আমাদের মেরু-ম্যারাথনের প্রধান আয়োজক। তার মাথা ঠিক না থাকলে তো আমরা শেষ। তবে ভরসা এই যে তার মাথা বিগড়ে দেওয়ার মতো কিছু ঘটেনি এবার। আমরা সবাই মেরু-ম্যারাথন শেষ করেছি অক্ষত দেহে। উত্তর মেরু থেকে হেলিকপ্টারে চড়ে বেস-ক্যাম্পে এসে সবাই এখন উষ্ণ তাঁবুতে বসে আছি। কিছু ব্যথার বড়ি ছাড়া চিকিত্সকের কাছে কেউ আর কোনো সেবা চায়নি। এমন কি আমিও না। সবাই মুখে হাসি ফুটিয়ে ক্লান্ত দেহে অপেক্ষা করছি, কখন ক্যাপ্টেন ইউরা এসে বলবে, ‘বিমান রেডি’।উত্তর মহাসাগরে ভেসে থাকা বরফের ওপরে যাত্রী নিয়ে আসার মতো দুঃসাহসের কাজ করে একমাত্র এই ক্রেজি ক্যাপ্টেন ইউরা আর তার রাশিয়ান ক্রু। নরওয়ের সর্ব-উত্তরের দ্বীপপুঞ্জ সভালবার্ড থেকে এখানে আসতে তাদের সময় লাগে তিন ঘণ্টা, যাত্রী নিতে পারে ২৬ জন। উত্তর মেরু ম্যারাথনে এবার যোগ দিয়েছে ৪২ জন প্রতিযোগী। দুই দফায় তাদের আনতে সময় লেগেছে ১৪ ঘণ্টা। ওই ১৪ ঘণ্টা তাদের একটাই প্রার্থনা ছিল, আবহাওয়া যেন বিগড়ে না যায়।এখন ধু-ধু বরফের প্রান্তরে শূন্যের নিচে ৪০ ডিগ্রিতে জবুথবু গ্রাইন্ড ক্রু বিমানের ইঞ্জিনে নানা পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আমার ক্যামকর্ডার আর ক্যামেরা ব্যবহার করতে গিয়ে গত দুই সপ্তাহে হাড়ে হাড়ে বুঝেছি এ ভয়াবহ ঠান্ডায় কোনো যন্ত্র সচল রাখা কী কঠিন কাজ। মেরুর বরফ-টুপির ওপর থেকে কোনো যন্ত্র আকাশে ওড়ানো যে কী দুঃসাধ্য কাজ, তা এখন অনুমান করতে পারি। এ কাজ শেষ না হওয়া পর্যন্ত রিচার্ডের কি কোনো স্বস্তি আছে! নিশ্চল বিমানের পাশে তাই সে গোমরামুখে পায়চারি করছে। চটুল ইউরা তর্জনী মাথায় ঠেকিয়ে স্ক্রুর মতো প্যাঁচ দিয়ে আমাদের বুঝিয়ে দিল রিচার্ডের মাথা খারাপ হয়ে গেছে। ইউরার এ রসিকতা গায়ে না মেখে রিচার্ড তার মাথা খারাপের দায়টা সূর্যের ঘাড়ে চাপিয়ে দিল।গ্রীষ্মে উত্তর মেরুতে সূর্যাস্ত নেই। আমরা মেরুতে আছি প্রায় ৫০ ঘণ্টা। এর মধ্যে সূর্য কখনো অস্ত যায়নি। সূর্য দিগন্ত থেকে প্রায় ১০ ডিগ্রি ওপরে বসে আছে সারাক্ষণ, ২৪ ঘণ্টায় একবার করে আকাশটা ঘুরে আসছে। অ্যান্টার্কটিকায় ১৫ দিনের লম্বা সফরেও আকাশে সূর্যের এ অবিচল অবস্থান দেখিনি আমি। সূর্যের এ ছন্নছাড়া আচরণ মেনে নিতে রিচার্ড ডোনোভানের মতো ইউরোপবাসীরই যদি অসুবিধা হয় তাহলে বিষুবীয় এলাকা থেকে আসা আমার মতো মানুষের অবস্থাটা একটু ভেবে দেখুন।