আটটি ফায়ার স্টেশনে দুটি মাত্র অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের আটটি ফায়ার স্টেশনের জন্য বরাদ্দ মাত্র দুটি অ্যাম্বুলেন্স। স্বাধীনতার পর থেকে দিন দিন নগরের জনসংখ্যা বাড়লেও ফায়ার স্টেশনগুলোর জন্য অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো হয়নি। এ কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। স্বাধীনতার ৪০ বছরেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের দৈন্যদশা সম্পর্কে ভুক্তভোগীরা তাই বলেন, সাধারণ মানুষের কাছে অ্যাম্বুলেন্স এখন সোনার হরিণ হয়ে গেছে। নগরের চৌমুহনী এলাকার বাসিন্দা আলী আশরাফ চৌধুরী বলেন, ‘১৯৭৭-৭৮ সালের কথা। আমার মনে আছে, অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার জন্য ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিলাম। মিনিট দশেকের মধ্যে গাড়ি এসে হাজির হয়ে যায় বাসার সামনে। গাড়িতে ফায়ার সার্ভিসের লোকজনই বাবাকে নিয়ে ওঠালেন। আমাদের কোনো বেগ পেতে হয়নি। পরে নির্ধারিত ভাড়া নিয়ে তাঁরা বিদায় নেন। কিন্তু এখন এসব গাড়ি পাওয়া যায় না সব সময়।’ষোলশহরের বদিউজ্জামান বলেন, ‘এখন অ্যাম্বুলেন্স মানে কোনো রকম একটি যান। এর ভেতর রোগীর জন্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম তেমন থাকে না বললেই চলে। তার ওপর গাড়ি জোগাড় করাও তো মহা ঝক্কির ব্যাপার। ভাড়া নিয়ে খিটিরমিটির লাগবেই। কিন্তু ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এসব ঝামেলায় পড়তে হয়নি। কিন্তু এসব অ্যাম্বুলেন্সের তো কোনো দেখাই পাই না।’উল্লেখ্য, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড), বন্দর, আগ্রাবাদ, বায়েজীদ, চন্দনপুরা, নন্দনকানন, কালুরঘাট ও লামাবাজারে বর্তমানে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্বাধীনতার পর নগরের আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিস স্টেশনে দুটি অ্যাম্বুলেন্স দিয়ে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হয়। এগুলো দিয়ে প্রসূতি এবং অন্যান্য রোগী পরিবহন করা হতো। তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য এই পরিবহন-ব্যবস্থায় আস্থা ছিল অনেকেরই। কিন্তু পরবর্তীকালে জনগণের চাহিদার কথা বিবেচনা করে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি।খোঁজ নিয়ে জানা যায়, আগ্রাবাদে ফায়ার স্টেশনের দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি পুরোনো ও একটি নতুন। পুরোনো অ্যাম্বুলেন্সটি প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিকল হয়ে পড়ে যখন তখন।বর্তমান চাহিদা মেটাতে আটটি ফায়ার স্টেশনের প্রতিটির জন্য কমপক্ষে একটি করে অ্যাম্বুলেন্স থাকা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে একমত পোষণ করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বর্তমান চাহিদা পূরণে অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি সহসাই এর একটা সুফল পাওয়া যাবে।’ ফায়ার সার্ভিস সূত্র মতে, একটি অ্যাম্বুলেন্সের ভাড়া আট কিলোমিটার পর্যন্ত ১০০ টাকা। এরপর প্রতিকিলোমিটারের জন্য নয় টাকা করে ভাড়া নেওয়া হয়। একটি অ্যাম্বুলেন্সে মোট চারজন লোক থাকেন। এঁরা হচ্ছেন—একজন চালক, একজন লিডার (সহযোগী) ও দুইজন সেবক (নার্সিং অ্যাটেনডেন্ট)। এ ছাড়া অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ একটি গ্যাস সিলিন্ডার রাখা হয়।