
সিটি করপোরেশন নির্বাচনে নারীদের সংরক্ষিত কাউন্সিলরের ১৪টি ওয়ার্ডের মধ্যে আটটিতেই এবার নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচিতদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের সমর্থক, দুজন বিএনপি, একজন জামায়াতে ইসলামী ও একজন স্বতন্ত্র প্রার্থী।

গতবারের কাউন্সিলরদের হারিয়ে এবার যাঁরা নতুন বিজয়ী হয়েছেন তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত সৈয়দা কাশফিয়া নাহরিন, ৩ নম্বরে আওয়ামী লীগ-সমর্থিত জেসমিন পারভিন, ৪ নম্বরে আওয়ামী লীগ-সমর্থিত আবিদা আজাদ, ৬ নম্বরে জামায়াত-সমর্থিত ফারজানা পারভীন, ৮ নম্বরে আওয়ামী লীগ-সমর্থিত নীলু নাগ, ৯ নম্বরে স্বতন্ত্র প্রার্থী ফারহানা জাবেদ, ১০ নম্বরে বিএনপি-সমর্থিত প্রার্থী জেসমিনা খানম ও ১১ নম্বরে আওয়ামী লীগের ফেরদৌসি আকবর।

গতবারের কাউন্সিলরদের মধ্যে এবারও বিজয়ী হয়েছেন ২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত জোবাইরা নার্গিস খান, ৫ নম্বরে বিএনপি-সমর্থিত মনোয়ারা বেগম, ৭ নম্বরে ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত আনজুমান আরা বেগম, ১২ নম্বরে আওয়ামী লীগ-সমর্থিত আফরোজা জহুর, ১৩ নম্বরে আওয়ামী লীগ -সমর্থিত লুৎফুন্নেছা দোভাষ ও ১৪ নম্বর ওয়ার্ডে শাহানূর বেগম।
গতবারের কাউন্সিলরদের ব্যর্থতার কারণে নির্বাচনে জিতেছেন বলে মনে করছেন এবারের নতুন কাউন্সিলররা। আর হেরে যাওয়া প্রার্থীদের প্রায় সবাই অনিয়মের অভিযোগ তুলেছেন।
সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে নতুন মুখ ফারহানা জাবেদের কাছে হেরে গেছেন টানা তিনবারের কাউন্সিলর রেহানা বেগম। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর ভোটে আমি হারিনি। আমি হেরেছি অর্থ ও অনিয়মের কাছে। কীভাবে ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে প্রতিপক্ষের লোকজন ব্যালটে সিল মেরেছে, তার প্রমাণ গণমাধ্যমের কাছেও আছে।’

তবে এ অভিযোগকে মিথ্যা বলেছেন নব নির্বাচিত কাউন্সিলর ফারহানা জাবেদ। তিনি বলেন, ‘গতবারের কাউন্সিলর এলাকার জন্য কিছুই করেননি। আমি নির্বাচিত না হয়েও এলাকাবাসীর পাশে ছিলাম। তাই তাঁরা মন থেকে আমাকে চেয়েছিলেন। আমি কোনো রাজনৈতিক দলের নই। জনগণের প্রার্থী হিসেবেই নির্বাচনে দাঁড়িয়েছিলাম।’

প্রথমবারের মতো বিএনপির সমর্থন পেয়ে ১০ নম্বর ওয়ার্ডে বিজয়ী হয়েছেন জেসমিনা খানম। তিনি হারিয়েছেন পরপর দুই মেয়াদে কাউন্সিলর থাকা ফেরদৌস আরা তাহেরকে। বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়া জেসমিনা খানম প্রথম আলোকে বলেন, ‘নারী হিসেবে আমি এলাকার অবহেলিত নারীদের উন্নয়নেই বেশি কাজ করব। এ ছাড়া হেরে যাওয়া প্রার্থীর সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে আমার।’
গতবারের কাউন্সিলরদের মধ্যে এবারও বিজয়ী হয়েছে আনজুমান আরা বেগম। সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে তিনিসহ মোট প্রার্থী ছিলেন ছয়জন। এঁদের মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের সমর্থক। তারপরও টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে উচ্ছ্বসিত আনজুমান আরা বেগম। এ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার ওয়ার্ডে দল সমর্থিত একাধিক প্রার্থী ছিল। তার পরও নিজের জয়ের ব্যাপারে শতভাগ আস্থা ছিল। গত ১০ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি। তার প্রতিদানও ভোটাররা আমাকে দিয়েছেন।’