পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিক বয়সে সবচেয়ে নবীন। ভূতাত্ত্বিকেরা ধারণা করেন, এর গঠন শরু হয় জুরাসিক আমলে। মহাসাগরটির আয়তন প্রায় ১০৬ দশমিক ৪ মিলিয়ন বর্গকিলোমিটার। এটি পৃথিবীর এক-পঞ্চমাংশ এলাকাজুড়ে অবস্থিত। প্রথম যে মহাসাগর জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়, সেটি আটলান্টিক। পুয়ের্তোরিকো ট্রেঞ্চ আটলান্টিকের গভীরতম এলাকা। এর গভীরতা প্রায় সাড়ে আট হাজার মিটার। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। মেক্সিকোর ইউকাটান উপকূলের অদূরবর্তী ক্যানকান রিফ আটলান্টিকের সবচেয়ে বড় এবং গ্রেট ব্যারিয়ার রিফের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবালপ্রাচীর। আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম টেলিগ্রাফের তার বসানো হয় ১৮৬৬ সালে। এ কাজে সাহায্য নেওয়া হয়েছিল ওই সময়ের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট ইস্টার্নের। রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরেই অবস্থিত। প্রায়ই এই এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার জনশ্রুতি রয়েছে। যদিও উপকূলরক্ষীদের সংগৃহীত তথ্য এ বিশ্বাসকে সমর্থন করে না। ১৯১৯ সালে জন এলকক ও আর্থার ব্রাউন প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আটলান্টিক অতিক্রম করেন। এতে তাঁদের সময় লেগেছিল প্রায় সাড়ে ১৬ ঘণ্টা। ১৯১২ সালে বিখ্যাত জাহাজ টাইটানিক আটলান্টিকেই ডুবেছিল। এ ছাড়া ট্রাফালগার যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়।ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম