আড্ডা, গল্প, খেলাধুলায় জমে ওঠে বাণিজ্য কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান
আড্ডা, গল্প আর নানান খেলাধুলায় ১৩ ফেব্রুয়ারি সরকারি বাণিজ্য ( কমার্স) কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয় নগরের একটি কমিউনিটি সেন্টারে। ৬৫ সালের ব্যাচের আবু তাহের খান আনমনা হয়ে পড়েন পুরোনো দিনের কথা ভেবে। কেমন লাগছে জানতে চাইলে ‘বেশ ভালো’ বলে জানালেন অনুভূতি। আড্ডাস্থলের দুপাশে দেখা গেল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দোকানের নাম। ফুইট্টা ভুট্টা, ধুয়া পিঠা আর পিঁয়াজু বাইয়ুনির দোকানে ছিল লম্বা লাইন। সব দোকানেই ছিল মক্ত/বিনামূল্যে খাবার ব্যবস্থা। খিরা-গাজরের দোকানে ভিড় ছিল না বলে দোকানিরাই এসে দিয়ে যাচ্ছিলেন খিরা-গাজর। প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের জন্য ছিল বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন। চিত্রাঙ্কন, হাতের লেখা আর স্মৃতিশক্তি বিভাগের প্রতিযোগীরাও ছিল নানা গল্পে মশগুল। হাসতে হাসতে এক প্রাক্তন ছাত্রের সহধর্মিণী শামীমা বললেন, ‘আমি কেন পড়িনি এটার জন্য মন খারাপ লাগছে।’ সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন কার্তিক মজুমদার ও শ্রেয়সী রায়। ‘দিনগুলো মোর সোনার’ এবং ‘পুরোনো সেই দিনের কথা’ শুনে আবেগাপ্লুত হন অনেকেই। এ ছাড়া মঞ্চে স্মৃতিচারণ এবং পরিচিতি পর্বে অংশ নেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় স্মরণিকা বিতরণের পর শুরু হয় মূল আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সরকারি কমার্স কলেজের ছাত্রদের সৃজনশীলতার প্রশংসা করেন। এ ছাড়াও বক্তব্য দেন উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মোছলেম উদ্দিন আহমদ, সম্পাদক আবুল হাশেম, সালাউদ্দিন জঙ্গী চৌধুরী, ফারুক আহমদ, আবদুল মতিন, কামাল উদ্দিন, যুদিস্তা আখতার প্রমুখ। রাতে সংগীত পরিবেশন করেন রবি চৌধুরী, আঁখি আলমগীর ও হৈমন্তী রক্ষিত মান।