আড্ডা, গান আর স্মৃতি রোমন্থন করে কাটল দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর পর বিদ্যালয় জীবনের দিনগুলোতে ফিরে গেলেন সাবেক শিক্ষার্থীরা। শিক্ষকের কড়াকড়ি শাসন, মজার মজার ঘটনা, ছাত্রাবাসে দুষ্টুমির কথা স্মরণ করতে ভোলেননি কেউ। দিন ভর এমন আলোচনা, আড্ডা ও গানে ঘুরে ফিরে এসেছে সেসব সুখকর স্মৃতি।ঈদ পুনর্মিলনী উপলক্ষে সন্দ্বীপের রহমতপুর উচ্চবিদ্যালয়ের ২০০৫ ব্যাচের শিক্ষার্থীরা এভাবে মেতে উঠেছিলেন। গত বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণ ওই ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এতে অংশ নেয় বর্তমান শিক্ষার্থীরাও। সকালে স্মৃতিচারণা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজহারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী এনামুল হক। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, নুরুল আলম, ফোরকান উদ্দিন, মোহাম্মদ নোমান, মো. জাফর উল্লাহ প্রমুখ। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও আলোচনায় পুরোনো দিনগুলোর কথা তুলে এনেছেন। সাবেক শিক্ষার্থী আমজাদ হোসেন স্মৃতিচারণ করে বলেন, ‘নোমান স্যারকে কঠোর মনে হলেও পরে বুঝতে পেরেছি স্যারের হূদয় খুবই কোমল। পরেশ স্যারের কঠোর শাসনে এক ভুল দ্বিতীয় বার হয়নি।’ শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য দেন মহিউদ্দিন সজীব, আমজাদ হোসেন, সাহেদ, আরিফ ও মামুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্র মোক্তাদের মাওলা ফয়সাল ও রুবেল।পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা দ্বীপালোর মোড়ক উন্মোচন করা হয়। শিক্ষকদের সম্মাননা জানাতে ভোলেননি সাবেক শিক্ষার্থীরাও। শিক্ষকদের হাতে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান তাঁরা।আলোচনা শেষে শুরু হয় সাবেক শিক্ষার্থীদের আড্ডা। এরপর গান। নেচে-গেয়ে শিক্ষার্থীরা যেন বিদ্যালয় জীবনের দিনগুলোতে ফিরে গেলেন।