‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ক্লোজআপ ওয়ান তারকা নিশীতার গানের সঙ্গে সঙ্গে নেচে উঠল পুরো ইউএসটিসি ক্যাম্পাস। যে চিকিৎসকেরা সারা দিন ব্যস্ত থাকেন রোগী নিয়ে, তাঁরা আজ মেতে উঠলেন উৎসবের আনন্দে।ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) মেডিসিন ফ্যাকাল্টির প্রাক্তন শিক্ষার্থীদের দুই দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। প্রথম দিনের অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ঢাক-ঢোল আর বাঁশির সুরে মুখরিত এ শোভাযাত্রার মাধ্যমে নগরবাসী ইউএসটিসিকে চিনে নিল অন্য রূপে। শোভাযাত্রা শেষে দিনভর ইউএসটিসির প্রাঙ্গণজুড়ে সাবেক শিক্ষার্থীরা আড্ডায় মেতে ওঠেন। পুরো ইউএসটিসির যেদিকেই যাই না কেন সেদিকেই দেখা যায় জটলা। হাসি-ঠাট্টা আর কথার ফুলঝুরি। পুরোনো বন্ধুদের কাছে পেতে ছুটে আসেন অনেকে। পেশাগত কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করা ডা. জিয়াউল হাসান বলেন, ‘পাস করে চলে যাওয়ার পর অনেক দিন বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই। তাই ছুটে এলাম। অনেককে কাছে পেলাম। বেশ ভালো লাগছে।’ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমীন। পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক ডা. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভার বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির উপউপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম ইছহাক চৌধুরী, দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. শেখ মো. শফিউল আজম ও সাধারণ সম্পাদক ডা. মো. নাসির উদ্দীন মাহমুদ। আলোচনা সভা শেষে ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া ও স্থানীয় শিল্পী মোহাম্মদ রাইয়ানের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিশিতা বড়ুয়া গেয়ে শোনান ‘ওরে সাম্পানওয়ালা’, ‘দোলা দে রে মনটা’, ‘বন্ধু তোমায় মনে পড়ে’, ‘রূপবান নাচে কোমর দুলাইয়াসহ’ কয়েকটি গান। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের অনুষ্ঠানমালা। ‘এসো বন্ধুত্বের শেকড়ে, আনন্দ ও উচ্ছ্বাসে’ স্লোগানে শুরু হওয়া দুদিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয় নগরের ফয়’সলেকে। সকাল থেকেই সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে ফয়’সলেক প্রাঙ্গণ। এই মিলনমেলায় এসে উচ্ছ্বসিত ১৪তম ব্যাচের ডা. সায়মা আল হক। তিনি বলেন, ‘মেডিকেল পড়াকালীন অনেক শিক্ষকের স্নেহ পেয়েছি। এতদিন পর আবার তাঁদের দেখতে পাচ্ছি। তাঁরাও আমাকে মনে রেখেছেন। এই ভালো লাগা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না।’ সন্ধ্যায় বসে গানের আসর। গানে গানে সবাইকে মাতিয়ে রাখেন কুমার বিশ্বজিৎ। তিনি ‘এক তারা বাজাইয়োনা’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘তোরে পুতুলের মতো করে’, ‘আমি নির্বাসনে যাব না’, ‘তুমি রোজ বিকেলে’, ‘তুমি যদি বলোসহ’ ১২টি গান পরিবেশন করেন। গানের ফাঁকে অনুষ্ঠিত হয় র্যাফল ড্র। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. সত্যজিৎ রায় ও ডা. ফাহমিদা মিলি। অবশেষে ডা. সুলতান মাহমুদ, ডা. আরিফ বাচ্চু এবং ডা. আরিফুল আমীনের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে ভাঙে মিলনমেলা।