পড়াশোনা তিনি খুব একটা বেশি করেন না। তবে যতটুকু করেন, খুব মনোযোগসহকারে আর প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে করেন। দিনের বেশির ভাগ সময়ই ব্যয় হয় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে, ক্রিকেট খেলে, পত্রিকা পড়ে, কম্পিউটারে গেমস খেলে আর গান শুনে। এর পরও পরীক্ষায় বিভাগের সব শিক্ষার্থীর মধ্যে ফলাফল তাঁর সবচেয়ে ভালো। পরপর তিনটি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে গড়ে তাঁর ফলাফল দাঁড়িয়েছে জিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৯। গভীর রাত পর্যন্ত কম্পিউটারে গেমস খেলে আর গান শুনে দেরিতে ঘুম থেকে ওঠা এ ছাত্রটির নাম মাসুদ-উল-হাসান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র তিনি। বরাবরের মতো এবারও প্রথম হয়েছেন। থাকেন বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলে। আর স্থায়ী নিবাস রংপুর জেলার সদর উপজেলায়।ঘুম থেকে দেরি করে ওঠার কারণে বেশির ভাগ সময়ই হলের ডাইনিং কিংবা ক্যান্টিনে সকালের নাশতা না পাওয়া মাসুদ শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়েই নয়, এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও অসাধারণ ফলাফলের অধিকারী। তিনি সবার চেয়ে বেশি গ্রেড নম্বর পেয়েছিলেন। তখনো তাঁর জীবনধারা প্রায় এখনকার মতোই ছিল। ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুবান্ধবের কাছে ‘অসাধারণ মেধাবী’ নামে পরিচিত মাসুদ বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা করার অভ্যাস আমার কখনোই ছিল না এবং এখনো নেই। হয়তো ভবিষ্যতেও কখনো হবে না।’ পড়ালেখার ক্ষেত্রে ভালো করার জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের পাঠদান গভীর মনোযোগের সঙ্গে ভালোভাবে বোঝার চেষ্টা করা আর পরে সেই বিষয়গুলো একনজর দেখে নেওয়াকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।ভীষণ আড্ডাবাজ ও আড্ডাপ্রিয় মাসুদ রংপুরে থাকাকালে ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলতেন। ক্রিকেট খেলার সেই অভ্যাস এখনো ধরে রেখেছেন একেবারে নেশার মতো। ছাত্রজীবনে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নির্ভরশীলতার বিষয়টি তাঁর কাছে মোটেও পছন্দের নয়। তাঁর ভাষ্যমতে, যদি একটু কষ্ট আর পরিশ্রম করে নিজের উপার্জিত টাকায় নিজের পড়ালেখার খরচটা চালানো যায়, তবে সেটিই হচ্ছে সবচেয়ে ভালো। নির্ভরশীল আর আত্মনির্ভরশীলের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আত্মনির্ভরশীলতার মতো মানসিক আনন্দদায়ক বিষয় আর কোনো কিছু হতে পারে না। নিজে আত্মনির্ভরশীল হওয়া, নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাতে তাই তিনি রাজশাহীর একটি কোচিং সেন্টারে খণ্ডকালীন শিক্ষকতা করেন। কোচিং থেকে যা আয় হয়, তা দিয়ে তাঁর লেখাপড়ার খরচ চলে যায় অনায়াসে।শুধু নিজের উন্নয়নেই নিজেকে সীমাবদ্ধ রাখতে রাজি নন তিনি। তাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সার্বিক উন্নয়নের জন্য মাসুদসহ তাঁর চার বন্ধু মিলে এরই মধ্যে ক্যাম্পাসে ‘রিসার্চ মার্কেটিং’ নামের একটি সংগঠনও দাঁড় করিয়েছেন; যার প্রধান লক্ষ্য বা কাজ হচ্ছে রাজশাহীর মার্কেটিং সেক্টরগুলোকে দিনে দিনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে ওরা চারজন পরিশ্রম করে যাচ্ছেন নিরলসভাবে। শুধু রাজশাহীভিত্তিকই নয়, ভবিষ্যতে এ সংগঠনের কার্যক্রম সারা দেশেই ছড়িয়ে দেওয়ার চূড়ান্ত লক্ষ্য ও পরিকল্পনা রয়েছে তাঁদের।এসবের পাশাপাশি তিনি তাঁর নিজ বিভাগের ছোট ভাই-বোন ও সহপাঠীদের লেখাপড়া-সংক্রান্ত বিভিন্ন সমস্যারও সমাধান করতে নিজেকে অনেকটা সময়ই ব্যস্ত রাখেন। ‘পড়া বুঝতে পারছি না, কিংবা বিষয়টি ঠিকভাবে বুঝতে পারছি না’—মাসুদের কাছে এমন আবদার নিয়ে এসে বিভাগের কোনো ছোট বোন কিংবা ছোট ভাইকে এখন পর্যন্ত ফিরে যেতে দেখা যায়নি বলে উল্লেখ করলেন মাসুদের একই বিভাগের সিনিয়র ভাই তুহিনুল ইসলাম। প্রগতিশীল ভাবধারায় বেড়ে ওঠা মাসুদ-উল-হাসান স্বপ্ন দেখেন, তিনি একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা বড় ব্যাংকার হয়ে দেশ-জাতির সেবা করবেন। তাঁরসহ তাঁর বন্ধুদের নিয়ে গঠিত আজকের ‘রিসার্চ মার্কেটিং’ নামের সংগঠনটি একসময় বড় হয়ে সারা বাংলার মার্কেটিং সেক্টরের উন্নয়ন ঘটাবে। সেই সঙ্গে স্বপ্ন দেখেন, একদিন এ দেশের জনগণ সব বিভেদ আর হানাহানি ভুলে গিয়ে, অনিয়ম-দুর্নীতি পরিহার করে বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে তুলে ধরতে সক্ষম হবেন। আর নিজ অবস্থান থেকে দীর্ঘদিনের লালিত সেসব স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই মাসুদের নিরন্তর এ পথ চলা।