আড্ডার অবসরে রসনা তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড্ডারুদের তীর্থস্থান চেরাগি পাহাড়ে আড্ডা দিতে দিতে খিদে পেলে এখন আর ভাবনা নেই। কাঁকড়া, শিঙারা, চিকেন রোল, নুডলস, সেমাই, ফলের রস, আইক্রিম, আলুপুরি, লুচি-ডালসহ হরেক রকম মুখরোচক খাবারের স্বাদ নেওয়া যাবে মন চাইলেই। সে জন্য প্রিয় আড্ডাস্থল ছেড়ে বেশি দূর যাওয়ারও প্রয়োজন নেই। চেরাগি পাহাড় ও এর আশপাশেই তরুণদের উদ্যোগে গড়ে উঠেছে ভিন্ন স্বাদের বেশ কয়েকটি খাবারের দোকান। এ নিয়ে বিশেষ আয়োজন।

ফুড মনস্টার: সন্ধ্যার পর ছোটখাটো ভিড় জমে যায় চেরাগি পাহাড়ের হাইওয়ে সুইটসের পাশের ফুটপাতজুড়ে। ইদানীং এখানকার ভ্রাম্যমাণ খাবারের দোকান ফুড মনস্টারে লুচি আর ছোলার ডাল খেতে ভিড় করছেন ভোজনরসিকেরা। সঙ্গে চিকেন কাটলেন, চপ, পাকোড়া তো আছেই।

সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এই খাবারের দোকান। এখানকার খাবারের তালিকায় রয়েছে লুচি ও ডাল প্রতি প্লেট ২৫ টাকা, চিকেন স্টিক প্রতিটি ২০ টাকা, চিকেন কাটলেট প্রতিটি ১০ টাকা, ডিম চপ প্রতিটি ১০ টাকা, ভেজিটেবল পাকোড়া চার টাকা ও আলুর চপ তিন টাকা।

তিন উদ্যোক্তার একজন বিশু দে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। বাকি দুই উদ্যোক্তা টিপু চৌধুরী ও বিবেক সেন ইসলামিয়া কলেজের বিবিএর দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন। গত ৪ ডিসেম্বর প্রায় দেড় লাখ টাকা পুঁজি নিয়ে এই ভ্রাম্যমাণ খাবারের দোকান শুরু করেন তাঁরা। বিশু দে জানান, এখানকার খাবার তৈরি হয় খাঁটি সয়াবিন তেল, প্যাকেটজাত আটা ও ময়দা এবং মানসম্পন্ন উপাদান দিয়ে। খরচ বাদ দিয়ে প্রতিদিন প্রায় চার হাজার টাকার মতো লাভ হয় তাঁদের।

ফিঙ্গার প্রিন্ট ক্র্যাব শপ: কুড়মুড়ে কাঁকড়া চেখে দেখতে সন্ধ্যায় অনেকেই ঢুঁ মারেন চেরাগি পাহাড়ের ফিঙ্গার প্রিন্ট ক্র্যাব শপে। ব্র্যাক ব্যাংকের পাশের ফুটপাতের এই ভ্রাম্যমাণ খাবারের দোকানে পাওয়া যায় কয়েক পদের কাঁকড়া। কেনাবেচাও বেশ জমজমাট। এখানে ৬০ টাকায় কাঁকড়া ফ্রাই ও কাঁকড়া মাসালা, ৫০ টাকায় কাঁকড়া স্যুপ এবং ৩০ টাকায় পাওয়া যাবে কাঁকড়া টোস্ট ও কাঁকড়া স্টিক।

গত বছরের জুন মাসে ছয়জন শিক্ষার্থী এই উদ্যোগ শুরু করেন। এর মধ্যে টুটুল ও রিয়াদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র, শাহেদ ও নাজিম বিবিএ পড়ছেন ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ে, সৌরভ চট্টগ্রাম কলেজের সম্মান শেষ বর্ষ ও আজিম ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র। নতুন কিছু করার ভাবনা থেকেই এই ব্যতিক্রমী ব্যবসা শুরু করেছেন বলে তাঁরা জানান। প্রায় এক লাখ টাকা পুঁজি নিয়ে তাঁরা দোকানটি শুরু করেছেন। দোকানের ভ্রাম্যমাণ গাড়ি ও আনুষাঙ্গিক জিনিস কিনতে প্রায় ৭০ হাজার টাকা লেগেছে।

উদ্যোক্তা রিয়াদ বলেন, এখানকার কাঁকড়া সুস্বাদু ও তাজা। স্বাদটাও বেশ আলাদা। তাই অনেকে প্রতিদিন এখানে কাঁকড়া খেতে আসেন।

চেরাগি ক্যান্ডি: শিঙাড়া, আলুপুরি, ফ্রায়েড চিকেন, সেমাই, জল-জিরা শরবত, মিট রোল, ভেজিটেবল রোলসহ নানা রকমের মুখরোচক খাবার নিয়ে যাত্রা চেরাগি ক্যান্ডির। ২০১২ সালের ডিসেম্বরে সুমন, শাওন, দেবাশীষ ও পঙ্কজ—এই চার তরুণ দেড় লাখ টাকা পুঁজি নিয়ে চেরাগি ক্যান্ডি খাবারের দোকান শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়ে চাকরি ও ব্যবসার পাশাপাশি সম্মিলিতভাবে এমন একটা উদ্যোগ নেন। এখানে স্ন্যাকসের পাশাপাশি দুপুর ও রাতের খাবারও পাওয়া যায়। জমজমাট চেরাগি ক্যান্ডির জনপ্রিয়তার কারণ কী? এমন প্রশ্ন করা হলে উদ্যোক্তা শাওন বলেন, ‘প্রথমত, আমরা পরিবেশটি ভালো রেখেছি। খাবারের মানও ভালো। এখানকার চা-ও স্পেশাল। তাই তরুণেরা পছন্দ করেছে আমাদের খাবার।’