আড্ডার ছলে ‘মেধার বিকাশ’
সবার যে সব বিষয়ে ধারণা থাকবে এমন তো কথা নয়। তাই তারা নিজেরাই নিজেদের ঝালিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। সাধারণ জ্ঞান দিয়ে শুরু। বাদ থাকছে না ইংরেজি শেখার কাজও। প্রতিদিনই আড্ডার ছলে মেধা বিকাশের কাজ করছে রাজশাহীর বাগমারার ২০ তরুণ। তাদের বেশির ভাগই স্কুল আর কলেজের শিক্ষার্থী।বাগমারা উপজেলার মাড়িয়া ইউপির ছোট্ট একটি গ্রাম কালাপাড়া। এর পাশেই রয়েছে ছোট্ট বাজার শিকদারী। বিকেলে এই গ্রামের স্কুল, কলেজের শিক্ষার্থীরা আড্ডা দিত শিকদারী বাজারে। খেলার মাঠ না থাকায় তাদের সময় কাটানোর জন্য বেছে নিতে হতো শিকদারী বাজারের কোনো চায়ের দোকান অথবা সড়কের পাশ। এভাবে কাটছিল ওদের দিন। হঠাত্ একদিন শামীম, সান্টু, এনামুল, মিজানুর, জলিল, নাহিদ, রকি, ইফতেখার, শুভ, শিশির, আমিনুল সিদ্ধান্ত নেয় নিজেদের জন্য ভালো কিছু করার। এভাবেই শুরু। চমত্কার একটা নামও দিয়ে ফেলে তারা—‘আগামী পথচলায় মেধার বিকাশ’, সংক্ষেপে ‘মেধার বিকাশ’। দুই বছর ধরে চলছে তাদের কার্যক্রম।গ্রামের রফাতুল্যার একটি পরিত্যক্ত কক্ষ বাড়ির মালিকের অনুমতি নিয়ে তা পরিষ্কার করে বসার উপযোগী করল। নিজ নিজ বাড়ি থেকে চটের বস্তা নিয়ে এসে বিছাল মাদুর হিসেবে। তারা সেখানেই শুরু করল ‘মেধার বিকাশ’ আর জ্ঞানের আড্ডা।প্রতিদিন সাধারণ জ্ঞান নিয়ে হয় আলোচনা, প্রতিযোগিতা। শিক্ষা, স্বাস্থ্য কিংবা খেলা নিয়ে চলে আলোচনা আর সাধারণ জ্ঞানের আসর। চলে বিষয়ভিত্তিক আলোচনা, গান, কবিতা আবৃত্তি ও বক্তৃতা দেওয়ার তালিম। কীভাবে ভালো বক্তা হওয়া যায় তার প্রশিক্ষণও চলে সেই ঘরে। নিজেদের মধ্যে চলে প্রতিযোগিতা। তারা সবাই শিক্ষক, আর সবাই শিক্ষার্থী। তারাই বক্তা, তারাই শ্রোতা। নিজেরাই একে অপরের মূল্যায়ন করে থাকে। প্রতিদিন বিকেলে তারা ছুটে আসে নির্দিষ্ট স্থানে। চলে আড্ডা। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই শেষ হয় আড্ডা। বাড়িতে গিয়ে আবার বসে পড়ে পড়ার টেবিলে। এভাবে দুই বছর ধরে তারা কাজ চালিয়ে যাচ্ছে নিজেদের গড়ার কাজে। এখন তারা কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী বা ভালো করার যোগ্যতা রাখে।যে কেউ ‘মেধার বিকাশ’-এর সদস্য হতে পারবে। তবে তাকে অবশ্যই শিক্ষার্থী হতে হবে। এ জন্য তাদের কোনো ফি দিতে হয় না। ‘মেধার বিকাশ’-এর সদস্য কলেজ শিক্ষার্থী মুরাদ আহমেদ বলে, ‘সবাইকে প্রতিদিন একটি করে নতুন ইংরেজি শব্দ ও তার অর্থ জেনে আসতে হয় আড্ডায়। এভাবেই জানা বিষয় অন্যজনের কাছে পৌঁছে যায় খুব সহজেই।’ এসএসসি পরীক্ষার্থী ফয়সাল আহমেদ, ইফতেখার ইসলাম, এনামুল হক, নাহিদ, শামীম আহমেদও একমত পোষণ করে তার সঙ্গে।