আড্ডার টাইটানিক ইউএসটিসিতে
নামটা শুনে বিস্ময় জাগল। টাইটানিক চত্বর। পাহাড়ি এ ক্যাম্পাসে টাইটানিক জাহাজ এল কীভাবে? বিস্ময় কাটিয়ে টাইটানিকের নায়ক-নায়িকা খোঁজার চেষ্টা করতেই হাসাহাসির প্রতিযোগিতা। একজন গলা বাড়িয়ে স্থানের নামকরণের সার্থকতা বোঝালেন—মাওলানা ভাসানী মিলনায়তনের সামনের এই জায়গাটা দেখতে অনেকটা টাইটানিক জাহাজের মতো। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডার প্রাণকেন্দ্র হলো এটি।টাইটানিক তো দেখা হলো, জাহাজের যাত্রীদের পরিচয় জানা দরকার। কবি কবি চেহারার একজনের কাছে নামটা জানতে চাইলে পাশের সহপাঠী বান্ধবীটি বলে উঠলেন, ‘ওর নাম রূপবান’। আবার বিস্ময়—ছেলের নাম কেন রূপবান? এবারও নামকরণের সার্থকতা বোঝালেন রিভা সিরাজ—ও রূপবানের মতো কোমর দুলিয়ে নাচে তো তা-ই...। সেই রূপবান এবার মুখ খুললেন, ‘নিজের এত সুন্দর নামটা বলছ না কেন? মিস কার্বোহাইড্রেট! রিভা নাকি সব সময় আলু আর ডিম খাওয়া নিয়ে গবেষণা করেন, তাই এ নাম।রিভার প্রতিবাদ পাত্তা পেল না অন্যদের প্রতিবাদের মুখে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের এ দলটির কোনো নাম না থাকলেও দলের সদস্যদের প্রত্যেকের বিশেষ নাম আছে। আর এটা তাঁদেরই দেওয়া। দলের অন্যরা হলেন রাফি খিতাম, পিপাসা বিশ্বাস, লাভলী, ফারহানা মাহফুজা। সবাই দ্বিতীয় সেমিস্টারে পড়েন। দুজন অবশ্য ওপরের শ্রেণীর, নাজমা সুলতানা আর তানজিলা আজিম ফাইনাল ইয়ারের। রাফির নামটা দেওয়া হয়েছে বায়োকেমিস্ট্রির ভাষায়, বেঞ্জিন। পিপাসার উপদেশ—বিয়ে হলে বউয়ের নাম দিবি ‘পিরিডিন’। ফাহিমার নাম ভুটকি সুন্দরী। যদিও বেশ বোঝা গেল হালকা-পাতলা ও সুবেশী মেয়েটার এমন নামকরণ বড় অন্যায়। লাভলী নাকি সব সময় লেবুরঙের পোশাক পরেন, তাই তাঁর নাম লেবু। আর পিপাসা সবার কাছে পিপস। পিপসের কিন্তু অনেক গুণ, গান করেন, বিতর্কের পোকা, কবিতা লেখেন। তিনি কথাও বলেন কবিতার মতোই।হঠাৎই উদয় হলেন মোটাসোটা দেহের একজন, নিজেকে পরিচয় দিলেন বায়োটেকের এই দলটার বস হিসেবে। নাম তাঁর ফখরুল আরেফিন।এমন বন্ধুতার মজাটা কোথায়? বন্ধুতায় সব থাকে, হাসি-গান-ঝগড়া। আরও অনেক কিছু আছে, সব বলা যাবে না। বললেন অনিক।সেটা কেমন?সবখানে ছেলেরা মেয়েদের টিজ করে, আর এখানে ঘটনা উল্টো। কথা শেষ না হতেই মাহফুজার গলা শোনা গেল—‘ওর কথা বিশ্বাস করবেন না, ওরা আমাদের টিজ করলে আমরাও করি। ওরা হয় তো আমাদের নিয়ে কোনো মন্তব্য করল, আর আমরা ওদের চোখ মেরে দিই। ইটটি মারলে পাটকেলটি খেতেই হবে।’রিভা আর পিপাসার কথায় বোঝা গেল, এবার ইট নয়, পাথর খেতে হবে ছেলে সহপাঠীদের। আগামী ১২ এপ্রিল ক্যাম্পাসের বার্ষিক অনুষ্ঠানে বায়োটেকের শিক্ষার্থীরা একটি নাটক করবেন, নাম ইভটিজিং। সেখানে ছেলেদের টিজ করার বিষয়টি তুলে ধরা হবে। এর সুরাহা হিসেবে তুলে ধরা হবে প্রতি-আক্রমণের বিষয়টি।রিভার কথা—‘এবার ছেলেরা ঘোমটা পড়বে, আর মেয়েরা তাকিয়ে থাকবে।’অনিকের দ্ব্যর্থহীন ঘোষণা—‘কখনো সম্ভব হবে না।’ ইউএসটিসিতে আরও আড্ডা জমে মিলনায়তন চত্বর, একাডেমি চত্বর, পাঠাগারে। দেখা হলো মিস্ট্রি দলের (রহস্য দল) ছয় সদস্যের সঙ্গে। ২৩তম এমবিবিএস ব্যাচের ছাত্র রিফায়েত, সানি, আরিফ, ইস্কান্দার, রিয়াদ, সন্দীপন সময় পেলেই গল্পে মেতে ওঠেন। বিষয়ের কোনো অভাব নেই—পরীক্ষা, খেলাধুলা, প্রেম...।’ইউএসটিসিতে কিন্তু ৭০০ বিদেশি শিক্ষার্থী আছেন। কথা হয় তাঁদের কয়েকজনের সঙ্গে।কাশ্মীর থেকে এসেছেন বিনতুল হুদা, শাহজিয়া ও উমর ইকবাল।বিনতুল হুদা—‘আমরা মুসলিম দেশ থেকে এসেছি। বাংলাদেশও মুসলিম দেশ, এটাই এখানে পড়তে আসার একটা কারণ।’শাহজিয়া: ভারতে পড়তে অনেক খরচ হয়। এখানে খরচ অনেক কম। মেডিকেলে পড়তে রোগীদের সঙ্গে তো কথা বলতে হয়—এমন প্রশ্নের জবাবে শাহজিয়া বলেন, ‘আমাদের বাংলা শুনে রোগীরা হাসে।’ উমর ইকবাল: চেষ্টা করছি ভাষা শিখে নিতে। শাহজিয়া জানালেন, প্রথমে শিখেছেন একটি বাক্য ‘আপনি কেমন আছেন?’ আর বিনতুল হুদা ভাঙা বাংলায় বললেন ‘কী বলব আমি।’ভাষা নিয়ে সমস্যা শ্রীলঙ্কার ছাত্রী প্রভা আর লিলিয়ারও। প্রভা বলেন—‘বাংলা ভাষাটা বশ করে চলতে হয়।’ লিলিয়ার মতে, ‘সারাক্ষণ পড়াশোনা নিয়ে থাকতে হয়। গল্প করার সময় পাই না।’নেপাল থেকে আসা দীপক ও সুকির কাছে বাংলা ভাষা অনেক সোজা।সুকির মতে, ‘চট্টগ্রামের ভাষা খুবই কঠিন।’দীপক প্রথম শিখেছেন, ‘কেমন আছো?’সুকি: আমি শিখেছি ‘কত’। দোকানে বা যানবাহনে এই শব্দটা বলতে হয়। আমাদের দেখে রিকশাওয়ালা এমনভাবে হাসে, দেখে মজা লাগে আমাদেরও। ফ্যাশন, পড়ালেখা, ছবি নিয়ে কথা বলি তবে রাজনীতি ও খেলাধুলা নিয়ে কথা হয় না। সিঙ্গাড়া আমার প্রিয় খাবার। আর ভালো লাগে যখন ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, ডিজে পার্টি বা চলচ্চিত্র উৎসব হয়।সানি: ইদানীং মেলা ও আইপিএল নিয়ে বেশি কথা হয়।রিয়াদ বই পড়তে ভালোবাসেন। সন্দীপন সারাদিন কানে হেডফোন লাগিয়ে গান শোনেন। শ্রেণীকক্ষে অনেকবার শিক্ষকের কাছে ধরা পড়েছেন। বন্ধুদের ধারণা হেডফোন ছাড়া ওর পড়াও হয় না। আরিফের কথাটা একটু অন্য রকম শোনাল—‘আমাদের আলোচনার আরও একটি বিষয় আছে সেটি হলো রিয়াদ-সুমি।’সবাই হেসে উঠল। রিয়াদ প্রতিবাদ করে উঠলেন, ‘না, ও রকম কিছু নয়। সুমি তো আমাদের বান্ধবী।’ ইস্কান্দার: ‘তাহলে ওর পাশে আমাদের বসতে দাও না কেন?’আরিফ: এখানে ছেলে-মেয়ের বন্ধুত্ব হবে কীভাবে? একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বললেই বাকিরা তাঁদের স্বামী-স্ত্রী বানিয়ে দেন।দেখা হলো দলছুট একদলের সঙ্গে। তাঁদেরই একজন ফাহিমা মোশারফ। তাঁর শখ প্রেম করে পালিয়ে বিয়ে করার। বললেন, ‘মাত্র ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার শেষ হলো। এখন সেকেন্ড ইয়ার মানে লাভ ইয়ার চলছে। দেখি না একটা প্রেম করতে পারি কি না!গ্রন্থাগারে পড়াশোনায় ব্যস্ত ছিলেন সাইম, প্রিমা, ভিউ ও রকি। ফার্মেসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাঁরা।সাইমের কথা—সরকারি বিশ্ববিদ্যালয়ের উদার পরিবেশ খুব মিস করি।ভিউ: বন্ধুরা যখন চট্টগ্রাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প শোনায় তখন খুব হিংসে হয়।রকি: তবে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমাদের ক্যাম্পাস অনেক বড় ও খোলামেলা। ছয়তলার ছাদে উঠলে পুরো শহর দেখা যায়।তাঁদের মতে, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেরকম রাজনীতি, বিতর্ক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার সুযোগ হয় তাঁদের সেই সৌভাগ্য হয় না। দৃষ্টির সদস্য সাইম বিতর্ক করেন, প্রিমা নাচ করতেন, ডিউর ইচ্ছা সুযোগ পেলে দেশের জন্য কাজ করবেন। তিনি বলেন—‘ছাত্ররাজনীতি নোংরা, এটা সবাই জানে, কিন্তু নোংরা পরিষ্কার করতে কেউ এগিয়ে আসে না।’ তাঁরা আরও বলেন, দেশে চিকিৎসা উপকরণের দাম খুব বেশি। এটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসা উচিত। পড়াশোনা শেষ করে তাঁরা ভালো ফার্মাসিস্ট হতে চান—কম দামের ভালো মানের ওষুধ তৈরি করতে চান।বিয়ে নিয়ে কী ভাবেন?সাইমের পছন্দ রবীন্দ্রনাথের হৈমন্তীর মতো মেয়ে। আড্ডায় শিক্ষকেরাও কম যান না। বায়োটেকনোলজি ও ফার্মেসি বিভাগে শিক্ষকদের কক্ষে তুমুল হট্টগোল চলছিল, কাছে গিয়ে বোঝা গেল আড্ডা জমেছে। শিক্ষকদের অনেকে ইউএসটিসির সাবেক ছাত্র। তাই সময় পেলে একসঙ্গে আড্ডা দেন। কয়েকজন জানালেন, বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের কম কথা হয়, তাঁরা দলবেঁধে থাকেন। তবে ওরা খুব শান্ত, সবার সঙ্গে মিশতে ও বাংলা ভাষা শিখতে চেষ্টা করেন। বায়োটেকনোলজির প্রভাষক আদনান মান্নান জানালেন, ‘মেডিকেল পড়তে ইংল্যান্ডে এক কোটি, ভারতে ৫০ লাখ ও বাংলাদেশে এক লাখ টাকা লাগে। তাই বেশির ভাগ বিদেশি ছাত্র মেডিকেলে পড়তে আসে। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০০ জন মেডিকেল, দুইজন বায়োকেমিস্ট্রি ও পাঁচজন ফার্মেসিতে পড়ছেন।ফেরার সময় আবার দেখা হয় বিশেষ নামধারী সেই দলটির সঙ্গে। রিভা, অনিক আর পিপাসা এসে কিছু দাবি জানালেন। পিপাসা বললেন, আমি আসি সদরঘাট থেকে। জাকির হোসেন সড়কে সবসময় যানজট থাকে। বেপরোয়া গতিতে গাড়ি চলে। এ নিয়ে আমরা আতঙ্কে থাকি।রিভা আসে ফয়’স লেক থেকে। ক্যাম্পাসের সামনে উড়ালসেতু দরকার বলে জানালেন তিনি।অনিক আসেন জামালখান থেকে। তাঁরও সমস্যা একই। তাঁর সমাধান দিলেন রিভা, একটু মজা করেই—অনিক তোর জন্য জামালখান থেকে একটি ফ্লাইওভার করিয়ে দিলে কেমন হয়।