আড্ডার মেজাজে জমে উঠেছিল বর্ষার বই উৎসব
‘বাঙালির জীবনে ও বাংলা কাব্যে বর্ষার আবেদন চিরন্তন। চট্টগ্রামের কবিরা বর্ষাকে নিয়ে বহু আখ্যান-কবিতা রচনা করেছেন। বর্ষাকালীন বই উৎসব সৃজনশীল সাহিত্য ও সাহিত্যিকের আড্ডা। এ সাহিত্য আড্ডার মাধ্যমেই আশা করি, একদিন চিরন্তন সাহিত্যের সৃষ্টি হবে।’ প্রথম দিনেই জমে ওঠা চট্টগ্রাম একাডেমির বর্ষাকালীন বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজবিজ্ঞানী অনুপম সেন এ কথা বলেন।একাডেমির মিলনায়তনে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী বর্ষাকালীন বই উৎসব চলে। একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে ৭ জুলাই বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। এ উৎসব একাডেমির সদ্যপ্রয়াত সদস্য রেবতপ্রিয় বড়ুয়াকে উৎসর্গ করা হয়। চট্টগ্রামের প্রায় ২০০ লেখকের বই নিয়ে এ বই উৎসবের আয়োজন করা হয়। সমাজবিজ্ঞানী অনুপম সেন, কবি আবুল মোমেন, মাহবুবুল হক, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, মুশতারী শফি, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি ওমর কায়সার, ফাহমিদা আমীনসহ চট্টগ্রামের প্রায় সব লেখকের বই উৎসবে শোভা পাচ্ছিল। ঘরোয়া পরিবেশে আয়োজিত এ উৎসবে ছিল আলোচনা, লেখক আড্ডা, ছড়া-কবিতা পাঠ, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। তিন দিনের লেখক আড্ডায় ‘চট্টগ্রামে শিশু সাহিত্যের প্রকাশনা’-শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিপুল বড়ুয়া, ‘চট্টগ্রামে সংস্কৃতিচর্চা’-শীর্ষক প্রবন্ধ পড়েন স্বর্ণময় চক্রবর্তী এবং ‘চট্টগ্রামে নারী লেখকদের প্রকাশনা’-শীর্ষক প্রবন্ধ পড়েন মর্জিনা আখতার। এ আড্ডা-কথামালায় অংশ নেন মাহবুবুল হক, হরিশংকর জলদাশ, অধ্যক্ষ আনোয়ারা আলম, অধ্যক্ষ রীতা দত্ত, ফাহমিদা আমিন, মো. আবুল কাশেম, চিত্রশিল্পী সবিহ উল আলম, অধ্যক্ষ তহুরীন সবুর প্রমুখ।একাডেমির মহাপরিচালক আমিনুর রশিদ কাদেরী বলেন, ‘এই আকাশ-সংস্কৃতির যুগে সবাই তো বই থেকে দূরে সরে গেছে। তরুণ প্রজন্মকে বইমুখী করা আমাদের মূল লক্ষ্য।’ রাশেদ রউফ বলেন, ‘চট্টগ্রামের বইয়ের প্রকাশনা সংকট চিহ্নিত করা এবং তার উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে এ বই উৎসবে নানা বিষয়ে আলোচনা হয়েছে। মূলত চট্টগ্রামের লেখকদের মধ্যে ভাবের আদান-প্রদান ও নিজেদের প্রকাশনা অন্যের কাছে পৌঁছানোর জন্য এ উৎসবের আয়োজন।’লেখক-সাহিত্যিক-শিল্পী-পাঠকসহ বিভিন্ন পেশার মানুষের সমাগমে মুখর ছিল এ উৎসব। এ যেন সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা। বর্ষা উদ্যাপনে কখনো সুরে, আবার কখনো বেসুরো গলায় তাঁরা মেতে উঠেছেন গানে-গল্পে-ছড়ায়-আবৃত্তিতে। গত শনিবার সন্ধ্যায় আড্ডা-আলোচনার পরই ছড়াকার জসীম মেহবুব স্বরচিত কয়েকটি বর্ষার ছড়া পাঠ করেন। আয়েশা হক আবৃত্তি করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘অমলকান্তি’। শিল্পী মানস পাল চৌধুরীর ‘প্রেম নগরে যেতে হবে’ গানের সুরে মজে যান দর্শক-শ্রোতা। অধ্যক্ষ রীতা দত্ত গেয়ে শোনান রবিঠাকুরের ‘বাদল দিনের প্রথম কদম ফুল’।অধ্যক্ষ রীতা দত্ত বলেন, ‘আমি মনে করি, সংস্কৃতিকে কেবল সংগীতের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নাটক-কবিতা-শিল্পকলা-নৃত্য সব দিক থেকেই চট্টগ্রাম ঋদ্ধ। শিল্পের এ চর্চা আমাদের চালিয়ে যেতে হবে।’চট্টগ্রাম একাডেমির বর্ষা এ আয়োজনে বাইরের দর্শক-শ্রোতা কিংবা বইপ্রেমী ক্রেতার উপস্থিতি তেমন না থাকলেও, চট্টগ্রামের আঁকিয়ে, লিখিয়ে ও গাইয়েদের এক মজার পুনর্মিলনীর মতোই ঘটে গেল। যে পুনর্মিলনীতে নিজেদের মধ্যে ভাববিনিময় ও মতবিনিময়টি আগামী দিনে নতুন সৃজনশীল কর্মে অনেক কাজ দেবে—শুরুর দিন উদ্বোধনী ভাষণে যেমনটি আশা করেছিলেন অনুপম সেন।