আড্ডায় বন্ধুদের প্রেরণার গল্প
চলার পথে অনেকের কাছ থেকেই প্রেরণা পান বন্ধুরা। কখনো সেই প্রেরণার উৎস বই। আবার কখনো বা চারপাশে থাকা সংগ্রামী মানুষগুলোর জীবন। বন্ধুদের এসব প্রেরণার গল্প উঠে এসেছিল চট্টগ্রাম বন্ধুসভা আয়োজিত ‘জীবনে যার প্রভাব প্রবল’ শিরোনামের আড্ডায়। ১৯ অক্টোবর বিকেল পাঁচটায় পাঁচলাইশের প্রথম আলো কার্যালয়ের বন্ধুসভা কক্ষে বসেছিল এই আড্ডার আসর।
বন্ধুদের আড্ডায় উঠে আসে পরিবারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিদের কথা, যাঁদের প্রভাবে বন্ধুরা জীবনের নতুন পথ খুঁজে পেয়েছেন। আব্রাহাম লিংকন, শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, লেওনার্দো দা ভিঞ্চি, চে গুয়েভারা, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসার মতো প্রেরণাদায়ী নামগুলোও বলেছেন অনেক বন্ধু। তাঁদের জীবনী পড়ে নিজেদের লক্ষ্য ঠিক করেছেন বলেও জানান তাঁরা। আবার আরেক পক্ষের এগিয়ে যাওয়ার মন্ত্রণা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও হূমায়ুন আহমেদের বই।
আড্ডায় অংশ নেওয়া শারমীন আহমেদ বলেন, ‘আমার জীবনে একেকটি মুহূর্তে একেকজনের প্রভাব খুবই প্রবল। বিদ্যালয়জীবনে এক শিক্ষিকার প্রভাবেই আমি নাচ, গান ও কবিতা আবৃত্তিতে প্রথম হতে পেরেছিলাম। একেবারে পেছনের সারিতে থাকা আমার মতো এক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা আবিষ্কার করতে পেরেছিলেন সেই শিক্ষিকা।’
বন্ধু আহমেদ পলাশের মতে, আশপাশের অনেক চরিত্র এগিয়ে চলার ক্ষেত্রে সব সময় বড় ভূমিকা রাখছে। আবার জয়নাল আবেদীনের চিন্তা আলাদা। তাঁর কাছে বন্ধুসভার বন্ধুদের আন্তরিকতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, দেশের জন্য কাজ করা—এসব কর্মকাণ্ড বেশ ভালো লাগে। এভাবে প্রেরণার আরও গল্প শোনান বন্ধু জাকিয়া কবির, ফাহিম উদ্দিনসহ অনেকে। সবশেষে সেপ্টেম্বর মাসের সেরা বন্ধু রিজভী শাহরিয়ারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় আড্ডা।