আড্ডা-আনন্দে স্মৃতির রোমন্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্মিলনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতান প্রাক্তন শিক্ষার্থীরা
পুনর্মিলনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতান প্রাক্তন শিক্ষার্থীরা

ছুটির দিনের মৌনতা ছাপিয়ে জমজমাট চট্টগ্রাম কলেজের লিচুতলা। চারদিকে সাজ সাজ রব। ছোট ছোট জটলা। আড্ডা জমেছে শীতের সকালের মিঠে রোদে। ফিরে যাওয়া ক্লাস-পরীক্ষার সেই সময়ে।
চট্টগ্রাম কলেজের এইচএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে ২৬ ডিসেম্বর এমন আনন্দের আসর বসে। প্রায় ২৮ বছর পর প্রথম পুনর্মিলনীর আয়োজন কেউ হাত ছাড়া করতে চাননি। তাই খবর পেয়ে যে যার মতো করে সব ব্যস্ততা পাশ কাটিয়ে ছুটে এসেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও।
এ প্রসঙ্গে পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা চেষ্টা করেছি ৮৬ ব্যাচের সব বন্ধুদের পুনর্মিলনীতে শামিল করতে। যথাসম্ভব যোগাযোগের চেষ্টাও করেছি দেশে-বিদেশে সবার সঙ্গে। অনেকেই এসেছেন।’
কলেজ ক্যাম্পাসে আসা অনেককেই চেনা চেনা লাগছিল। আবার কলেজজীবনের চেহারার সঙ্গে মেলানোও যাচ্ছিল না। কারণ দীর্ঘ সময়ে পরিবর্তন এসেছে চলনে-বলনেও। তাই স্মৃতি হাতড়ে নাম ধরে ডাকলেন। সাড়া পেয়েই জড়িয়ে ধরলেন একে অপরকে। অন্য রকম এক অনুভূতি!
হাতে বেশি সময় নেই। কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীত আর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক সূচনার পর ছুটে যেতে হবে পতেঙ্গা বোট ক্লাবে। সেখানেই হবে দিনব্যাপী অনুষ্ঠান। এ সময়টা কাজে লাগাতে মিনি আড্ডার পাশাপাশি চলল ফটোসেশন। কেউ কেউ কলেজের গ্যালারিগুলো ঘুরে দেখে স্মৃতি রোমন্থন করেন। ব্যানার, ফেস্টুন আর ফুলে ফুলে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে বোট ক্লাবের কনভেনশন সেন্টার। কোরান তেলাওয়াত, হারানো বন্ধুদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর পরিবেশিত হয় ৮৬ ব্যাচের থিম সং। থিম সংয়ের গীতিকার ও সুরকার ছিলেন কবির বকুল। এরপর বক্তব্য দেন পুনর্মিলনী কমিটির আহ্বায়ক জহির উদ্দিন আহমেদ।
সন্ধ্যায় স্মৃতিচারণা পর্বে অংশ নেন ৮৬ ব্যাচের রোবেদ আমিন, আবদুল্লাহ আল মাহের, মো. শফিউল আলম, নুরুল হুদা, ফেরদৌস আরা, সরোয়ার, মাসুম মাহমুদ প্রমুখ। এরপর শুরু হয় জমজমাট হাউজি। অনুষ্ঠানে সহযোগিতার জন্য মাফরুহা আহমেদ, নুরুল হুদা, শেখ হাসান আরিফ, মো. নাসির, মো. মোর্শেদ আলম, মিজানুর রহমান ও রকিবুল আলমকে ক্রেস্ট দেওয়া হয়।
পরে ৮৬ ব্যাচের বন্ধুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সন্দীপন দাশ, অরুনিমা ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, শাকিলা জাহান, শাহ সেলিম, আশিকুল হক, হিল্লোল রায় ও রূপতনু দাশ শর্ম্মা। সমবেত কণ্ঠে থিম সং পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।