আড্ডা-গানে বিদায়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থীদের বিদায় উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠা শিক্ষার্থীরা l প্রথম আলো
কক্সবাজার সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থীদের বিদায় উৎসবে উচ্ছ্বাসে মেতে ওঠা শিক্ষার্থীরা l প্রথম আলো

 চারদিকে লাল-সাদার ছড়াছড়ি। ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে। সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণে মুখর কলেজ প্রাঙ্গণ। নাচ-গান আর আড্ডায় কেটেছে দিন।

কক্সবাজার সরকারি কলেজের এইচএসসির ব্যবসা শিক্ষা শাখার ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করেন এই উৎসবের। ক্যাম্পাস থেকে বিদায়ের ক্ষণ স্মৃতিময় করে রাখতে এই আয়োজন।

কলেজের সবুজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু। কর্মসূচি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বের করেন বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেন কলেজের শিক্ষকেরাও।

দুপুরে কলেজের ইংরেজি বিভাগের মিলনায়তনে শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। ফলাফলের দিক থেকেও এই কলেজের সুনাম রয়েছে। তাই শিক্ষার্থীদেরও কলেজের সুনাম ধরে রাখতে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। সমাজে প্রতিষ্ঠা পেতে হলে লেখাপড়ার বিকল্প নেই।

সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল বাসেত মণ্ডল, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. নুরুল আলম, ইংরেজি বিভাগের প্রধান হোসাইন আহমদ আরিফ ইলাহী, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুল আলম ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচএসসি ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ফাহিম কুদ্দুস।

এরপর কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস–ঐতিহ্য নিয়ে ফাহিম কুদ্দুসের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীর পর সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও মূকাভিনয় করেন কলেজের শিক্ষার্থী প্রিতু, জয়, কঙ্গন, সাইফুল আলম, সিগমা, চৈতি ও আরমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল আহসান, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ দিদারুল আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. কাসেম, ইংরেজি বিভাগের প্রভাষক আমান উল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উত্তম কান্তি দত্ত, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মং থোয়ের এ প্রমুখ।