‘দেয়ালের আস্তরণ খসে পড়েছে। ফাটলগুলো হাঁ করে আছে। মেঝে দেবে গেছে। ছাদ আলগা হয়ে পড়েছে। যতক্ষণ থাকি মনে হয় ছাদ ধসে পড়বে মাথার ওপর। মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিদিন এ ভবনে কাজ করি।’ রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ঝন্টু চাকমা নিজ কার্যালয়ের জীর্ণ অবস্থার কথা এভাবেই বর্ণনা করলেন। তিনি জানান, শুধু মৎস্য কার্যালয় নয়, একই ভবনে আরও তিনটি সরকারি কার্যালয় রয়েছে। তাতে ৩১ কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন সরকারি কাজ চালিয়ে যাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীরা জানান, উপজেলা সদরে সরকারি কাজে ব্যবহূত তিনটি ভবনের মধ্যে একতলা ভবনটি বড়ই জীর্ণ। তবুও ভবনের দুইটি কক্ষ পরিসংখ্যান, দুইটি মৎস্য, একটি সমাজসেবা এবং দুইটি কক্ষ সমবায় কার্যালয়ের কাজে ব্যবহূত হচ্ছে। উপজেলা পরিষদ সূত্র জানায়, ১৯৬০ সালে তৎকালীন সরকার উপজেলা প্রশাসনের কাজে ব্যবহারের জন্য ভবনটি নির্মাণ করে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর উপজেলা পরিষদের কাজের জন্য সরকার ক্রমান্বয়ে আরও দুইটি নতুন ভবন নির্মাণ করে। যেখানে প্রশাসনিকসহ অন্যান্য কার্যালয় স্থানান্তর করা হলেও জরাজীর্ণ ভবনটিতে মৎস্য, পরিসংখ্যান, সমাজসেবা ও সমবায় কার্যালয় রেখে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, ভবনের সাতটি কক্ষের প্রতিটির দেয়াল শেওলায় বিবর্ণ হয়ে গেছে। আস্তরণ খসে পড়ে বড় বড় গর্ত ও ফাটলের সৃষ্টি হয়েছে দেয়ালে। মেঝে দেবে গিয়ে উঁচু-নিচু হয়ে গেছে। দেয়াল ও খুঁটি থেকে আলগা হয়ে গেছে ছাদ। ফলে প্রতিবছর বর্ষায় ফাটল দিয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ে নথিপত্র ভিজে নষ্ট হয়ে যায়। আসন্ন বর্ষা মৌসুমেও একইভাবে দুর্ভোগ পোহাতে হবে বলে জানান কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, অযত্ন-অবহেলায় জরাজীর্ণ ভবনটি ২০০১ সালের ভূমিকম্পে নড়বড়ে হয়ে পড়ে। ভূমিকম্পের ধাক্কায় ভবনের ছাদ দেয়াল ও খুঁটি থেকে আলগা হয়ে যায়। চারপাশের দেয়ালে বড় বড় ফাটলের সৃষ্টি হয়। ফলে ভবনের ভেতরে ভয়ে কেউ পা মাড়ান না। স্বনির্ভর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নকাজে ভবনটিতে আসা-যাওয়া করতে হয়। কিন্তু যতক্ষণ কার্যালয়ে থাকি ভয়ে ভয়ে থাকি। ভবনটি পুনর্নির্মাণ জরুরি বলে তিনি জানান। উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর উপজেলা পরিষদ ভবনটি সংস্কারের জন্য দুই লাখ টাকা বরাদ্দ দেয়। পুনর্নির্মাণ ছাড়া ভবনটি সংস্কার করা সম্ভব নয় বলে তিনি মত প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ভবনটি নির্মাণের জন্য স্থানীয় সরকার পরিষদ মন্ত্রণালয়ে একাধিক প্রতিবেদন পাঠানো হয়েছে।