ফটিকছড়ির ঐতিহ্যবাহী রোসাংগিরী উচ্চবিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যালয়ের দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ছাদের আস্তরণ খসে পড়ছে নিয়মিত। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আশঙ্কা যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। ৪১৭ শিক্ষার্থী ও ১৩ জন শিক্ষক-কর্মচারীকে প্রতিদিন ঝুঁকি নিয়েই আসতে হচ্ছে বিদ্যালয়ে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত রোসাংগিরী উচ্চবিদ্যালয় ভবন নির্মিত হয় ১৯১৯ সালে। নির্মাণের পর থেকে আজ পর্যন্ত ভবনটির তেমন কোনো সংস্কার হয়নি। প্রায় এক যুগ আগে থেকে এ ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়ালে ফাটল দেখা দিতে শুরু করে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে বছরের পর বছর ফাটল বাড়তে থাকে। ২০০৯ সালের ১৩ জুলাই প্রলয়ংকরী টর্নেডোর আঘাতে বিদ্যালয়ের আটটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আঘাতে টিনের ছাউনি উড়ে যায় প্রায় আধা কিলোমিটার দূরে। তখন থেকে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিদ্যালয়ের একজন সদস্যের অর্থে শ্রেণীকক্ষের কিছুটা সংস্কার করা হয়েছে সম্প্রতি। পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরও তিনটি কক্ষ তৈরি করে দিয়েছে। নবনির্মিত তিনটি কক্ষ ও পুরোনো জরাজীর্ণ ভবনে বহু কষ্টে চলছে পাঠদান।বিদ্যালয় ঘুরে দেখা গেছে, দুই একর ৫৯ শতক জমির মূল ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশে বিপজ্জনক ফাটল সৃষ্টি হয়েছে। ১২টি কক্ষ ও বারান্দার ছাদ থেকে আস্তরণ খসে পড়ায় দেখা যাচ্ছে লোহার রড। বৃষ্টি হলেই ছাদ থেকে কক্ষগুলোতে পানি পড়ে বলে জানান শিক্ষকেরা। বিদ্যালয়ের আটটি কক্ষের অবস্থা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ধসে পড়ার আশঙ্কায় পাঁচটি কক্ষে আপাতত পাঠদান বন্ধ রাখলেও পাশের কক্ষগুলোতে নিয়মিত পরীক্ষাসহ পাঠদান চলছে। বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মো. রুবেল বলেন, ‘পাঠদান চলাকালে মাঝেমধ্যেই ছাদ থেকে পলেস্তারার টুকরা খসে পড়ে। সমপ্রতি ছাদ থেকে আস্তরণের একটি অংশ নিচে পড়লে অল্পের জন্য কয়েকজন ছাত্র বেঁচে যায়। ঝুঁকিপূর্ণ এ ভবনে আতঙ্ক নিয়েই শ্রেণীকক্ষে আসে শিক্ষার্থীরা।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম বলেন, ‘বিদ্যালয়ে কক্ষসংকট থাকায় আতঙ্কের মধ্যেও পরীক্ষাসহ পাঠদান চালিয়ে নিতে হয়। দ্রুত ভবনটি ভেঙে পুনর্নির্মাণ করা না হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা।’বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য এয়ার মোহাম্মদ বলেন, ‘এটি পুনর্নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রকৌশল কার্যালয়সহ সংশ্লিষ্ট লোকজনের কাছে বারবার ধরনা দিয়েও কোনো লাভ হয়নি।’উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘ভবনটি আমি ঘুরে দেখেছি। এটি এমনই বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে, সংস্কার করার মতো অবস্থা নেই। এটি ভেঙে পুনর্নির্মাণ করা ছাড়া আর কোনো পথ নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গাউছুল আজম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার কথা জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। আশা করি, শিগগিরই ভবন নির্মাণে যাবতীয় উদ্যোগ নেওয়া হবে।’উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় অর্থবরাদ্দ দেওয়া হবে।’