আতঙ্কে উপকূলের ৮০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ষাইটপাড়া এলাকায় নতুন করে  ধসে  যাওয়া বেড়িবাঁধ। গত শুক্রবার দুপুরের চিত্র l প্রথম আলো
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ষাইটপাড়া এলাকায় নতুন করে ধসে যাওয়া বেড়িবাঁধ। গত শুক্রবার দুপুরের চিত্র l প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ষাইটপাড়া এলাকায় বেড়িবাঁধের আধা কিলোমিটার এলাকা নতুন করে সাগরে বিলীন হয়েছে। গত এক মাসে অমাবস্যা আর পূর্ণিমার জোয়ারের এবং সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধের এই ক্ষতি হয়। এ নিয়ে এক বছরের মধ্যে মাতারবাড়ির তিন কিলোমিটার পাকা বেড়িবাঁধের দুই কিলোমিটারই ধসে গেছে।

পাকা বেড়িবাঁধের বড় অংশ ধসে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে মাতারবাড়ির ৮০ হাজার বাসিন্দার। বেড়িবাঁধের বাকি এক কিলোমিটার অংশও যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। তেমনটা হলে পুরো ইউনিয়ন সাগরের পানিতে তলিয়ে যাবে বলে এলাকার মানুষ মনে করে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজার কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিম পাশের প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই প্রাকৃতিক দুর্যোগ ও সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বেড়িবাঁধে ভাঙন ধরে। ২০০৪ সালে প্রায় এক কিলোমিটার বাঁধ সাগরে বিলীন হয়ে যায়। পরে ২০০৫ সালে ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করে পাউবো কক্সবাজার। কিন্তু গত বছর ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ আবারও ভেঙে যায়। এরপর এ বছরের ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে আধা কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। সর্বশেষ গত এক মাসে নতুন করে আরও আধা কিলোমিটার বিলীন হয়েছে।

ভাঙা বেড়িবাঁধের কারণে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকির মধ্যে আছে সাইরার ডেইল, সরদারপাড়া, মগডেইল, নয়াপাড়া, ষাইটপাড়া, মশরফ আলি সিকদারপাড়া, মাঝের ডেইল, মাইজপাড়া, হংস মিয়াজির পাড়া, সিকদারপাড়া, মিয়াজিপাড়া ও সর্দারপাড়াসহ ২২টি গ্রামের অন্তত ৮০ হাজার মানুষ।

১৫ জুলাই সরেজমিনে দেখা যায়, মাতারবাড়ি ইউনিয়নের পশ্চিমে সাইরার ডেইল ও ষাইটপাড়ার বেড়িবাঁধের ভাঙা অংশ সগরের তীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাগরের উত্তাল ঢেউয়ে ভাঙছে ঝাউগাছের লাগোয়া বেলাভূমি।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ প্রথম আলোকে বলেন, যেকোনো মুহূর্তে ষাইটপাড়ার বেড়িবাঁধ ভেঙে পুরো এলাকা সাগরে তলিয়ে যাবে। কিন্তু ভাঙা বাঁধ সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না। ফলে আতঙ্কে কাটাচ্ছে এই এলাকার ৮০ হাজার মানুষ।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, নতুন করে বেড়িবাঁধ ভেঙে সাগরে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় এলাকাবাসী অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে। বেড়িবাঁধের বাকি এক কিলোমিটার অংশ ভেঙে গেলে এই ইউনিয়ন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।

জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, ইতিমধ্যে মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়নের প্রায় সাত কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শিগগিরই ভাঙা বাঁধ মেরামত করার উদ্যোগ নেওয়া হবে।