দ্বীপ উপজেলা কুতুবদিয়ার চারদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ রয়েছে ৪০ কিলোমিটার। এর মধ্যে প্রায় ১৭ কিলোমিটার বেড়িবাঁধ কয়েক বছর ধরে ভাঙা। গত বছরের নভেম্বরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে সম্পূর্ণ বিলীন ৩ দশমিক ৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য পাউবো ৩৯ কোটি টাকার দরপত্র আহ্বান করে। ইতিমধ্যে বাঁধ নির্মাণের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু কয়েক দিন আগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাউবোর পাঁচ কর্মকর্তাকে মারধরের ঘটনায় নির্মাণকাজ বন্ধ রয়েছে। বর্ষার আগে অসম্পূর্ণ এই বাঁধের কাজ শেষ করা না হলে দুর্যোগ ও ঝড়-জলোচ্ছ্বাসে এলাকার হাজার হাজার বসতবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন দ্বীপের লাখো মানুষ।পাউবো কর্মকর্তাদের ওপর হামলা:পাউবো সূত্র জানায়, গত মঙ্গলবার উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে বেড়িবাঁধ পরিদর্শনে আসেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ বি এম আনোয়ারুল হকের নেতৃত্বে ২০ সদস্যের পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় উপ-কমিটির একটি প্রতিনিধিদল। কমিটিতে শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক, স্থানীয় কক্সবাজার-২ আসনের সাংসদ এ এইচ এম হামিদুর রহমানসহ পাউবোর কর্মকর্তারাও ছিলেন। তিন সাংসদসহ ৩০ জনের জন্য উপজেলা সদরে পাউবোর বিশ্রামাগারে (রেস্টহাউস) দুপুরের খাবারের আয়োজন করে পাউবো কর্তৃপক্ষ। দুপুর দুইটার দিকে খাবার খেয়ে দলের নেতারা কক্সবাজারের উদ্দেশে কুতুবদিয়া ত্যাগ করেন। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই বাংলোয় জড়ো হয়ে খাবার সরবরাহের দাবিতে হইচই শুরু করেন। পরে দেরিতে খাবার সরবরাহের অভিযোগে পাউবো কর্মকর্তাদের ওপর হামলা চালান। এ সময় হামলায় গুরুতর আহত হন পাউবোর কুতুবদিয়া উপবিভাগীয় প্রকৌশলী ক্যাথেয়োই ওয়ে মারমা, উপসহকারী প্রকৌশলী আবদুস সাত্তার, শামসুল আরেফিন, টেকনিশিয়ান শরিফুল ইসলাম, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি তাজুল ইসলাম, কর্মচারী আবু ছিদ্দিক ও আনোয়ার ইসলাম। আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা: পাউবো কর্মকর্তাদের ওপর হামলা ও মারধরের ঘটনায় ওই দিন কুতুবদিয়া থানায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মাতব্বরকে প্রধান করে ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এজাহারে অজ্ঞাতনামা আরও ৩৫ জনের কথা উল্লেখ রয়েছে। পাউবোর কুতুবদিয়া উপজেলা শাখার উপবিভাগীয় প্রকৌশলী ক্যাথেয়োই ওয়ে মারমা বাদী হয়ে এ মামলা করেন।এ প্রসঙ্গে জানার জন্য একাধিকবার যোগাযোগ করেও অভিযুক্ত আওরঙ্গজেব মাতব্বরকে পাওয়া যায়নি। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ জানান, খাবার নিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে পাউবোর কর্মকর্তাদের বাগিবতণ্ডা হয়েছে, মারামারি নয়। এতে কেউ আহত হয়েছেন কি না, তাঁর জানা নেই। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, পাউবো কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।বেড়িবাঁধের নির্মাণকাজ বন্ধ: নাম প্রকাশ না করার শর্তে পাউবোর এক কর্মকর্তা জানান, পাউবো কর্মকর্তাদের হামলা ও মারধরের ঘটনায় গত মঙ্গলবার থানায় এজাহার দেওয়া হলেও থানার ওসি রহস্যজনক কারণে মামলা নিতে অস্বীকৃতি জানান। পরদিন বিকেলে চাপে পড়ে তিনি মামলা নিতে বাধ্য হন। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাইনউদ্দিন জানান, ‘কুতুবদিয়ায় এখন পাউবোর কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। এ কারণে বেড়িবাঁধের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। পাউবোর কর্মকর্তাদের অনুপস্থিতিতে বাঁধের নির্মাণকাজ চালানো হলে গুণগতমান নিয়ে পরে নানা প্রশ্ন দেখা দেবে। প্রশ্নবিদ্ধ কাজ আমরা গ্রহণ করব না। বিষয়টি ঊর্ধ্বতনমহলকেও লিখিতভাবে জানানো হয়েছে।’ লাখো মানুষ আতঙ্কে ‘আগামী মে মাসের প্রথম দিকে দেখা দিতে পারে নানা প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস। পরের মাস জুন থেকে শুরু হবে বর্ষা মৌসুম। এ সময় ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পুরো গ্রাম তলিয়ে যাবে। বাঁধটা হলে এই বর্ষায় কোনোরকমে বাঁচতে পারতাম। এখন অবশিষ্ট সময়ে বাঁধ নির্মাণও সম্ভব হবে না। তাই বর্ষায় জলোচ্ছ্বাসের আতঙ্কে চোখের ঘুম হারাম হয়ে যাচ্ছে।’উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর গ্রামের লবণচাষি আনোয়ার হোসেন (৫৫) হতাশার সুরে কথাগুলো বলেন। তিনি বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের মতো ঘূর্ণিঝড় হলে পুরো দ্বীপের এক লাখ মানুষকে খুঁজে পাওয়া যাবে না। এর সত্যতা নিশ্চিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, পাউবো কর্মকর্তাদের ওপর হামলা এবং এ ঘটনায় বাঁধ নির্মাণকাজ বন্ধ থাকা মানুষের আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে।