আতঙ্কে বসবাস, তবু পাহাড় ছাড়ছে না ৩০ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ঘরবাড়ি (বাঁয়ে)। কলাতলী পাহাড়ে ঝুঁকিতে বসবাস (ডানে) l প্রথম আলো
কক্সবাজার শহরের লাইটহাউস এলাকায় পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা ঘরবাড়ি (বাঁয়ে)। কলাতলী পাহাড়ে ঝুঁকিতে বসবাস (ডানে) l প্রথম আলো

বর্ষা এলেই আতঙ্ক বাড়ে। ভারী বৃষ্টিপাত হলে রাত কাটে নির্ঘুম। প্রতি মুহূর্তে শঙ্কা। ঘটছে প্রাণহানির ঘটনাও। তারপরও পাহাড় ছেড়ে যাচ্ছে না ঝুঁকিতে থাকা মানুষগুলো। পরিবেশবাদী ও প্রশাসনের হিসাবমতে, কক্সবাজার শহরের ১০টি পাহাড়ে বসবাসকারীদের মধ্যে অতিঝুঁকিতে রয়েছে অন্তত ৩০ হাজার মানুষ।
গত ২৭ জুলাই গভীর রাতে শহরের হিলটপ সার্কিট হাউসসংলগ্ন রাডার স্টেশন এলাকায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। মাটির সঙ্গে মিশে গেছে সাতটি ঘর। এ ছাড়া গত ১০ বছরে কক্সবাজার শহরে পাহাড়ধসে বিভিন্ন সময় মারা গেছে ৯৩ জন।
সরেজমিনে দেখা গেছে, রাডার স্টেশন এলাকায় এখনো ঝুঁকিতে রয়েছে আরও ২০টির বেশি ঘরবাড়ি। এসব ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের লোকজন। এদিকে শহরের পাহাড়তলী, লাইট হাউস ও কলাতলী এলাকায় হাজারো মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হলেও তাঁরা তা কানেই তুলছে না।
কলাতলী গ্রামের গৃহবধূ মনজুমা বেগম (৪৪) জানান, ভারী বর্ষণে তাঁর টিনের ঘরটি যেকোনো সময় বিলীন হতে পারে। তারপরও তিনি তিন ছেলেমেয়ে নিয়ে এই ঘরেই থাকছেন। কারণ অন্য কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই তাঁর।
পাহাড়তলীর মনছুর আলম (৫০) বলেন, ‘গত ৩০ জুলাই ঘূর্ণিঝড় কোমেনের আঘাত হানার খবরে পরিবারের সদস্যদের নিয়ে পাশের একটি আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম। পরদিন সকালে ঘরে এসে দেখি কিছুই নেই। তালা ভেঙে চোরের দল ঘরের চাল, তেল, কাপড়চোপড় নিয়ে গেছে। এসব কারণে ঘরবাড়ি ফেলে মানুষ নিচে নামতে রাজি হচ্ছে না।’
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক শর্মা জানান, গত ছয় দিনের ভারী বর্ষণে শহরের বৈদ্যঘোনা, পাহাড়তলী, লারপাড়া, ঘোনাপাড়া, খাজামঞ্জিল, সার্কিট হাউস, লাইট হাউস ও কলাতলী পাহাড়ের অন্তত ২০টি অংশ ধসে পড়েছে। এ সময় ২৫টির বেশি ঘরবাড়ি বিলীন হয়েছে। জেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট সোসাইটি পাহাড়ে বসবাসকারী লোকজনকে নিচে নেমে আসার জন্য মাইকিং করলেও লোকজনের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়নি। ফলে ঘরবাড়ি ফেলে কেউ নামতে রাজি হচ্ছেন না।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, শহরের ছোট–বড় ১২টি পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্রায় ১৬ হাজার ঘরবাড়ি। এসব ঘরে বসবাস করছেন প্রায় দুই লাখ মানুষ। তাদের বেশির ভাগ মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গা। এর মধ্যে অতি ঝুঁকিতে আছে পাঁচ হাজারের মতো ঘরবাড়ি। এসব ঘরে বসবাস অন্তত ৩০ হাজার মানুষের।
গত ২৯ ও ৩০ জুলাই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক তিনটি দল শহরের কলাতলী, লাইট হাউস, শুকনাছড়ি মুজিবনগর, জেলা কারাগার এলাকা, ডিককুলসহ বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ প্রায় ১০০ ঘরবাড়ি উচ্ছেদ করেন। অন্যান্য ঘরবাড়ি সরিয়ে নিতে মাইকিং করা হচ্ছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপম সাহা জানান, ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ে ফাটল ধরেছে। কিছু পাহাড়খণ্ড ধসে পড়ে ঘরবাড়ি বিলীন হচ্ছে। হতাহতের ঘটনাও ঘটছে। তাই ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারী লোকজনকে সরিয়ে আনা হচ্ছে। পাহাড় থেকে সরিয়ে আনা লোকজনের থাকার জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু এতে তেমন সাড়া মিলছে না।