দক্ষিণ পতেঙ্গা থেকে মধ্যম হালিশহর পর্যন্ত বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ
আতঙ্কে শহর উপকূলের ১৪ লাখ মানুষ
চট্টগ্রাম শহর উপকূলীয় বেড়িবাঁধ চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কোনো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বেড়িবাঁধ ভেঙে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। বেড়িবাঁধের গাছ কেটে বিভিন্ন জায়গায় বস্তি গড়ে তোলা এবং বাঁধের অধিকাংশ জায়গায় পাথর (ব্লক) না থাকায় এমন আশঙ্কা করা হচ্ছে। গত ৩১ মার্চ পতেঙ্গা সৈকত থেকে উত্তর হালিশহর পর্যন্ত বেড়িবাঁধ পরিদর্শন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ আশঙ্কার কথা জানা গেছে। বেড়িবাঁধ রক্ষার জন্য এখনই কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো মুহূর্তে ব্যাপক প্রাণহানি ঘটতে পারে বলে বাঁধসংলগ্ন এলাকার ওয়ার্ড কাউন্সিলররা আশঙ্কা প্রকাশ করছেন।দীর্ঘ ২২ কিলোমিটার এ বেড়িবাঁধ শহরের যেসব এলাকার পাশ দিয়ে গেছে সেগুলো হলো—দক্ষিণ পতেঙ্গা, উত্তর পতেঙ্গা, দক্ষিণ হালিশহর, মধ্যম হালিশহর, উত্তর হালিশহর, দক্ষিণ কাট্টলি ও উত্তর কাট্টলি। এসব এলাকায় প্রায় ১৪ লাখ মানুষ বাস করেন।এদিকে বেড়িবাঁধের এমন অবস্থার জন্য বন বিভাগের কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছেন। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উপকূলীয় বন বিভাগ) ড. সুনীল কুমার কুন্ডু বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড গণহারে বেড়িবাঁধের জায়গা বসতবাড়ি ও অন্যান্য স্থাপনার জন্য ইজারা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, বস্তি গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বেড়িবাঁধের গাছ কেটে ফেলছে। ফলে বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (চট্টগ্রাম কার্যালয়ের) উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেন বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা সরকারের সর্বোচ্চ মহলে বাঁধ উঁচু করার জন্য আট মাস আগে প্রস্তাব দিয়েছি। বাঁধের যে অংশ ভেঙেছে তাতে ব্লক স্থাপন করছি।’ তবে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক বলেন, ‘বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত জায়গায় ব্লক স্থাপনে পানি উন্নয়ন বোর্ড ব্যাপক অনিয়ম করছে। আমি কয়েকবার কাজও বন্ধ করে দিয়েছি।’ তবে অনিয়মের কথা অস্বীকার করেছেন উপসহকারী প্রকৌশলী আকরাম হোসেন। এদিকে স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মকর্তারা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার জন্য একই সঙ্গে সীতাকুণ্ডের জাহাজভাঙা শিল্প ও চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেডের শিল্পবর্জ্যের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (উপকূলীয় বন বিভাগ) বলেন, ‘ইপিজেড থেকে প্রতিদিন বিপুল বিষাক্ত বর্জ্য বঙ্গোপসাগরে ঢুকছে। জাহাজ ভাঙা শিল্পের বর্জ্য এসে জমা হচ্ছে সাগরের কিনারায়। বেড়িবাঁধের বিরাট অংশ জুড়ে জেগে ওঠা চরে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা লাগালেও বিষাক্ত বর্জ্যের কারণে এসব গাছ মারা যাচ্ছে। ফলে বাঁধ রক্ষার জন্য সব উদ্যোগ ভেস্তে যাচ্ছে।’ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পরের বছর পতেঙ্গা সৈকত থেকে সীতাকুণ্ড পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এটি আরও ১০ ফুট উঁচু ও ৬০ ফুট প্রশস্ত করে একই দৈর্ঘ্যের রিংরোড করার জন্য গত ২৮ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে ৮২০ কোটি টাকা ব্যয় সাপেক্ষে একটি প্রকল্প অনুমোদন হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়ন হলে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে চট্টগ্রামবাসী বিশেষ করে উপকূলীয় এলাকার লোকজন রক্ষা পাবে।’ গত ৩১ মার্চ বেড়িবাঁধ পরিদর্শনে গিয়ে দেখা যায়, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড এলাকার অন্তত ১৫টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা গেছে খেজুর তলা এলাকায়। এখানে প্রায় ৫০০ মিটার দীর্ঘ বেড়িবাঁধের বড় একটি অংশ সাগরে বিলীন হয়ে গেছে। ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড এলাকার বেড়িবাঁধের গাছ কেটে অসংখ্য বস্তি গড়ে উঠেছে। এখনো নতুন নতুন বস্তি গড়ে উঠছে। খেজুরতলা এলাকায় বেড়িবাঁধে বেড়া দিয়ে বসতঘর গড়ে তোলার কাজ তদারক করছেন হাতিয়া থেকে আসা নুরুল আলম। ঘর তোলার জন্য অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নদী ভাঙা লোক, যামু কোথায়? তাই এখানেই ঘর বাঁধছি।’ ৪০ নম্বর উত্তর পতেঙ্গার ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল বারেক বলেন, ‘বেড়িবাঁধের গাছ কেটে এসব বস্তিঘর তোলা হয়েছে। এসব বস্তি এখন অপরাধীদের নিরাপদ ঠিকানা।’ সরেজমিনে আরও দেখা যায়, সৈকত থেকে উত্তর পতেঙ্গার চরপাড়া পর্যন্ত বেড়িবাঁধের ওপর পিচঢালা সড়ক নির্মাণ করা হলেও উত্তর হালিশহর আনন্দ বাজার পর্যন্ত বেড়িবাঁধে রয়ে গেছে কাঁচা সড়ক। বাঁধের কোনো কোনো জায়গায় ননম্যানগ্রোভ বনায়ন নেই। এসব জায়গায় সাম্প্রতিক বৃষ্টিতে বাঁধের মাটি ক্ষয় হয়ে বিলীন হচ্ছে সাগরে। উত্তর পতেঙ্গায় তিন কিলোমিটার ও মধ্যম হালিশহরের এক কিলোমিটার অংশে বেড়িবাঁধে ব্লক থাকলেও বাঁধের অন্যান্য অংশে ব্লক নেই। খেজুরতলা থেকে উত্তর কাট্টলি পর্যন্ত বেড়িবাঁধসংলগ্ন সাগরের বিশাল অংশে জেগেছে চর। এসব চরে বিভিন্ন ব্যক্তি ঘের তৈরি করেছে মাছ চাষের জন্য। হালিশহরের ধুমপাড়ার দক্ষিণে একটি সু্লইসগেট দিয়ে ইপিজেডে অবস্থিত বিভিন্ন শিল্পকারখানার বর্জ্য গিয়ে পড়ছে সাগরে। দক্ষিণ পতেঙ্গার ওয়ার্ড কাউন্সিলর নুরুল আবসার বলেন, ‘উপকূলীয় এলাকায় প্রায় ১৪ লাখ মানুষ বাস করেন। কর্তৃপক্ষের কাছে দাবি, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করে জানমালের ক্ষয়ক্ষতি থেকে তাঁদের বাঁচানো হোক।’