‘বৃষ্টি হলেই আতঙ্কে থাকি। নদী ভাঙতে ভাঙতে একেবারে কাছে চলে এসেছে। কয়েক বছর ধরে ভাঙন তীব্র আকার ধারণ করলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি।’ রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের তুলাবান গ্রামের বাসিন্দা প্রবীণ চাকমা (৩২) উদ্বেগের সঙ্গে কথাগুলো বলেন।শুধু প্রবীণ চাকমা নন, আতঙ্ক ভর করেছে ১৫ গ্রামের হাজারো মানুষের মধ্যে। মারিশ্যার বারিবিন্দু ঘাট এলাকায় কাচালং নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। গত কয়েক সপ্তাহে বিভিন্ন সময়ে বর্ষণে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ১০ থেকে ১৫টি ঘরবাড়ি। ভাঙন অব্যাহত থাকলে তুলাবান গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয় লোকজন জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কাচালং নদীতে মিশে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন মারিশ্যা ইউনিয়নের তুলাবান, মহাজনপাড়া, গুচ্ছগ্রাম, পুরান মারিশ্যা, মধ্যমপাড়া, মাস্টারপাড়া, ইমামপাড়া, বাবুপাড়া, এফ ব্লক, বটতলী, মাদ্রাসাপাড়া, হাজীপাড়া, উপজেলা সদর, কলেজপাড়া ও মুসলিম ব্লক গ্রামের হাজার হাজার মানুষ। সরেজমিনে দেখা গেছে, কাচালং নদীর বারিবিন্দু ঘাট এলাকার বড় একটি বাঁক। এ বাঁকের সোজা তুলাবান গ্রাম। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সরাসরি তুলাবান গ্রামে আঘাত হানে। ফলে এ গ্রামে ভাঙন তীব্র ।রুপকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রহ্ম কুমার চাকমা বলেন, বারিবিন্দু ঘাট এলাকায় ইতিমধ্যে একটি যাত্রীছাউনি ও অসংখ্য নারকেল-সুপারিগাছ নদীর গর্ভে চলে গেছে। দ্রুত বাঁধ নির্মাণ না হলে শত শত বাড়িঘর তলিয়ে যাবে। জনপ্রতিনিধিরা জানান, বারিবিন্দু ঘাট এলাকায় দ্রুত ভাঙন রোধে বাঁধ নির্মাণ না করলে ভাঙনের কবলে পড়বে উপজেলা প্রশাসনিক কার্যালয় ও পৌর এলাকাও। মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তন্টুমনি চাকমা বলেন, প্রতি বর্ষায় কাচালং নদীতে ভাঙন দেখা দেয়। এবারও ভাঙনে কয়েক দিনে ১৫ থেকে ২০টি ঘরবাড়ি তলিয়ে গেছে। অথচ ভাঙন রোধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ভাঙন দিন দিন তীব্র হচ্ছে। এ ব্যাপারে পার্বত্য জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমাকে অবগত করা হয়েছে। তিনি ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে পার্বত্য মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডে একাধিকবার আবেদন করা হয়েছে।