আতঙ্কের জনপদ সাতকানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রয়ারি মাসে শুরু। এরপর থেকে অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা এবং গাছ ফেলে সড়ক অবরোধের মতো সহিংসতা চলছেই। জামায়াত-শিবির কর্মীদের লাগাতার তাণ্ডবের কারণে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এখন আতঙ্কের জনপদ।
গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর থেকে সাতকানিয়ায় আজ পর্যন্ত জামায়াত-শিবির কর্মীদের হামলায় ছয় ব্যক্তি নিহত ও ২০০ জন আহত হয়েছেন, কাটা পড়েছে শত শত গাছ, দেড় শ দোকান ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে, মহাসড়কে ভাঙচুর করা হয়েছে ৩০০-এর বেশি গাড়ি। এই পরিস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এলাকা ছেড়েছেন। ঘর ছেড়ে বের হতে ভয় পাচ্ছেন সাধারণ গ্রামবাসীও।
গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে কেরানীহাটে গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও রাতে কাঞ্চনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামানের বাড়িতে হামলার মাধ্যমে সাতকানিয়া উপজেলায় তাণ্ডবের সূচনা করেন জামায়াত-শিবির কর্মীরা। সেদিন কেরানীহাটে প্রায় ১০০ দোকান ভাঙচুর করা হয় ও ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়। রাতে কাজী আসাদুজ্জামানের মোটরসাইকেলটিও জ্বালিয়ে দেয় শিবিরের কর্মীরা। সেই ঘটনার পর সাতকানিয়া উপজেলার আওয়ামী লীগের বহু নেতা-কর্মী ও সমর্থক জামায়াত-শিবির কর্মীদের ভয়ে এলাকা ছেড়েছেন। এখনো অনেকে এলাকার বাইরে অবস্থান করছেন। সর্বশেষ ২৬ ডিসেম্বর সোনাকানিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সরফুদ্দিনকে মির্জাখীল বাংলাবাজার এলাকায় কুপিয়ে আহত করে তাঁর মোটরসাইকেল জ্বালিয়ে দেন জামায়াত-শিবির কর্মীরা।
জামায়াত-শিবির কর্মীদের ভয়ে মামলাও করতে পারছেন না তাঁদের হামলায় নিহত ব্যক্তিদের স্বজনেরা। ১০ ডিসেম্বর রাতে সাতকানিয়ার কেঁওচিয়া এলাকার বাসিন্দা ও আওয়ামী লীগ সমর্থক আবদুল জাব্বারের(২৬) বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে যখম করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা মামলাও করেননি। নিহত জব্বারের বড় ভাই আবদুল মান্নান বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগের সমর্থক ছিল।
এই অপরাধে ১০ ডিসেম্বর রাতে পরিবারের সদস্যদের সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে আহত করে চিহ্নিত জামায়াত-শিবির কর্মীরা। হামলায় তাঁর মৃত্যু হলেও আমরা মামলা করিনি। মমলা করলে আবারও আমাদের ওপর হামলা হতে পারে।’
এসব হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কারণে সাতকানিয়া উপজেলার একটি পৌরসভা ও ১৭টি ইউনিয়নের লোকজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা এলাকার ইলেকট্রনিকস সামগ্রীর দোকানদার মো. জসিম উদ্দিন (৪৩) বলেন, ‘গত ১০ মাস কোনো ব্যবসা করতে পারিনি। প্রতিদিন আতঙ্কে থাকি, কখন দোকানে হামলা হয় এই ভয়ে।’
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মোজাম্মেল হক বলেন, জামায়াত-শিবিরের হামলার হাত থেকে শিশু ও বৃদ্ধরাও রেহাই পাচ্ছে না। তাদের তাণ্ডবের কারণে সাতকানিয়া উপজেলার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে।
এসব হামলার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক প্রথম আলোকে বলেন, যারা কর্মসূচি পালন করছে তারা তো কিছু করতেই পারে। কিন্তু তাই বলে সব দোষ জামায়াত-শিবিরের ঘাড়ে চাপালে হবে না। এখানে ১৮-দলীয় জোটের অন্যান্য শরিক দলও আছে। তা ছাড়া সাধারণ মানুষও সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে। তারাও ক্ষুব্ধ হয়ে অনেক কিছু করে থাকতে পারে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভুঞা প্রথম আলোকে বলেন, এসব সহিংসতার ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীরা জড়িত। তাণ্ডবের ঘটনায় সাতকানিয়া থানায় ৩০টিরও বেশি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে । বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।