আতঙ্কের নগর বুয়েনাভেনতুরা

‘আমরা এখন বাড়ি থেকে বের হতে ভয় পাই৷ কারণ, কোনো নিশ্চয়তা নেই যে আমরা আবার নিরাপদে বাড়ি ফিরতে পারব৷ হয় তারা আমাকে মারধর করবে বা গায়েব করে দেবে, নয়তো খুন করবে৷’ কথাগুলো কলম্বিায়ার বন্দরনগর বুয়েনাভেনতুরার সান হোসে এলাকার এক নারীর৷ নাম প্রকাশ না করার শর্তে এই নারী বলেন, ‘এই এলাকার লোকজন প্রায়ই নিখোঁজ হচ্ছে৷ তারা লোকজনকে ধরে নিয়ে গিয়ে প্রথমে হত্যা করে৷ এরপর লাশ টুকরা টুকরা করে সাগরে ফেলে দেয়৷ আমরা এখন সব সময় আতঙ্কে থাকি৷’
এই ‘তারা’ হচ্ছে কলম্বিয়ার কখ্যাত অপরাধী চক্রের সদস্যরা৷ তাদের ভয়ে গত বছর বুয়েনাভেনতুরা থেকে প্রায় ২০ হাজার লোক অন্যত্র পালিয়ে যায়৷ এই অপরাধী চক্র বহু বছর ধরে সক্রিয়৷ দেশটির সাবেক ডানপন্থী আধা সামরিক বাহিনীর সদস্যরা এই অপরাধী চক্রে যোগ দেওয়ায় এটি শক্তিশালী হয়ে ওঠে৷ সম্প্রতি বুয়েনাভেনতুরায় তাদের সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে৷ এই সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে উরাবেনস ও লা এমপ্রেসা নামের দুটি মাদক চক্রের মধ্যকার লড়াইকে৷
গত সপ্তাহে প্রকাশিত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধী চক্র গোটা বন্দরনগর নিয়ন্ত্রণ করছে৷ তারা নগরের বাসিন্দাদের চলাফেরা সীমিত করে দিয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আয় করছে এবং কেউ তাদের বিরোধিতা করলেই তার সঙ্গে সহিংস আচরণ করছে৷ যেমন: ঘরবাড়ি ভেঙে ফেলছে বা জ্বালিয়ে দিচ্ছে, অঙ্গ-প্রত্যঙ্গ কেটে দিচ্ছে প্রভৃতি৷
২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত বুয়েনাভেনতুরা থেকে ১৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে৷ কলম্বিয়ার অন্য যেকোনো শহরের চেয়ে এই সংখ্যা দ্বিগুণ৷ কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এই সংখ্যা এর চেয়ে অনেক বেশি৷ সহিংসতার শিকার ব্যক্তিদের পরিবার ও স্বজনেরা অনেক সময় ভয়ে মুখ খোলে না৷ এ কারণে প্রকৃত সংখ্যাটা জানা যাচ্ছে না৷
সান হোসে শহরের আরেক বাসিন্দা বলেন, ‘এখানে কাউকে বিশ্বাস করা যাচ্ছে না৷ আট বছরের শিশুরাও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত৷ আপনার হয়তো বিশ্বাস যে শিশুরা কখনো মন্দ হতে পারে না৷ কিন্তু এটাই সত্য যে তারা শয়তান হয়ে গেছে৷’
বুয়েনাভেনতুরার বিশপ রাইট রেভারেন্ড হারমান এপালজা বলেন, দরিদ্রতা ও সুযোগ-সুবিধার অভাবে এসব সহিংস ঘটনা ঘটছে৷
নগরের পুলিশ কমান্ডার কর্নেল হোসে কোরেয়া বলেন, তাঁর বাহিনী অপরাধী চক্রটির বেশ কয়েকজন নেতাকে আটক করতে ও মেরে ফেলতে সক্ষম হয়েছে৷ নেতৃত্বশূন্য হয়ে পড়ায় নিম্নপদস্থ অপরাধীরা আরও বেশি করে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে৷ তিনি আরও বলেন, ‘তবে আমার এই বিশ্বাস আছে যে নিরাপত্তাবাহিনী খুব শিগগির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে৷’
গত সপ্তাহে এই সহিংসতার প্রতিবাদে বুয়েনাভেনতুরার বাসিন্দারা রাজপথে নেমে এসে বিক্ষোভ দেখায়৷ কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোস কয়েক দিন আগে বন্দরনগরটি পরিদর্শন করেন৷ এ সময় তিনি এই সহিংসতা মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন করেন৷ তিনি নগরবাসীকে আরও নিরাপত্তা বিশাল সামাজিক বিনিয়োগের প্রতিশ্রুতি দেন৷ এখন প্রেসিডেন্ট তাঁর প্রতিশ্রুতি রক্ষা করে বুয়েনাভেনতুরাকে নিরাপদ নগরে পরিণত করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়৷
রোকেয়া রহমান, সূত্র: বিবিসি