আতঙ্কের নাম ভাঙা বেড়িবাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে কক্সবাজারের পেকুয়ার কাকপাড়া l প্রথম আলো
ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে কক্সবাজারের পেকুয়ার কাকপাড়া l প্রথম আলো

শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া। টেকনাফের সাবরাংয়ের বঙ্গোপসাগর উপকূলের এই গ্রােম এখন জোয়ার-ভাটা চলছে। কারণ, ভাঙা বেড়িবাঁধ। ওই গ্রামের বেড়িবাঁধ প্রায় দুই কিলোমিটার ভাঙা। বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রাম। যান চলাচল বন্ধ হয়ে গেছে টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের। পশ্চিমপাড়া ছাড়া এই ভাঙা বাঁধের কারণে প্লাবিত হচ্ছে দক্ষিণপাড়া, মাঝরপাড়া, ঘোলাপাড়া, নয়াপাড়া, কাটাবুনিয়াসহ আরও আট গ্রাম।
টেকনাফের এই গ্রামগুলোর মতো এখন ভাঙা বেড়িবাঁধের কারণে আতঙ্কে দিন কাটছে পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলার ৬৪ গ্রামের মানুষের। কক্সবাজার উপকূলে প্রায় ২৪০ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা।
পানি উন্নয় বোর্ড (পাউবো) সূত্র জানায়, জেলায় বেড়িবাঁধ রয়েছে ৫৯৫ কিলোমিটার। গত ৩১ জুলাই ঘূর্ণিঝড় কোমেন ও পূর্ণিমার জোয়ারের ধাক্কায় জেলার টেকনাফ, পেকুয়া, চকরিয়া, কুতুবদিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী উপজেলায় প্রায় ৮২ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ভেঙে গেছে। আংশিক ভেঙে গেছে আরও ১৫৮ কিলোমিটার। এখন জোয়ারের ধাক্কায় আংশিক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলোও ভেঙে যাচ্ছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে উপকূলের প্রায় ১১ লাখ মানুষ।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় শাহপরীর দ্বীপের প্রায় ৪০ হাজার মানুষ উদ্বিগ্ন। ঘরবাড়ি হারিয়ে অনেকে টেকনাফ সদরে আশ্রয় নিচ্ছে। ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় বিলীন হওয়া পাঁচ কিলোমিটার সড়কও তৈরি করা যাচ্ছে না।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিম উল্লাহ জানান, খুরুশকুল, চৌফলদণ্ডী, ভারুয়াখালীসহ শহরের মাঝিরঘাট ও পেশকারপাড়ায় প্রায় সাত কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে কয়েক শ ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। ঝুঁকির মুখে উপকূলের হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, রামু উপজেলার রশিদনগর, জোয়ারিয়ানালা, হাইটুপি, মিস্ত্রিপাড়া ও মুক্তারকূল গ্রামে প্রায় পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ১৮টি গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের সময় এসব গ্রামে হাঁটুপানি জমছে।
রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য আবেদন করেও পাউবোর সাড়া মিলছে না। ভাঙা বেড়িবাঁধ দ্রুত সংস্কার করা না হলে প্রায় ৬০ হাজার মানুষ বিপদে পড়বে।
একইভাবে পেকুয়া উপজেলার উজানটিয়া, কাকপাড়া, শরৎঘোনা ও রাজাখালী; মহেশখালী উপজেলার হামিদখালী, টিয়াকাটি, সাপমারারডেইল, মাতারবাড়ী ও ধলঘাটা; চকরিয়া উপজেলার কন্যারকুম, নাপিতখালী, পুরুত্যাখালী এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবরডেইল, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুংয়ের অন্তত ৪৫ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়েছে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান জানান, পাউবোর প্রায় ২৪০ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ নিয়ে ঝুঁকিতে রয়েছে উপকূলের প্রায় ১১ লাখ মানুষ। জোয়ারের পানিতে বিলীন হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, ঘরবাড়িসহ নানা অবকাঠামো। তার পরও টেকসই বেড়িবাঁধ নির্মিত হচ্ছে না।
জানতে চাইলে পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও পূর্ণিমার জোয়ারে জেলায় ক্ষতিগ্রস্ত ২৪০ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কারের জন্য ১৪৫ কোটি টাকা বরাদ্দ চেয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে আগামী নভেম্বর-ডিসেম্বরে ভাঙা বাঁধের সংস্কার শুরু হবে। তবে জোয়ারের প্লাবন ঠেকাতে জরুরি ভিত্তিতে ৮২টি পয়েন্টে ভাঙা বেড়িবাঁধের সংস্কারকাজ শুরু হয়েছে। এসব কাজের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ৮ কোটি ৭৫ লাখ টাকা।