আতঙ্কের মধ্যে চলে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের করা ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকায় এক নম্বরে আছে পূর্ব গোমদণ্ডী মুন্সী বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। চার কক্ষের বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে আতঙ্কের মধে৵ চলছে পাঠদান।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯০৫ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। শুরুতে মাটির ঘর থাকলেও ১৯৬৬ সালে পাকা ভবন তৈরি করা হয়। ১৯৯৮ সালে এক কক্ষের অফিসঘর নির্মাণ করা হয়। তবে নতুন করে পাঠদান কক্ষ নির্মিত হয়নি। বর্তমানে বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণিতে পড়ছে ৩৩৫ জন শিক্ষার্থী। পাঠদান করছেন সাতজন শিক্ষক। দুই পালায় তাদের পাঠদান চলছে ৫১ বছরের পুরোনো ভবনে।
সরেজমিনে দেখা যায়, ভবনের সাতটি পিলার প্রায় ভেঙে গেছে। তার মধ্যে চারটির অবস্থা একেবারে নাজুক। পিলার থেকে লোহার রড বেরিয়ে এসেছে। এ ছাড়া সব কক্ষের দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। খসে পড়ছে দেয়াল ও ছাদের পলেস্তারা।

বিদ্যালয়ের পিলার ভেঙে বেরিয়ে এসেছে রড (ইনসেটে)। ছবি দুটি ১৮ মার্চ তোলা l প্রথম আলো
বিদ্যালয়ের পিলার ভেঙে বেরিয়ে এসেছে রড (ইনসেটে)। ছবি দুটি ১৮ মার্চ তোলা l প্রথম আলো

শিক্ষক ও অভিভাবকেরা জানান, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। মাঝেমধ্যে ক্লাস চলার সময় খসে পড়ে পলেস্তারা। শিক্ষার্থীরা ভয়ে ভয়ে থাকে।
অভিভাবক ও পৌর ওয়ার্ড কাউন্সিলর আরিফ উদ্দিন বলেন, ‘যেকোনো মুহূর্তে বিদ্যালয়টিতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পরিবারের ছেলেমেয়েরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে। শিশুরা বিদ্যালয়ে গেলে আতঙ্কের মধ্যে থাকি। আশপাশে আর কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছি।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী দাশ বলেন, ‘আমরা বারবার এই দুর্দশার কথা বিভিন্ন দপ্তরকে জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সংস্কারের অভাবে বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পুরোনো ভবনের সঙ্গে ১৯৯৮ সালে নির্মিত অফিস কক্ষটিও ঝুঁকিপূর্ণ। একধরনের ভয়ংকর পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছি।’
এ ব্যাপারে উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না বলেন, উপজেলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রয়েছে পাঁচটি। এর মধে৵ এটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে এক নম্বরে আছে। এ ব্যাপারে জেলা শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে।