আতর, টুপি, তসবিহ, জায়নামাজ...
ঈদের দিন সকালে গোসল সেরেই যেতে হবে ঈদের জামায়াতে নামাজ পড়তে। ঈদের নামাজ আদায়ের জন্য সকাল থেকেই ছেলে-বুড়ো সবার মধ্যেই অন্য ধরনের আনন্দ-উৎ সাহের সৃষ্টি হয়। শিশুরা উদগ্রীব থাকে কখন নামাজে যাবে। নতুন টুপি, আতর, জায়নামাজ ও তসবিহ আনন্দের এই মাত্রাটুকু আরও বাড়িয়ে দেয়। তাই ঈদের নামাজের পরিপূর্ণ আনন্দ পেতে সুন্দর পোশাক-আশাকের পাশাপাশি নামাজের এই অনুষঙ্গগুলোও হওয়া চাই মানানসই ও পরিপাটি। আতর, টুপি, তসবিহ ও জায়নামাজের দরদাম ও খোঁজখবর নিয়েই এ প্রতিবেদন। জায়নামাজ‘ঈদ এলেই বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। রমজান মাসের প্রথম দিক থেকেই বিক্রি শুরু হয়ে যায়।’ বলছিলেন ঢাকার নিউমার্কেটের জায়নামাজ বিক্রেতা ছিদ্দিকুর রহমান। ভেলভেট, সুতি, কার্পেটসহ বিভিন্ন কাপড়ের জায়নামাজ থাকলেও এবার সুতি কাপড়ের জায়নামাজের বিক্রি বেশি। দেশি এসব জায়নামাজ পাওয়া যাবে ১০০ থেকে ৭০০ টাকার মধ্যে। এ ছাড়া চীন ও সৌদি আরব থেকে আনা বিভিন্ন নকশা ও কারুকাজের জায়নামাজ পাওয়া যাবে ৩০০ থেকে ১,২০০ টাকার মধ্যে। আতরঈদের দিন সকালে একটু সুগন্ধি আপনাকে করে তুলবে তরতাজা ও ফুরফুরে। তাই ঈদের দিন সকালে একটু আতর সবার চাই-ই। আতর সাধারণত তোলা হিসেবে বিক্রি হয়। সৌদি আরব, ভারত ও ফ্রান্সের বিভিন্ন ব্র্যান্ডের আতরের পাশাপাশি এবার দেশি আতরেরও বিক্রি বেশি বলে জানান ঢাকার বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আতর বিক্রেতা রফিকউদ্দিন। এবার ফুলের হালকা সুগন্ধযুক্ত আতরের চাহিদা বেশি। দিলরুবা, জেসমিন, ইরানি, ফেরদৌস প্রভৃতি আতরের দাম পড়বে ১৫০ থেকে ২৫০ টাকা। আম্বর কস্তুরি আতর ৩,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা। কিসওয়াতুল কাবা, হ্রদ প্রভৃতি আতর ৫,০০০ থেকে ১০,০০০ টাকা এবং দেশীয় সাধারণ আতর পাওয়া যাবে ৫০ থেকে ৪০০ টাকার মধ্যে।টুপিকারুকাজ ও নকশার মান ভালো হওয়ায় এবার বিদেশি টুপির চেয়ে দেশি টুপির বিক্রি বেশি বলে জানান ঢাকার কাঁটাবন মসজিদ মার্কেটের টুপি বিক্রেতা হারুনুর রশিদ। গোল টুপি ৫০ থেকে ৫০০ টাকা। সোনালি সুতার কাজ করা টুপি ৮০০ থেকে ১,২০০ টাকা। পুঁতির কাজ করা টুপি ১৮০ থেকে ৩০০ টাকা। বাচ্চাদের চুমকি বসানো টুপি ৮০ থেকে ২০০ টাকা। মশারির কাপড়ের (নেট) তৈরি টুপি ও সাধারণ টুপির দাম পড়বে ৫০ থেকে ১২০ টাকা। তসবিহঈদের নামাজের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে তসবিহ। আছে স্টার, আকিক, লাল মারজানসহ বিভিন্ন দামি পাথরের তসবিহ। এ ছাড়া রয়েছে প্লাস্টিকের দানার তৈরি তসবিহ এবং সাধারণ পাথরের তসবিহ। স্টার পাথরের তসবিহ পাওয়া যাবে ১,২০০ থেকে ৫,৫০০ টাকার মধ্যে। লাল মারজান পাথরের তসবিহ ১,০০০ থেকে ৪,০০০ টাকা। আকিক পাথরের তসবিহ ১,২০০ থেকে ৮,০০০ টাকা। প্লাস্টিকের দানার তৈরি তসবিহ ২০ থেকে ৩০০ টাকা এবং সাধারণ পাথরের তসবিহ পাওয়া যাবে ৮০ থেকে ২৫০ টাকার মধ্যে। যেখানে পাওয়া যাবেঢাকার বায়তুল মোকাররম মসজিদ মার্কেট, গুলিস্তান, নিউমার্কেট, বসুন্ধরা সিটি, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাজা, মৌচাক মার্কেট, প্রিন্স প্লাজা, কাকরাইল মসজিদ মার্কেটসহ ফুটপাতের বিভিন্ন দোকানেও পাওয়া যাবে এসব জিনিসপত্র।