মেহেরপুরের মেয়ে আতিয়া পারভীন নিজের নামের সামনে মাঝেমধ্যে ডক্টরেট ডিগ্রিটা লাগিয়ে দেখেন নামটা দেখতে কেমন লাগে! আপন মনেই বলে ওঠেন, ‘আহ্, বেশ লাগছে তো! বেশ মানিয়েছে।’ সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চূড়ান্ত পরীক্ষার ফলাফলে আতিয়া পারভীন প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। এর মধ্যে দিয়ে আতিয়া নিজের স্বপ্ন পূরণের পথে আরও একধাপ এগিয়ে গেছেন।পরিবারে মা-বাবা তিন ভাই-বোনসহ মোট পাঁচজন সদস্যের জন্য একমাত্র কর্মক্ষম ব্যক্তি বাবা। ছোটবেলা থেকেই তাই শিখেছেন কীভাবে নিজের হাতখরচ নিজেকে চালাতে হয়। আতিয়া জানান, ‘সত্যি কথা বলতে কি, রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা আমার কাছে পছন্দের শীর্ষে ছিল না। ইচ্ছা না থাকা স্বত্বেও শেষ পর্যন্ত ভর্তি হয়ে যাই এখানে। পরে সিদ্ধান্ত নিই, যে করেই হোক ভালো ফলাফল করতে হবে। তা না হলে রাজধানীর এই যান্ত্রিক জীবনে হারিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না।’বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই আতিয়া নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করেছেন। সে জন্য করতে হয়েছে এক বা একাধিক টিউশনি। কিন্তু সে জন্য পড়াশোনার ক্ষতি হতে দেননি। বিশেষ কোনো সমস্যা না থাকতে দিনের পড়া দিনেই শেষ করেছেন। তাই ফাইনাল পরীক্ষায় কোনো চাপ তৈরি হয়নি।পড়াশোনায় অন্তপ্রাণ আতিয়া পড়াশোনার ফাঁকে ফাঁকে লেখালেখিও করেন। ছোটগল্প, ছড়া, কবিতা নিয়ে তাঁর নিত্যদিনের কাজ-কারবার। প্রিয় লেখক সমরেশ মজুমদার। সব সময় তিনি কিছু না কিছু পড়তে পছন্দ করেন। ব্যাগের ভেতর থেকে বের করে দেখালেন, মানিক বন্দ্যোপাধ্যায়েরপুতুল নাচের ইতিকথা। বুঝতে পারলাম, পড়ুয়া বটে! যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লেখক সংঘের সহকারী সম্পাদক পদে।সম্মান চূড়ান্ত পরীক্ষার এই ফলাফলকে ধরে রেখে তিনি স্নাতকোত্তরেও নিজের সেরাটা দিয়ে দিতে চান এবং অনেক আত্মবিশ্বাসীও বটে। ভালো ফলাফলের জন্য মা, বাবা, আপু, শিক্ষক সবার কাছ থেকে তিনি আন্তরিক সহযোগিতা পেয়েছেন। তবে বিভাগের চেয়ারপারসন এস এম আনোয়ারা বেগমের কাছে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছেন বলে আতিয়া জানান।জীবনটা যতই যান্ত্রিক হোক, মনটা তো আর বাধা মানে না। আর তাই তো একঘেয়েমি চলে আসে বারবার। একঘেয়েমি কাটাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, ঘুরে বেড়ান। আর স্বপ্ন দেখেন, শিক্ষকতার মহৎ পেশায় নিজেকে নিয়োজিত করার।