আত্মগোপনের নিরাপদ স্থান দীঘিনালা!
খাগড়াছড়ির দীঘিনালা থেকে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন একটি মুঠোফোন কোম্পানির টাকা ছিনতাই মামলার আসামি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দীঘিনালা থানায় উপস্থিত হয়ে জানান সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছিল। এ ছাড়া উপজেলায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে একাধিকবার। সাম্প্রতিক সময়ে এলাকায় অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে। অতীতে জঙ্গিগোষ্ঠীর তৎপরতাও দেখা গেছে এই এলাকায়। এই পরিস্থিতি মাথায় রেখে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি।এ প্রসঙ্গে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘সম্প্রতি উপজেলায় কিছু ঘটনা ঘটেছে যে কারণে আমরা নজরদারি বাড়িয়েছি। সমতলের অপরাধ জগতের লোকেরা পাহাড়কে আত্মগোপনের জন্য নিরাপদ মনে করে, এটা মিথ্যা নয়। অপরিচিত বা সন্দেহজনক কোনো লোকের আনাগোনা দেখলে পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীকে অনুরোধ করছি।’ সম্প্রতি চট্টগ্রামের বোয়ালখালীতে বেসরকারি মুঠোফোন অপারেটর ‘রবি’র পরিবেশকের ১০ লাখ টাকা ছিনতাই হয়। আলোচিত এই মামলার আসামি মোহাম্মদ মিলটনকে (২৬) ৮ মে দীঘিনালা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরদিন ৯ মে দীঘিনালা থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নূর উদ্দীন। তিনি থানার পুলিশের কাছে দাবি করেন তাঁকে অপহরণ করা হয়েছিল। যদিও স্থানীয় পুলিশ ঘটনাটিকে রহস্যজনক বলেই মনে করছে। এর আগে গত ১২ এপ্রিল দীঘিনালায় নিজবাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) দীঘিনালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপ্রাণো চাকমা (৪৫)। গত ২৩ এপ্রিল নৃশংসভাবে খুন হন কৃষক নূর আলী (৪৫)।এদিকে ছিনতাই মামলার আসামি মিলটনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক। ৯ মে দুপুর ১২টা ৪৫ মিনিটে দীঘিনালা থানায় হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নূর উদ্দিন। ১১ মে বিকেলে তাঁকে বোন কানিজ পারভিন ও ভগ্নিপতি সোহেলের জিম্মায় দেওয়া হয়। ৭ মে শিক্ষক নূর উদ্দিন রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এনামুল হক নামে এক ছাত্রের মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠান। এসএমএসে লেখেন—‘ওরা আমাকে অপহরণ করে বন্দী করে রেখেছে। প্লিজ, ডু সামথিং ফর মি।’ খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, শিক্ষকের অপহরণের ঘটনাটি রহস্যঘেরা। হয়তো তিনি কাউকে ফাঁসাতে অপহরণের মতো নাটক সাজিয়েছেন। উল্লেখ্য, ২০০৫ সালে জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই দীঘিনালার চংড়াছড়ি গ্রাম সফর করেন। চংড়াছড়ির ভূঁইয়াছড়ি গ্রামে জেএমবির প্রশিক্ষক আবু জার সেখানে জঙ্গি প্রশিক্ষণ দিয়েছিলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২০০৫ সালের ১৯ আগস্ট জেএমবির উপজেলা আমির এমাদুল মাস্টারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। এখনো বিল্লাল হোসেন নামে এক জেএমবি সদস্য পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।