আত্মঘাতী বোমারুর বেশে এক প্রতিবাদী নারীশিল্পী

বৈরুতের পথে পথে এক নারী ঘুরে বেড়াচ্ছেন আত্মঘাতী বোমারুর বেশ ধারণ করে। আপাদমস্তক কালো পোশাকের ওপর বুকে-পিঠে নকল বোমা বাঁধা তাঁকে দেখে প্রায়ই চমকে ওঠেন অনেকে, অনেকেই ভয় পান, কেউ কেউ বিষয়টা বুঝতে পেরে ঠাট্টাও করেন আবার কেউ বা বোঝার চেষ্টা করেন এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না!
একের পর এক বোমা হামলায় ক্ষতবিক্ষত হতে থাকা মাতৃভূমি লেবাননের প্রতি সবার নজর ফেরাতেই এ অভিনব প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন শিল্পী রিমা নাজদি। এমনিতে বার্লিনপ্রবাসী এই শিল্পী এখন ছুটির দিনগুলোতে বৈরুতে চলে আসেন আর নগরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত রাস্তা-ঘাট, উদ্যান-বাজারে ঘুরে বেড়ান বুকে-পিঠে নকল বোমা বেঁধে নিয়ে। আত্মঘাতী বোমারুর বেশে তাঁকে দেখে মানুষ কী প্রতিক্রিয়া করে, তা দেখতে-বুঝতে চান বহুমাত্রিক শিল্পচর্চায় যুক্ত এ নারী। এক খবরে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
বৈরুতের শহরতলিতে এবং শিয়া-অধ্যুষিত এলাকা দাহিয়ায় সম্প্রতি মারাত্মক বোমা হামলায় বহু মানুষের প্রাণহানি আর বিপুলসংখ্যক মানুষের আহত হওয়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইসহ ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকা লেবাননে গাড়িবোমা ও আত্মঘাতী বোমা হামলা প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।

সাম্প্রতিক এ দুই বোমা হামলার একটির সময় বৈরুতেই ছিলেন এবং বিস্ফোরণের প্রচণ্ড শব্দও শুনেছেন নাজদি। আশপাশের মানুষের আতঙ্কগ্রস্ত মুখ আর ভীতি তাঁকে ভীষণ নাড়া দেয়। নিজেকেই প্রশ্ন করেন তিনি, ‘আমার কাছেই কি কোথাও কোনো বোমা লুকিয়ে আছে? আমি কি এখনই মারা যাব?’ নাজদির বন্ধুরাও তাঁকে একই রকম আতঙ্কে থাকার কথা জানিয়েছেন। সবার মধ্যেই একটা ভীতি, ‘যেকোনো সময়ই মারা যেতে পারি আমরা।’
নিজের এবং মানুষের এ আতঙ্কই অভিনব এ প্রতিবাদে নামতে অনুপ্রাণিত করেছে শিল্পী রিমা নাজদিকে। তাঁর সঙ্গী হয়েছেন এবং কাজে সাহায্য করেছেন বন্ধু শিল্পী মারিয়া কাসসাব, স্যান্ডি শামাউন, রয় দিব ও ডানা দিয়া। আত্মঘাতী বোমারুর বেশে বৈরুতের পথে পথে ঘুরে বেড়িয়ে নাজদির এই শিল্পিত-প্রতিবাদের ছবি তুলেছেন, ভিডিও করেছেন, লোকজনের প্রতিক্রিয়া, কথাবার্তার অডিও রেকর্ড নিয়েছেন বন্ধু শিল্পীরা।
বৈরুতে এই আর্ট-পারফরম্যান্সের ছবি-ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম সাইটগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছে দুনিয়াব্যাপী। লেবাননসহ আলজেরিয়া, তুরস্ক, ইয়েমেন থেকেও এ বিষয়ে অনেকের প্রতিক্রিয়া পেয়েছেন বলে জানান নাজদি।
বৈরুতে সামনাসামনি তাঁকে দেখে মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে বলেই জানান এই শিল্পী। তবে তিনি বলেন, ‘একজন পুরুষ এই পারফরম্যান্সটা করলে তা অনেক বেশি কৌতূহলোদ্দীপক হতো।’ তিনি বলেন, ‘আমি মনে করি লৈঙ্গিক পার্থক্য মানুষের প্রতিক্রিয়ায় বড় ধরনের প্রভাব বিস্তার করে।’ অনেক বিচিত্র বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে উল্লেখ করে নাজদি জানান, একদিন এই বেশে হাঁটতে দেখে এক পুরুষ তাঁকে বলেছেন, ‘আত্মঘাতী বোমারুরা যদি দেখতে তোমার মতো হতো, তাহলে মরে যেতেই খুশি হতাম আমি!’