আত্মজা
‘দেহের ভেতর ছোট্ট আর এক দেহ, মনের ভেতর পুষলাম আর এক মন’—মেরিল বেবি লোশনের এই বিজ্ঞাপনচিত্রটির দিকে অপলক চোখে চেয়ে থাকা আমার ছোট বোনটি তার স্বপ্নের সন্তানটিকে এ পৃথিবীতে উত্তরসূরি করে পাড়ি দিল না ফেরার দেশে।‘মা’ হওয়ার স্বপ্ন প্রতিটি মেয়েই দেখে, কিন্তু নিজের জীবনের বিনিময়ে মা হওয়া কেন সোনাবোন? বড় ভাইবোনদের সন্তানদের কপালে টিপ পরিয়ে ঘুম পাড়ানির গান গেয়ে কখন বড় করলে, কখন নিজেও বড় হলে, বুঝতে পারিনি। পড়ালেখা শেষ করলে, সরকারি চাকরিতে যোগদান করলে আর মাত্র আট বছরের বিবাহিত জীবনের সব হিসাব চুকিয়ে পরপারে চলে গেলে। তোমার সঙ্গে কথা হতো প্রায় প্রতিদিন সন্ধ্যায়, ২০১০ সালের রমজান মাসে তোমার কষ্টের শেষ সময়গুলোতে তুমি ফোনে প্রায়ই বলতে, ‘এই রমজানেই আমার কষ্ট, না আপা? কোরবানির ঈদের সময় আর কষ্ট থাকবে না, তাই না আপা?’—বলেছিলাম ‘হ্যাঁ’। আমার সোনাপাখি বোনটির কষ্ট সত্যিই কোরবানি ঈদের সময় ছিল না, তার আগেই সব কষ্টের ঊর্ধ্বে চলে গেল। ডাক্তার তোমার জীবনের আশঙ্কা করেছিল বটে, তবে তোমার সন্তানটির সম্পর্কে কোনো আশা দেয়নি; বরং জন্মের পাঁচ ঘণ্টা আগেই জানিয়ে দিয়েছিল বাচ্চাটির ‘বিট’ নেই। ডাক্তারদের এসব কথা তুমিও শুনেছিলে। এ জন্যই কি তোমার ‘জান’ তোমার সোনাপাখির জন্য করুণাময়ের দরবারে কবুল করে গেলে? সন্তান জন্মের পর সামান্য সময়ের জন্য জ্ঞান ফিরলে আমার কাছে তোমার প্রথম উচ্চারণ, ‘আপনারা মনে কিছু রাইখেন না, মনে কিছু নিয়েন না’—বলে তুমি কি তোমার অনন্ত পথে যাত্রার ইঙ্গিত দিয়েছিলে? যে সন্তান জন্মের সময় কাঁদেনি, শুধু নাক-কান-মুখ দিয়ে রক্ত পড়ছিল, সিসিইউতে দীর্ঘ আট দিন অক্সিজেন নিয়ে মৃতবৎ পড়ে ছিল, ডাক্তার যেখানে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা, ৭২ ঘণ্টা—এভাবে সময় দিয়েই যাচ্ছিল। তোমার সেই কষ্টের আরাধ্য সন্তান তোমার জানাজার সময়টিতে প্রথম কেঁদে ওঠে। হসপিটালের ডাক্তার আমাদের এ সুসংবাদ জানাতে ফোন করে। করুণাময়ের অশেষ কৃপায় অক্সিজেন ছাড়া সে বাঁচতে শুরু করে এবং এখন সে সুস্থ ও সুন্দরভাবে বড় হচ্ছে তোমার মেজো আপার কোলে। তোমার মেজো আপা এখন তোমার ছেলের কপালে টিপ পরায়, ঘুম পাড়ানির গান গায়, কাজলা দিদির কবিতা শোনায় আর দুই চোখের পানি তোমার ছেলের কপালে, চিবুকে গড়ায়। তোমার দাদা তোমার ছেলেকে বুকে নিয়ে আদর করে, হাউমাউ করে কাঁদে। তোমার ভাইয়া এখনো পুকুরধারে বসে ঘাটের খুঁটি দেখে—যে খুঁটি ধরে তোমরা দুজন সাঁতার শিখেছিলে, আর যখন তখন তোমার মাটির ঘরটির মাটি ঠিক করতে যায়, হাত বুলিয়ে ঘরটিতে আদর দিয়ে আসে। তোমার চিনি আপু তোমার ছেলে সোনাপাখির একটু শব্দ একদিন না শুনতে পেলে কষ্টের সাগরে তলিয়ে যায়। মাঝেমধ্যে আমরা তিন বোন সোনাপাখিটিকে ঘিরে রাতে ঘুমাই। অনেক রাতে তিন বোনই চুপিচুপি আধবোজা হয়ে থাকি, মনে হয় এই বুঝি তুমি সোনাপাখিটির কাছে এলে। মা হওয়ার সব কষ্টই তুমি পেলে, কিন্তু সন্তানের মুখটি দেখার সৌভাগ্য, তৃপ্তি তোমার হলো না। করুণাময়ের দরবারে প্রার্থনা করি, তিনি যেন পরকালে মা ও সন্তানের মিলন ঘটান।(মরহুম প্রভাষক শাকিলা আক্তার বানু স্মরণে)সাহিনা আক্তার বানুসহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ, ঢাকা।