আত্মতুষ্টিতে বিএনপি নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পলোগ্রাউন্ড মাঠের জনসভায় বিপুল জনসমাগম দেখে চট্টগ্রামের বিএনপির নেতারা এখন আত্মতুষ্টিতে আছেন। চট্টগ্রাম অভিমুখে চার দলের রোডমার্চ ও জনসভায় মানুষের ব্যাপক সম্পৃক্ততায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও খুশি। তবে কমিটি গঠন নিয়ে বিরোধের আশঙ্কা করছেন নেতা-কর্মীরা। বেগম খালেদা জিয়ার চট্টগ্রামের সমাবেশকে ঘিরে বিএনপির বিবদমান নেতা-কর্মীরা একমঞ্চে চলে আসেন। একসঙ্গে রোডমার্চ ও জনসভার প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় কর্মী-সমর্থকদের মনোবল চাঙা হয়। এ কারণে বিএনপির সাম্প্রতিক কর্মসূচিতে কর্মী-সমর্থকদের উপস্থিতি বেড়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, চট্টগ্রামে বিএনপির রাজনীতি বহুধাবিভক্ত। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন নিজ নিজ অনুসারীদের নেতৃত্ব দিয়ে আসছেন। রোডমার্চ ও পলোগ্রাউন্ডের জনসভা উপলক্ষে তাঁরা সবাই একমঞ্চে চলে আসেন। তাঁদের বক্তব্যে এখনো ঐক্যের সুর শোনা যাচ্ছে। এদিকে, পলোগ্রাউন্ডের সমাবেশ শেষ হওয়ার পর বেগম খালেদা জিয়া চট্টগ্রাম সার্কিট হাউসে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন। সমাবেশে ব্যাপক উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। নেতাদের উদ্দেশে বলেন, ‘চট্টগ্রামবাসীর ওপর আমার আস্থা আছে। বরাবরই তারা আমাদের পক্ষে ছিল। এবারও তারা প্রমাণ করেছে, বিএনপি একমাত্র জনগণের দল।’ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘অতীতের আন্দোলন-সংগ্রাম চট্টগ্রাম থেকে শুরু হয়। এবারও পলোগ্রাউন্ডের জনসভায় লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে আমাদের চেয়ারপারসন খুশি হয়েছেন। বিএনপির ওপর চট্টগ্রামবাসীর আস্থা আছে, যা বেগম জিয়া সমাবেশ শেষ হওয়ার পরই মন্তব্য করেছেন।’চট্টগ্রামে দলীয় নেতাদের ঐক্য ধরে রাখা যাবে কি না, জানতে চাইলে নোমান বলেন, ‘আন্দোলন-সংগ্রামে আমাদের মধ্যে কোনো বিভক্তি ছিল না। তবে সাংগঠনিক কিছু সমস্যা আছে। এ ব্যাপারে কেন্দ্র সবকিছু জানে। আন্দোলন জোরদারে যাদের ঐতিহ্য আছে, তাদের সবাইকে নিয়ে কমিটি গঠন হবে বলে আমি আশাবাদী। কেন্দ্র থেকে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।’ দলের মধ্যে সাংগঠনিক কোনো বিভক্তি নেই বলে দাবি করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ভবিষ্যতেও সবাইকে নিয়ে আন্দোলন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া হবে।’ বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, নগর বিএনপির কমিটি সম্প্রসারণ এবং যুবদলের কমিটি নিয়ে কোন্দল দেখা দিতে পারে। পছন্দের ব্যক্তিদের কমিটিতে জায়গা করে দেওয়া নিয়ে জ্যেষ্ঠ নেতারা বিভক্ত হয়ে পড়তে পারেন বলে একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন। যুবদলের একজন নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘পলোগ্রাউন্ডের জনসভা দলীয় নেতা-কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে হলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি গঠন জরুরি। সব পক্ষের নেতাদের নিয়ে কমিটি না হলে দলের ভেতর বিভক্তি অনিবার্য।’