আত্মপ্রত্যয়ী হন, টাকা বাধা হয়ে দাঁড়াবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীর উদ্দেশে বক্তব্য রাখছেন সাবিরুল ইসলাম। ছবি: এম সাদেক, কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীর উদ্দেশে বক্তব্য রাখছেন সাবিরুল ইসলাম। ছবি: এম সাদেক, কুমিল্লা

বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ব্রিটিশ উদ্যোক্তা সাবিরুল ইসলাম বলেছেন, অন্যের ওপর নির্ভরশীল না হয়ে আত্মপ্রত্যয়ী হতে হবে। এ ক্ষেত্রে টাকা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। ইতিবাচক (পজেটিভ) মানসিকতা ও কঠোর পরিশ্রম থাকলে কোনো তরুণকে কেউ আটকাতে পারবে না। তাই নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন থাকতে হবে। জীবনে পরিবর্তন আনতে হবে। আর ওই পরিবর্তন আনতে হলে কাউকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে, এমন কোনো কথা নেই। হতাশ হলে চলবে না।

আজ শুক্রবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলরুমে তিন শতাধিক শিক্ষার্থীর উদ্দেশে সাবিরুল ইসলাম এসব কথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে মার্কেটিং ক্লাবের আয়োজনে ও রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্টের সহ ব্যবস্থাপনায় ওই আয়োজন করা হয়। দেশব্যাপী সাবিরুলের এ বক্তৃতার সহযোগী প্রথম আলো।

সাবিরুল ইসলাম বলেন, ‘তরুণদের সামনে অপার সম্ভাবনা। ওই সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি স্বপ্ন দেখতে হবে। চ্যালেঞ্জিং পথে এগুতে হবে। জীবনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। উপরে উঠতে হবে। সুখী জীবন গড়তে হবে। বিশ্বের বিভিন্ন দেশে আমি ঘণ্টার পর ঘণ্টা বক্তব্য রেখেছি, সবার চোখে উদ্যমী মনোভাব দেখেছি। ওই প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাই‌রেও অর্জিত জ্ঞান অর্জন করে নিজেদের সমাজ ও দেশের কল্যাণের জন্য প্রস্তুত করতে হবে।

ঘণ্টাব্যাপী আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রধান মুহম্মদ আহসান উল্যাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মার্কেটিং বিভাগের প্রভাষক নাহিদ শাহ ও মো. মঈনুল হাছান, কুমিল্লার বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা ও ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম।

বক্তব্যের পর সাবিরুল শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর তিনি কুমিল্লাকে বাংলাদেশের একটি ব্যতিক্রম জেলা হিসেবে আখ্যায়িত করে বলেন, এখানকার মানুষ পড়াশোনাপ্রেমিক। সংস্কৃতি, শিল্প ও সাহিত্যে বেশ এগিয়ে এ জেলা। তাই তরুণ প্রজন্মকে জাগতে হবে।
উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘যাদের পুঁজি নেই, অর্থ নেই, কিন্তু মেধা আছে, তারা সাবিরুলের বক্তব্যকে ধারণ করে সামনে যেতে পারবে। তোমরাই একদিন মানুষকে চাকরি দেবে।

আরও পড়ুন: