‘আত্মবিশ্বাস এমন এক অধ্যায়, যা বদলে দিতে পারে চিন্তাশক্তিকে। ভাবাতে পারে নতুন করে। নিজেকে গণ্ডির ভেতর আবদ্ধ না রেখে পাখির মতো উড়ে যাওয়ার সাহস জোগাও। দেখবে সবাইকে ছাড়িয়ে যাবে তুমি।’
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) পরিদর্শন করতে এসে শিক্ষার্থীদের উদ্দেশে কথাগুলো বলেন ভারতের মানবসম্পদ বিশেষজ্ঞ অপর্ণা শর্মা। সম্প্রতি নগরীর প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে ইডিইউর শিক্ষা কার্যক্রম পরিদর্শন করতে আসেন তিনি। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাচার্য, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
অপর্ণা শর্মা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘কখনো চেষ্টা থেকে বিরত থাকবে না। তোমার লক্ষ্য হবে সামনে এগিয়ে যাওয়ার। মনে রাখবে, সাফল্য তিনিই পান যিনি হাল ছেড়ে দেন না। প্রতিকূলতা থাকবে। আসতে পারে প্রতিবন্ধকতা। তাতে কি দমে যাবে তোমার সাফল্যে পৌঁছানোর চেষ্টা?’
নিজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে অপর্ণা শর্মা বলেন, ‘ভারতে উচ্চশিক্ষার পর আমি একটি চাকরির জন্য হন্যে হয়ে ছুটেছি। কিন্তু মেয়ে বলে অনেক প্রতিষ্ঠান আমাকে ফিরিয়ে দিয়েছে। হয়তো বেশি পরিশ্রম করতে হবে কিংবা মেধা খাটাতে হবে বলে তারা আমাকে যোগ্য মনে করেনি। কিন্তু আমি হাল ছাড়িনি। বারবার আত্মবিশ্বাস সঞ্চয় করে এগিয়ে গেছি।’
অপর্ণা শর্মা আরও বলেন, পৃথিবীর সব বড় প্রতিষ্ঠান এখন মানবসম্পদ বিভাগের অধীনে। বাংলাদেশেও এই সেক্টর অনেক এগিয়ে গেছে। দক্ষ, যোগ্য, অঙ্গীকারবদ্ধ ও উদ্যমী মানবসম্পদ গড়ে উঠছে এই অঞ্চলে। বিষয়টি ইতিবাচক।
এর আগে অপর্ণা শর্মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার শামস-উদ-দোহা, এমবিএ প্রোগ্রাম কো–অর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ফরিদ এ সোবাহ্নী প্রমুখ।
প্রসঙ্গত, অপর্ণা শর্মা ২০ বছরের বেশি সময় ধরে ভারতে মানবসম্পদ শাখা নিয়ে কাজ করছেন। ২০১৬ সালে এই শাখায় বিশেষ কৃতিত্বের জন্য এমটিসি গ্লোবাল আউটস্ট্যান্ডিং করপোরেট অ্যাওয়ার্ড, ২০১৩ সালে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস অ্যান্ড ইনস্টিটিউট অব পাবলিক এন্টারপ্রাইজ ঘোষিত ওমেন এচিভারস অ্যাওয়ার্ড ও ২০১২ সালে স্টার নিউজ ঘোষিত এইচআর সুপার এচিভার অ্যাওয়ার্ড লাভ করেন।