‘ছায়াছবিতে মারধরের দৃশ্য দেখলে মনে মনে ভাবতাম—ইস, আমিও যদি কারাতে জানতাম! তাহলে নায়কের মতো খারাপ লোকদের শায়েস্তা করে দিতাম। আর এখন সত্যি সত্যি আমি সেই কারাতের প্রশিক্ষণ নিচ্ছি। এখন আমার মনে অনেক সাহস। হাত-পা চালিয়ে একাই কয়েকজন সমবয়সীকে থামিয়ে দিতে পারি।’ ৮ জুলাই সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে কারাতে শিখতে আসা শহরের প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবদুল হান্নান (১৩) এসব কথা বলে।হান্নান জানায়, গত ২০ জুন থেকে তারা ১৬ জন ছেলেমেয়ে ২১ দিনব্যাপী উশু প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এখন উশু সম্পর্কে তাদের অনেক কিছু জানা হয়ে গেছে। দেখা গেছে, সৈকতের বালুচরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উশু প্রশিক্ষণ নিচ্ছে বিদ্যালয়পড়ুয়া এই শিক্ষার্থীরা। নির্জন সাগরতীরে শিক্ষার্থীদের ‘উ-আ’ শব্দ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। পর্যটকেরা পাশে বসে দেখতে থাকেন খুদেদের মারামারির দৃশ্য। সৈকতে শিক্ষার্থীদের উশু প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষক ডি এম রোস্তম। তিনি জানান, উশু শিশু-কিশোরদের শারীরিক উৎকর্ষ সাধন করে। ব্যায়ামের ফলে তাদের ক্ষুধা বেড়ে যায়। সৈকতের মতো খোলা জায়গায় অনুশীলন হওয়ায় ওরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উশু প্রশিক্ষণ নিতে আসা বিয়াম ল্যাবরেটরি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাবরিনা ইনা (১২) জানায়, ‘আত্মরক্ষার জন্য উশু প্রশিক্ষণ নিচ্ছি। রাস্তাঘাটে এখন মেয়েরা ইভ টিজিংয়ের শিকার হচ্ছে। উশু জানা থাকলে বখাটেরা এ সুযোগ পাবে না।’ আরও কয়েকজন শিক্ষার্থী জানায়, লেখাপড়ার পর তারা অনেক সময় বাজে আড্ডায় সময় নষ্ট করে ফেলে। এখন ওই সময়টুকু তারা প্রশিক্ষণে বিনিয়োগ করে নিজেকে গড়ে তুলছে। জাতীয় ক্রীড়া পরিষদের আর্থিক সহযোগিতায় জেলা স্টেডিয়াম ও সৈকত এলাকায় খুদে শিক্ষার্থীদের ২১ দিনব্যাপী এই উশু প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা। বলা যায়, সরকারি পর্যায়ে এটি প্রথম প্রশিক্ষণ কার্যক্রম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জসিম উদ্দিন জানান, প্রথম আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনূর্ধ্ব-১৪ বছরের ১৬ শিশুকে (মেয়ে তিনজন) এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। ৯ জুলাই অংশগ্রহণকারী শিশুদের সনদ দেওয়ার মাধ্যমে কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। শিশুদের মধ্য থেকে জাতীয়ভাবে দুজনকে (আমির হোসেন ও রুমা আক্তার) জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়েছে। তারা কিছুদিন পর চীনে গিয়ে উশু প্রতিযোগিতায় অংশ নেবে।