আত্মরক্ষায় কারাতে শিখছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু-নিচু পাহাড় আর টিলা পরিবেষ্টিত গ্রামটি সেগুন গাছে ভরা। গ্রামের নামও সেগুনবাগিচা। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এই গ্রামে ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি স্থাপিত হয় দীপশিখা গার্লস একাডেমি। একাডেমির তিনদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে সড়ক। বলা যায়, পাহাড়ের মাঝেই বিদ্যালয়টির অবস্থান। এই একাডেমিতে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে লেখাপড়া। তারপর বিদ্যালয়ের মাঠে চলে শিক্ষার্থীদের আত্মরক্ষার প্রশিক্ষণ। দুর্গম গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের কারাতে-কুুংফুর প্রশিক্ষণ জেলাব্যাপী সাড়া ফেলেছে। উচ্চবিদ্যালয় পড়ুয়া মেয়েদের পাশাপাশি কারাতে-কুংফু শেখানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিশুদেরও। বিষয়টি এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা সৃষ্টি করেছে। দেখাদেখি অন্যান্য এলাকাতেও এমন প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কক্সবাজার শহর থেকে ৩০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি গ্রাম সেগুনবাগিচায় দীপশিখা একাডেমি এই ভিন্নধারার প্রশিক্ষণের আয়োজন করেছে। আর এই ব্যতিক্রমধর্মী কর্মযজ্ঞের অন্যতম উদ্যোক্তা হলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সায়্যেদ রমজানুল আলম। ১১ মার্চ ছিল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ উপলক্ষে মেলা বসেছিল অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির মোহাম্মদ আবদুল্লাহ। সবার দৃষ্টি ছিল শিশুদের কারাতে অনুশীলনের ওপর। বিকেল পাঁচটায় সাদা পোশাকে হাজির হয় ৬০ শিশু। কারাতের কৌশল দেখিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করে তারা।জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. শফিকুর রহমান বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি শিশুদের আত্মরক্ষার কৌশল শেখানোর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ অন্যকোনো প্রতিষ্ঠানে চালু আছে কি-না জানা নেই। ইভ টিজিং বন্ধ ও শরীর-মন ভালো রাখতে সব বিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দুর্গম একটি পাহাড়ি এলাকায় এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’ ২০০৪ সালে ঢাকার বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন থেকে কালোবেল্ট পাওয়া প্রশিক্ষক মো. নুুরুল ইসলাম (৫০) বিদ্যালয়ের ছেলেমেয়েদের কারাতে-কুংফুর প্রশিক্ষণ দিচ্ছেন। নুরুল ইসলাম প্রশিক্ষণ নেন দক্ষিণ কোরিয়ার কারাতে প্রশিক্ষক লিজোসম থেকে। প্রতি বিকেলে একাধিক দলে ভাগ করে ছেলেমেয়েদের তিনি আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়্যেদ রমজানুল আলম বলেন, ‘ছয় বছর ধরে কারাতে প্রশিক্ষণের কার্যক্রম চলছে।’ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন আকতার জানান, ‘তিন বছর ধরে কারাতে প্রশিক্ষণ নিচ্ছি। এখন সমবয়সী তিন-চারজন ছেলের বিরুদ্ধে আত্মরক্ষা কোনো ব্যাপার না।’ ইয়াসমিনের আরেক সহপাঠী জানান, পাহাড়ি এলাকায় তাঁর বাড়ি। অনেক দূরের পথ হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। পথে বখাটে ছেলেরা উত্ত্যক্ত করে। নিরাপত্তার অভাব দূর করার জন্য এ প্রশিক্ষণ নিচ্ছে সে। পঞ্চম শ্রেণীর ছাত্রী রোকসানার সহজ সরল উক্তি, ‘কেউ মারতে আসলে তাকে কারাতে মেরে তক্তা বানিয়ে দেব।’ স্থানীয় ভারুয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য এবাদুল হক বলেন, ‘দীপশিখা পুরো গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত যেমন করছে, তেমনি ছেলেমেয়েদের আত্মরক্ষার কৌশল শিখিয়ে শক্ত মানুষ হিসেবে গড়ে তুলছে।’ কারাতে প্রশিক্ষক নুরুল ইসলাম জানান, ছয় বছর ধরে তিনি এ বিদ্যালয়ের ছেলেমেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। এ পর্যন্ত তিনি দুই শতাধিক ছেলেমেয়েকে আত্মরক্ষার কৌশল শিখিয়েছেন। বর্তমানে ৮০ জনের বেশি শিক্ষার্থীকে দৈনিক দেড়ঘণ্টা করে প্রশিক্ষণ দিচ্ছেন।