আত্মশুদ্ধির পথে চার তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এ দেশের মানুষ সত্যিকার অর্থে হূদয়বান। এত উচ্ছ্বাস ও ভালোবাসা পেয়েছি যে তা বলার মতো নয়। অনেকে বাড়িতে নিয়ে আপ্যায়নও করতে চেয়েছেন।’ বলছিলেন খুলনা বিএল কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র মো. নাজমুল হাসান। ৯ ফেব্রুয়ারি নাজমুল ও তাঁর তিন বন্ধু সাইকেলযোগে বেরিয়েছেন দেশভ্রমণে। গন্তব্য কক্সবাজার। ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম এসে পৌঁছান এ চারজন। সবাই রোভার স্কাউট দলের সদস্য। চট্টগ্রামে পৌঁছানোর পর কথা হলো তাঁদের সঙ্গে। নাজমুল জানালেন, চারজন চারটি স্লোগান নিয়ে খুলনা বিএল কলেজ থেকে যাত্রা করেছেন। স্লোগানগুলো হলো—‘সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিন’, ‘অবাধে বৃক্ষনিধন রোধ করি’, ‘প্রযুক্তিজ্ঞান অর্জনে সচেষ্ট হই’ ও ‘ইভ টিজিং প্রতিরোধ করি’। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিন তাঁরা পৌঁছেন কক্সবাজার। এ ভ্রমণ শেষ করার পর বাসযোগে তাঁরা ফিরবেন খুলনায়। দেশটা কেমন দেখতে—এ প্রশ্নের জবাবে চার তরুণই বললেন ‘ভীষণ সুন্দর।’ দর্শন তৃতীয় বর্ষের ছাত্র মঈন জানালেন, ‘সবচেয়ে সুন্দর এ দেশের মানুষ।’ সাইকেলভ্রমণে তেমন কোনো শারীরিক সমস্যা হয়নি বলে জানালেন তাঁরা। কেবল প্রথম দিন একটু শরীর ব্যথা করেছে, তবে এরপর আর ব্যথা অনুভূত হয়নি। ব্যবস্থাপনার ছাত্র হেলাল জানালেন, তাঁরা আত্মশুদ্ধির পথে সেবাব্রতী মন নিয়ে পথে বেরিয়েছেন। মানুষের জন্য নিজেদের আত্মোৎসর্গ করাই তাদের লক্ষ্য।পথে পথে বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তাঁদের। গোপালগঞ্জের একটি জায়গায় পুজো হচ্ছিল। সেখানকার মানুষ সাদরে অভ্যর্থনা জানায় তাঁদের। ধর্মীয় পরিচয় মুছে ফেলে এভাবে মানুষের সঙ্গে মিলবার অভিজ্ঞতা আগে হয়নি বলে জানালেন তাঁরা। ভালো লেগেছে সীতাকুণ্ডের ঝরনা আর পাহাড়। ঝরনার ঠান্ডা জলে স্নান করে নিজেকে পরিশুদ্ধ মানুষ মনে হয়েছে দর্শন বিভাগের ছাত্র জিয়ার কাছে। আসার পথে মনে রাখার মতো কোনো ঘটনা ঘটেছে কি না—এমন প্রশ্ন করলে দলনেতা নাজমুল জানান, ‘সেটা তৃতীয় দিনের কথা। আমরা তখন ফেনীর কাছাকাছি একটি জায়গায়। হঠাৎ রাস্তায় ছোটখাটো ভিড় দেখে থেমে পড়ি। দেখলাম, একটা শিশু আহত হয়ে পড়ে আছে রাস্তার পাশে। সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হয়েছে সে। আমরা তাৎক্ষণিক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। পরে নিজেদের টাকায় সিএনজি অটোরিকশা ভাড়া করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে। সেখানে গিয়ে শিশুটির অবস্থার খোঁজ নিয়ে জানলাম, জখম গুরুতর। তাই নিজেরা উদ্যোগ নিয়ে তাকে ফেনী সদর হাসপাতালে পাঠাই। ঠিক সময়ে হাসপাতালে পাঠাতে পেরেছি বলে ভালো লাগছে।’ চার তরুণের স্বপ্ন বিশ্বভ্রমণে বের হওয়ার। তাঁরা সেবা ও ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী।