আদভানি বনাম মোদি

অনেক আগে থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে ভারতের পরবর্তী সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। গত রোববার তিনি ‘সর্বসম্মতিক্রমে’ ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী দলটির ২০১৪ সালের নির্বাচনী প্রচারণার প্রধান নির্বাচিত হওয়ায় সে সম্ভাবনার উজ্জ্বলতা আরও বাড়ল। তবে তিক্ততার মেঘ তাতে কালো ছায়া ফেলেছে। এ তিক্ততা দলের ‘নামোনিয়া’য় ভোগা নেতাদের বিরোধিতার। নামোনিয়া হচ্ছে নরেন্দ্র মোদি ম্যানিয়া বা মোদিভীতির সংক্ষেপ। গুজরাট-দাঙ্গার কারণে মোদির গায়ে পড়া কলঙ্কের ছাপসহ বিভিন্ন কারণে দলের নেতাদের একাংশ মোদির প্রতি বিতৃষ্ণ। তাঁর প্রধানমন্ত্রী হওয়া তাদের কাছে দুঃস্বপ্নের কাছাকাছি। দলের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা লালকৃষ্ণ আদভানি এই গোষ্ঠীরই একজন। মোদির প্রতি আদভানির মনোভাব এতটাই বিরূপ যে তাঁকে নির্বাচনী প্রচারণাবিষয়ক চেয়ারম্যান পদে নির্বাচিত করার পর দিনই দলের সব পদ থেকে পদত্যাগ করেন তিনি। সভাপতি রাজনাথ সিংসহ দলের অন্য নেতাদের আপ্রাণ চেষ্টায় শেষ পর্যন্ত পদত্যাগপত্র প্রত্যাহার করেন। পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেছে বলেই মনে হচ্ছে। কিন্তু নির্বাচনের এত কাছে এসে দলের মধ্যে এত বড় বিভেদের কারণে বিজেপি শিবিরে উদ্বেগের শেষ নেই। অসুস্থতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদভানিসহ কয়েকজন মোদিবিরোধী গোয়ায় দলের জাতীয় নির্বাহী কমিটির সভায় যোগই দেননি। কিন্তু এত করেও তাঁরা মোদির উত্থান ঠেকাতে পারলেন না। জনপ্রিয়তার দৌড়ে মোদির কাছে আদভানির হার শুরু হয়েছে অবশ্য অনেক আগেই। জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভার আগে মোদিকে নিয়ে এই বিসংবাদ আর আদভানির হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত বিজেপির ওপর এক বিরাট ধাক্কা। কারণ, ৮৫ বছর বয়সী আদভানি বিজেপির প্রতিষ্ঠাতাদের একজন। দলকে তিল তিল করে গড়ে তোলার পেছনে তাঁর দীর্ঘ দিনের শ্রম রয়েছে। দলে তাঁর অনুগত কর্মী-সমর্থকের সংখ্যাও কম নয়। এ জন্য দলের অনেক শীর্ষ নেতাই আদভানির মান ভাঙাতে তৎপর হয়ে ওঠেন। বিজেপির পক্ষ থেকে ঘোষণা করা হয়, দলের সভাপতি রাজনাথ সিং তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি। আরেক প্রভাবশালী নেতা সুষমা স্বরাজ বলেন, আদভানিকে নিয়ে দলে কোনো সমস্যা নেই। দলে কোনো বিভেদ দেখা দেয়নি। বর্ষীয়ান নেতাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে। পরদিন মঙ্গলবার সত্যিই বিজেপির শিবিরে সুবাতাস ছড়িয়ে খবর আসে নেতাদের অনুরোধে পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন আদভানি।
আদভানির ক্ষোভ হয়তো অযৌক্তিক নয়। দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তিটা তিনি টানতে চাইছিলেন প্রধানমন্ত্রী পদে বসে। শিষ্য মোদির তাঁকে ডিঙিয়ে এগিয়ে যাওয়াটা তাঁর জন্য বাড়া ভাতে ছাই পড়ার মতো। এবার প্রার্থী হতে না পারলে আদভানির জন্য আর কখনো সে সুযোগ আসবে না। কারণ, এ ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আদভানি প্রধানমন্ত্রী পদে প্রার্থিতার বেলায় আদৌ ছাড় দেবেন কি না তা এখনই বলা যাচ্ছে না।

২০০২ সালের ১১ এপ্রিলের কথা আদভানির নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে বারবার। সেদিন তিনি তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে বাধ্য করেছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে মোদিকে বরখাস্ত করার সিদ্ধান্ত বাদ দিতে। দুজনে এক বিমানের যাত্রী। কাকতালীয়ভাবে সেদিনও উপলক্ষ বিজেপির নির্বাহী কমিটির বৈঠক এবং গন্তব্যও গোয়া। গুজরাটের দাঙ্গা (যা তখনো থেমে যায়নি) মোকাবিলায় ব্যর্থতার জন্য মহা খাপ্পা বাজপেয়ি সিদ্ধান্ত নিয়েছিলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে বলবেন মোদিকে। মোদির পদত্যাগ চাইতে আগের দিন রাতে তিনি একজন দূত পর্যন্ত পাঠিয়েছিলেন গুজরাটে। কিন্তু সেদিনের বিমানযাত্রায় আদভানি ও তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী বাজপেয়িকে চাপ দিয়ে কার্যত বাধ্য করেছিলেন সিদ্ধান্ত বদলাতে। আদভানিরা সেদিন কাজটা না করলে মোদির ভাগ্যের চাকা অন্য পথেই ঘুরতে পারত। গ্রহের ফেরে আজ সেই তিনিই আদভানির শেষ স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে উঠেছেন।তবে আদভানির জন্য সান্ত্বনার জায়গা একটা আছে। দলের শীর্ষ মহল থেকে বলা হয়েছে, মোদি নির্বাচনী প্রচারণাবিষয়ক প্রধান হয়েছেন বলেই যে প্রধানমন্ত্রী পদের প্রার্থিতা তাঁর হাতের মুঠোয় চলে গেছে, তা নয়। এ নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে। আছে এনডিএর জোটসঙ্গীদের মতামতের বিষয়। এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতেই নাকি দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছেন আদভানি।দলের ‘লৌহমানব’ আদভানির সমর্থকদের ভাষ্য, ৩৩ বছর ধরে দলের জন্য মনপ্রাণ ঢেলে কাজ করছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সরকার পরিচালনার খুঁটিনাটি তাঁর নখদর্পণে। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে চরম বিপর্যয়ের পর (বিজেপি পেয়েছিল মাত্র ২টি আসন) দায়িত্ব পেয়ে দলকে টেনে তুলেছিলেন তিনিই। ১৯৯৬ সালের নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসার পেছনেও আদভানির বিশাল অবদান ছিল। তাঁর অভিজ্ঞতা যেকোনো নির্বাচনে বিজেপির জন্য অমূল্য সম্পদ হতে পারে।অন্যদিকে মোদিকে নিয়ে রয়েছে তুমুল বিতর্ক। ২০০১ সালে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার পরের বছর হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার সূত্র ধরে যে দুর্নাম কুড়িয়েছিলেন, আজও তা পিছু ছাড়েনি। আবার নেতা হিসেবে এত দিনে মোদির একটা শক্ত ভিত্তিও তৈরি হয়েছে। টানা তিন মেয়াদ ধরে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। চতুর্থবারের পালাটিও তাঁর জন্য প্রস্তুত বলে মনে করেন অনেকে। কারণ, গুজরাটের চেহারা পাল্টে দিয়েছেন তিনি। ভারতজুড়ে মোদির ভক্তের সংখ্যা কম নয়। ক্ষমতাসীন কংগ্রেসের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে অনেকে রাহুল গান্ধীর নাম আওড়ে থাকেন। এই রাহুলকে আঙুল তুলে কটাক্ষ করার মতো সাহস এখন একমাত্র মোদিই দেখিয়ে থাকেন।
মোদির সমালোচকেরা বলেন, কেবল গুজরাটের সাফল্য দিয়ে সব বিচার করলে চলবে না। রাজ্য আর কেন্দ্র এক নয়। তা ছাড়া বিজেপির ভেতরেই অনেকে মনে করেন, মোদির মধ্যে একনায়কসুলভ আচরণ প্রবল। এ জন্য তিনি প্রধানমন্ত্রীর মতো বড় পদের যোগ্য নন।
অবস্থাদৃষ্টে যা মনে হচ্ছে, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা নিয়ে বিজেপি নেতাদের লড়াই শেষ হয়নি। আদভানি ও মোদির মধ্যে জোরালো প্রতিদ্বন্দ্বিতা হবে। সে ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে বিজেপির অন্য শীর্ষ নেতাদের যে অনেক কাঠখড় পোড়াতে হবে, এতে কোনো সন্দেহ নেই।