আদমশুমারিতে দলিত ও পশ্চাৎ পদ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার দাবি
‘রাজনৈতিক কারণে আদমশুমারি, ভোটার তালিকাসহ রাষ্ট্রীয় নানা উদ্যোগ থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বাদ দেওয়া হয়। দেশের এক কোটি দলিত মানুষ প্রভাবশালী মহলের রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ আর সামাজিক বঞ্চনার শিকার। আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়া আদমশুমারিতে দলিত সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে ওই সব সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ করা দরকার।’ আদমশুমারি পর্যবেক্ষণ উদ্যোগের সহযোগিতায় আইএসডিই ও শারির উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইএসডিইর নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। আলোচনায় অংশ নেন সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম নাসিরুল হক, সিএসডিএফের সহসভাপতি কাজী ইকবাল বাহার, সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা, উমেষ সাহা, শ্যাম বাবু দাস, জগদীশ দাস, জহিরুল ইসলাম, সাংবাদিক সবুর শুভ ও ইসমত মর্জিদা খান প্রমুখ। ধারণাপত্র উপস্থাপন করেন অজয় মিত্র। এতে বক্তারা বলেন, ২০০১ সালের আদমশুমারিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ আদিবাসী, দলিত ও অন্য সংখ্যালঘুদের সংখ্যা কম দেখানো হয়েছে। এবারও একই ঘটনা ঘটলে দলিত সম্প্রদায়ের বড় অংশ বাদ পড়ে যাবে।