আদরের লালু
বাংলা ১৩৬৭ সন। বৈশাখ মাসের দুই তারিখ। ঠাকুরগাঁর ঘোষপাড়ায় সে রাতে অষ্টপ্রহরের গান চলছিল। অসুস্থ অবস্থায় সারা রাত বসে বসে সেখানে গান শুনেছি। শেষ রাতে প্রচণ্ড কষ্ট শুরু হলো। সকাল সাতটা-আটটার দিকে আমার কোলজুড়ে এল ফুটফুটে এক শিশু। ওর মুখটা দেখে সব কষ্ট ধুয়েমুছে গেল মুহূর্তেই। আমার বড় ছেলে তুষার ভট্টাচার্য্য একদিন বলল,‘মা, ছোট ভাইয়ের নাম হবে শিশির।’ বাহ্, অদ্ভুত সুন্দর নাম, তুষারের ভাই শিশির! এমন নামে কার আপত্তি থাকতে পারে! তাই আমার তৃতীয় সন্তানের নাম রাখা হলো ‘শিশির ভট্টাচার্য্য’। আমি ওকে আদর করে ডাকি ‘লালু’। আস্তে আস্তে বড় হতে থাকল আমার লালু। ঠিক নামের মতোই স্বভাব ওর। এমন ধীরস্থির, শান্ত স্বভাবের ছেলে খুব কমই দেখেছি জীবনে। যেখানে বসিয়ে রাখতাম, সেখানেই চুপটি করে বসে থাকত ও। গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকত একদিকে। কী যে মায়া থাকত সেই তাকানোতে! আমার বাবা শ্যামলাল ভট্টাচার্য্যের কথা মনে পড়ত তখন। তিনি ছিলেন দিল্লির বড় আঁকিয়ে। লালুর অমন তাকিয়ে থাকা দেখে বলতাম, ‘কী দেখিস অমন করে? ঠিক যেন তোর দাদুভাই হয়ে গেছিস!’ লালু বলত, ‘পাতা দেখি, মা।’ কখনো বা বলত, ‘দেখো, মা, এই পোকাগুলো কী সুন্দর! কোথায় যায় ওরা?’ আমি হেসে কুটি কুটি হতাম ওর কাব্যিপনা দেখে। আমার বাবা তো আঁকিয়ে ছিলেনই, আঁকাআঁকিতে আমারও অল্পবিস্তর হাত ছিল। ভাবতাম লালুও তেমনটা হবে। মিথ্যে হয়নি সে ধারণা। খুব অল্প বয়স থেকেই দুর্দান্ত সব ছবি আঁকত ছেলেটা। একদিন একটা ছোট্ট কেঁচো মাটিতে পড়ে থাকতে দেখেছিল ও। সঙ্গে সঙ্গে হুবহু তা-ই এঁকে এনে দেখাল আমাকে। আমি তো যারপরনাই অবাক। মা বলে বলছি না, ওর আঁকাতে একটা জাদু আছে! নিখুঁত এবং সুন্দর। ওর এই প্রতিভা কিন্তু এমনি এমনি আসেনি। মা-বাবা কেউ এই প্রতিভার বীজ বপন করেন না। এটা খুব সত্যি কথা, আমার মনে হয়, প্রতিভা একটা দৈব ব্যাপার। পারিবারিক একটা ঐতিহ্য ছিল বটে, তবে আমার লালু আজকের শিশির ভট্টাচার্য্য হয়েছে ওর নিজের মেধায়, পরিশ্রমে। ঠাকুরগাঁর পিটিআই স্কুলে ভর্তি করে দিয়েছিলাম লালুকে। চমৎকার সব আঁকাআঁকি করে প্রথম থেকেই সবার নজর কেড়েছিল ও। তখন সবে পিটিআই স্কুল শুরু হয়েছে। স্কুল সাজানোর জন্য অনেক ছবি আঁকার প্রয়োজন। ডাক পড়ল লালুর। অদ্ভুত সুন্দর সব ছবি এঁকে দিল ও। শিক্ষকদের বাহবা, ছাত্রছাত্রীদের প্রশংসা শুনে শুনে তল্লাটের সবাই একনামে আমার ছেলেকে চিনতে শুরু করল। এরপর শিক্ষকেরা নিজেদের প্রয়োজনেও লালুকে দিয়ে আঁকাতে শুরু করলেন। পড়াশোনার চাপ সত্ত্বেও সবকিছু পরিষ্কার এঁকে দিত ও। ব্যাপারটা কেমন যেন ঠেকল আমার কাছে। লজ্জার মাথা খেয়ে একদিন শিক্ষদের বললাম, এই যে ছোট্ট এই ছেলেটিকে দিয়ে আপনাদের নিজেদের কাজগুলো করিয়ে নিচ্ছেন, উপকৃতও হচ্ছেন বৈকি, বিনিময়ের কথা বলছি না, অন্তত ছবি আঁকার কাগজ, কলম, পেন্সিল তো উপহার দিতে পারেন! এরপর আরেকবার রবীন্দ্র-নজরুলজয়ন্তী পালিত হবে। ডাক পড়ল লালুর। এঁকেও দিল ও। ধারণাও করা গেল না, ক্লাস এইট-নাইন পড়ুয়া এক বালক এমন নিখুঁত সুন্দর আঁকতে পারে! তো শিক্ষকেরা এলেন আমার কাছে; বললেন, ‘বৌদি, ছবি এঁকে দেওয়ার জন্য শিশিরকে আমরা কিছু টাকা দিতে চাই।’ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলাম আমি, টাকা দিয়ে আর যা-ই হোক শিল্প কেনা যায় না, শিল্পের মূল্যায়ন হয় না। এবং সেই বিশ্বাসটি এখনো ধরে রেখেছে লালু।অনেক ঝড়-ঝঞ্ঝা সামলে আর্ট কলেজে ভর্তি হয়েছিল লালু। আমার বড় ছেলের শত আপত্তি সত্ত্বেও শেষমেশ ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিল ও। পরীক্ষার দিন ঠাকুরগাঁ থেকে ঢাকায় পৌঁছুতে দেরি হয়ে গিয়েছিল ওর। হলে ঢুকে দেখে পরীক্ষা শুরু হয়ে গেছে। তার পরও পরীক্ষা দিয়েছে ও। যদ্দুর মনে পড়ে, বই, কলম আর একটা কিছু আঁকতে বলা হয়েছিল লালুকে। ঠিক ঠিক এঁকেছিল ও। এবং যথারীতি পরদিন বোর্ডে যে ফলাফল টাঙানো হয়েছিল, তাতে ‘শিশির ভট্টাচার্য্য’ নামটিই সাবার ওপরে ছিল। একটা কিছু আঁকলেই সবার আগে আমাকে এনে দেখাত ও। আমি যদি ভালো বলেছি তো লালুর মুখে হাসি। আর যদি একবার ‘কিন্তু’ বলেছি, তো কম্মো কাবার! একবার একটা ছবি এঁকে এনেছে ও। আমি দেখেটেখে বললাম, ‘ভালোই হয়েছে, কিন্তু...।’ ব্যস, এতটুকুতেই সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলেছে কাগজ। এখনো এমনটাই আছে ও। শিল্পের খাতিরে তা করতেই হয়, কিন্তু আমার মতামতের বেলায় ও বেজায় খুঁতখুঁতে। ওর পরিশ্রম, চেষ্টা, ধৈর্য—এসব কিছুই ওকে সবার কাছ থেকে আলাদা করেছে। ও যে কার্টুনগুলো আঁকে, তার মধ্যে যে চিন্তা, সৃজনশীলতা থাকে, তা প্রতিনিয়ত মুগ্ধ করে আমাকে।(অনুলিখিত)