চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই তিনি একটি আদর্শ ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান বাঁশখালীকে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে শেখ ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘২০০৩ সালে উপজেলা সদর জলদী ইউনিয়নকে বিলুপ্ত করে বাঁশখালী পৌরসভা গঠন করা হলেও এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি পৌর এলাকায়।’তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অচিরেই পৌরসভার অন্তর্ভুক্ত মধ্য সড়কের তিন কিলোমিটার রাস্তা কার্পেটিং করা হবে। এ ছাড়া এলাকার কালভার্ট, নালা, বিদ্যুৎ, সমস্যা সমাধানে তিনি খুব শিগগির কাজ করবেন। পৌর এলাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। বাইরের কোনো মানুষ এসে বাঁশখালীকে দেখে যাতে বলতে পারে এটি একটি পরিচ্ছন্ন পৌর এলাকা। অবশ্য এর জন্য পৌরবাসীর সচেতনতাও দরকার। মেয়র বলেন, ‘আমাদের বাঁশখালীতে অনেক পর্যটনকেন্দ্র আছে, সেজন্য বাইরের মানুষ এখানে আসবে। সেটাই স্বাভাবিক। সেজন্যই পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের দিকে আমাদের বেশি নজর দিতে হবে।’ পৌর এলাকার জলাবদ্ধতা দূর করা, এলাকার অবকাঠামো উন্নয়ন, পয়োনিষ্কাশনব্যবস্থার উন্নয়ন, স্থায়ী ডাস্টবিন তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান নব নির্বাচিত মেয়র। এ ছাড়া তিনি বাঁশখালী পৌরসভাকে একটি মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, শিগগির এলাকার সামগ্রিক উন্নয়ন এবং সন্ত্রাস দমনে তাঁর জীবন বাজি রেখে হলেও বাঁশখালী পৌরসভাকে সন্ত্রাসমুক্ত একটি পৌরসভা করে জনগণকে উপহার দেবেন।