আদর্শলিপি

ঘন মেঘ থাকায় আকাশে আলোর গন্ধ ছিল না, যদিও আজ পূর্ণিমা। জানালা খুলে বসে আছি বহুক্ষণ। মেঘগুলো কালচে উলের মোজা পরা হাত নেড়ে নেড়ে আমাকে ডাকছে। ইচ্ছা করছে ওদের সঙ্গে মিশে যাযাবর হয়ে যাই। অথচ মাথায় মশার চাকের মতো ঘুরছে, শিশুরা দল বেঁধে স্কুলে যায়। এখনো নিজেকে ইউনিফরম পরা পোষা পায়রা মনে হয়। আর পৃথিবীকে তার সামনে খুলে রাখা ৩৬৫ পৃষ্ঠার এক আদর্শলিপি। অথচ আমি শুনতে চাই ছুটির শব্দে চিত্কার করতে থাকবে আকাশ জোছনা মাঠ তাবৎ দুনিয়া।
এমন সময় লাল শাড়ি পরা একজন নারীকে অনুভব করি ঠিক পেছনে।
দরজা বন্ধ করে জানালা খুলে কি আর মেঘ হওয়া যায়।
আমি অবাক হয়ে জানতে চাই মানুষ কীভাবে মেঘ হতে পারে?
নারী আমার চুলে হাত ছুঁয়ে বলেন, হাউ আনলাকি।
আমি জানতে চাই, কে আপনি?
ফিরে তাকাতেই তাকে আর দেখলাম না। যেন একটা লাল গ্যাস বেলুন ফুস করে উড়ে গেল হাত ফসকে।
আমি তাকে খুঁজতে যেই দরজা খুলে বাইরে এলাম, ঝমঝমিয়ে বৃষ্টি নামল আমার গায়ে। আমি বৃষ্টিতে ভিজছি, মনে হচ্ছে আমি না, আমার ধমনিগুলো ভিজছে। আমি মেঘ না, ঘুড়ি না, মানুষ না, আমি এখন মেঘ মানুষ। যার ধমনিতে অসংখ্য বিজলির চিত্কার।
একসময় বৃষ্টি থেমে এলে আকাশ লালচে হয়ে উঠল পূর্ণিমার কামড়ে।
আমি মনে করতে পারলাম ওই লাল শাড়ি পরা নারীকে। কত দিন তিনি আমাকে কবিতা শুনিয়ে ঘুম পাড়াতেন।
শুয়ে থাকো বাঘা পূর্ণিমা/ রাত ভোর/ শুয়ে দেখো বরফের উল।
আমার দরজা, জানালা সব খোলা। চাইলেই আমি প্রকৃতি, চাইলেই আদর্শলিপি।